ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর ১৮৪টি দেশ ও অঞ্চলের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন। যার ফলে বৈশ্বিক বাণিজ্যে এক ধরনের স্থবিরতা নেমে আসে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ে চীন, যাকে মূল লক্ষ্য করেই ট্রাম্প প্রশাসন শুল্কের খড়্গ চালায়। তবে আশ্চর্যজনকভাবে কঠোর শুল্ক নীতির মধ্যেও চীনের সাম্প্রতিক রপ্তানি পরিস্থিতি অর্থনৈতিকভাবে নতুন বার্তা দিচ্ছে।
গতকাল শুক্রবার চীন সরকার জানায়, ২০২৫ সালের এপ্রিল মাসে তাদের রপ্তানি বেড়েছে ৮ দশমিক ১ শতাংশ। এমন সময়ে এই ঘোষণা এলো যখন ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শুল্ক নিয়ে নতুন করে আলোচনা শুরুর প্রস্তুতি চলছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের বিরুদ্ধে চীনও নিজেদের প্রস্তুতি জোরদার করছে।
এরই মধ্যে গতকাল প্রেসিডেন্ট ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, চীনের ওপর আরোপিত কিছু শুল্ক কমানোর পরিকল্পনা রয়েছে তাঁর। যদিও এই ঘোষণার আগপর্যন্ত চীনের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করা ছিল আর পাল্টা প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছিল।
চীনের সরকারি সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, দেশটির এপ্রিলে সামগ্রিক রপ্তানি বাড়লেও যুক্তরাষ্ট্রে রপ্তানি কমেছে ১৭ দশমিক ৬ শতাংশ। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানিয়েছে, এপ্রিলে যুক্তরাষ্ট্রে চীনের পণ্য রপ্তানির পরিমাণ ছিল ৩ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার যেখানে মার্চ মাসে এ পরিমাণ ছিল ৪ হাজার কোটি ডলার।
অন্যদিকে আন্তর্জাতিক তথ্য বিশ্লেষণী সংস্থা ব্লুমবার্গ জানিয়েছে, এপ্রিল মাসে চীনের সামগ্রিক রপ্তানি বৃদ্ধির হার ছিল ২ শতাংশ যদিও চীন সরকার এর প্রায় চারগুণ বেশি হার দাবি করছে।
এই পার্থক্যের মধ্যে দিয়ে বোঝা যায়, ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ নীতির প্রভাব চীনের ওপর একদিকে যেমন বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার চাপ সৃষ্টি করেছে অন্যদিকে চীন সেই চাপ মোকাবিলায় বিকল্প বাজার খোঁজা ও রপ্তানিতে বৈচিত্র্য আনতে শুরু করেছে। ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি কমলেও সামগ্রিকভাবে চীনের রপ্তানি প্রবৃদ্ধি টিকে আছে এবং তা দেশটির অর্থনীতিকে স্থিতিশীল রাখার সংকেত দিচ্ছে।

