Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে বাঁধা কোথায়?
    অর্থনীতি

    তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে বাঁধা কোথায়?

    ইভান মাহমুদমে 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে বাঁধা কোথায়?
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আজকের ডিজিটাল বাংলাদেশে তরুণদের সংখ্যা জনসংখ্যার একটি বিশাল অংশ বয়সভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী প্রায় ৪ কোটির বেশি মানুষ তরুণ হিসেবে চিহ্নিত অর্থাৎ যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। এই তরুণরাই আগামীর দেশ গঠনের চালিকাশক্তি। তবে প্রশ্ন হলো এত বিপুল সংখ্যক তরুণ কী করছে? অনেকে চাকরির পেছনে ছুটছে, কেউবা হতাশায় দিন কাটাচ্ছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে উদ্যোক্তা হওয়ার আগ্রহ যে তরুণদের মধ্যে বেড়েছে, তা অস্বীকার করার উপায় নেই। অনেকেই চায় নিজের কিছু একটা করতে, নিজের পায়ে দাঁড়াতে। কিন্তু বাস্তবে দেখা যায় উদ্যোক্তা হওয়ার স্বপ্নপূরণ সহজ নয়। অনেক প্রতিভাবান তরুণও মাঝপথে থেমে যায়। কিন্তু কেন?

    এই প্রশ্নের উত্তর খুঁজলে বোঝা যায় তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে রয়েছে একাধিক বাঁধা অর্থনৈতিক, সামাজিক, নীতিগত এবং মনস্তাত্ত্বিক।

    তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে যে বাঁধা গুলো এখনো বড় বাস্তবতা: বাংলাদেশে তরুণদের একটি বড় অংশ উদ্যোক্তা হতে চায়। নতুন কিছু করার স্বপ্ন, আত্মনির্ভরশীল হওয়ার ইচ্ছা, আর কর্মসংস্থান সৃষ্টির ভাবনা থেকে অনেক তরুণই ব্যবসার দিকে ঝুঁকছে। কিন্তু স্বপ্নের পথটা মোটেও সহজ নয়। উদ্যোক্তা হওয়ার যাত্রা শুরুতেই তারা নানা ধরণের বাঁধার মুখোমুখি হয় যার কিছু অর্থনৈতিক, কিছু সামাজিক, আবার কিছু প্রশাসনিক।

    অর্থনৈতিক সংকট ও প্রাথমিক পুঁজির অভাব: তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে সবচেয়ে বড় যে বাঁধাটি এখনো অটল, তা হলো প্রাথমিক পুঁজি সংগ্রহ। বেশিরভাগ তরুণই মধ্যবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে আসে। নিজের সঞ্চয় বা পারিবারিক সহায়তায় পুরো ব্যবসা দাঁড় করানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। ২০২৩ সালের সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD)-এর একটি জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ তরুণ উদ্যোক্তা অর্থসংকটকে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন।

    যদিও সরকার ও ব্যাংকগুলো স্টার্টআপ ঋণের কথা বলছে, কিন্তু বাস্তবে দেখা যায়—ঋণ পেতে গেলে একগাদা কাগজপত্র, জামানত এবং নানা ধরণের সুদের শর্ত মেনে চলতে হয়। তাছাড়া তরুণদের বেশিরভাগেরই পূর্ব অভিজ্ঞতা বা ব্যাংকিং নেটওয়ার্ক নেই, ফলে তারা ঋণের ‘যোগ্যতা’ই অর্জন করতে পারেন না।

    তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে বাঁধা কোথায়?

    অভিজ্ঞতা ও দক্ষতার ঘাটতি: উদ্যোক্তা হওয়ার জন্য শুধু ভালো একটা আইডিয়া থাকলেই হয় না—ব্যবসা পরিচালনা, হিসাবরক্ষণ, মার্কেটিং এবং কাস্টমার হ্যান্ডলিংয়ের মতো বহু বিষয়ে বাস্তব অভিজ্ঞতা দরকার। অনেক তরুণই এমন বাস্তব প্রশিক্ষণ না পাওয়ার কারণে মাঝপথে থেমে যান বা ক্ষতির মুখে পড়েন। প্রযুক্তিগত দিক থেকে দক্ষতা থাকলেও ব্যবসার প্রশাসনিক বা আইনি দিকগুলো সম্পর্কে তাদের ধারণা থাকে কম, যা অনেক সময় সমস্যায় ফেলতে পারে।

    বাজার বিশ্লেষণের দুর্বলতা: একটি সফল ব্যবসার পেছনে থাকে সঠিক বাজার বিশ্লেষণ। কাদের জন্য পণ্য বা সেবা তৈরি করা হচ্ছে, প্রতিযোগী কারা, কোথায় বিক্রি হবে এসব প্রশ্নের উত্তর জানা না থাকলে ব্যবসা টিকে থাকা কঠিন। অনেক তরুণই উৎসাহ নিয়ে ব্যবসা শুরু করেন কিন্তু যথাযথ মার্কেট রিসার্চ না থাকায় তা দ্রুত মুখ থুবড়ে পড়ে।

    ঝুঁকি নেওয়ার মানসিকতা ও নিরাপত্তার ভয়: বাংলাদেশে এখনো ব্যবসাকে একটি ‘ঝুঁকিপূর্ণ’ পেশা হিসেবে দেখা হয়। তরুণদের অনেকেই পারিবারিক নিরাপত্তা বা চাকরির নিশ্চয়তার তুলনায় ব্যবসাকে সাহসী সিদ্ধান্ত মনে করেন। ঝুঁকি নিতে ভয়, ব্যর্থতার ভীতি ও সামাজিক ব্যর্থতার ভয় অনেককে পিছিয়ে দেয়। বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য এই বাঁধা গুলো আরও বেশি প্রকট। পরিবার, সমাজ এবং কর্মপরিবেশ তিনটিই একসঙ্গে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

    নেটওয়ার্কিং ও পরামর্শের অভাব: একজন নতুন উদ্যোক্তার জন্য প্রয়োজন হয় অভিজ্ঞদের দিকনির্দেশনা, ব্যবসায়িক নেটওয়ার্ক এবং প্রযুক্তিগত সহায়তা। কিন্তু অধিকাংশ তরুণই জানেন না কোথায় গেলে তারা পরামর্শ পেতে পারেন, কিংবা কাকে জিজ্ঞেস করলে কাজের উত্তর মিলবে। ব্যবসা শেখার জন্য নির্ভরযোগ্য প্রশিক্ষণ বা মেন্টরশিপ প্ল্যাটফর্ম এখনো যথেষ্ট বিস্তৃত নয়।

    সামাজিক ও সাংস্কৃতিক বাঁধা: চাকরিকে এখনো আমাদের সমাজে ‘নিরাপদ জীবন’ হিসেবে দেখা হয়, আর ব্যবসাকে ‘ঝুঁকিপূর্ণ জুয়া’ বলা হয়। অনেক তরুণ যখন বলে সে উদ্যোক্তা হতে চায়, তখন পরিবার থেকেই প্রশ্ন আসে—“চাকরি করলেই তো ভালো ছিলো”! বিশেষ করে গ্রামাঞ্চলে বা ছোট শহরগুলোতে এখনো উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্তকে সাহসী বলে না দেখে ‘বেকার’ হবার নামান্তর হিসেবে দেখা হয়। এই মানসিকতা ভাঙা এখন সময়ের দাবি।

    নীতিগত জটিলতা ও সরকারি সহায়তার সীমাবদ্ধতা: সরকার তরুণ উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোক্তা উন্নয়ন প্রকল্প’, স্টার্টআপ পলিসি, ‘ই-কমার্স সাপোর্ট’ প্রভৃতি চালু করলেও বাস্তবে এসব উদ্যোগে অংশ নিতে গেলে রাজনৈতিক পরিচয়, প্রশাসনিক জটিলতা বা অদক্ষতাজনিত সমস্যা দেখা দেয়। অনলাইনভিত্তিক ব্যবসা করতে গিয়ে অনেকেই বিকাশ/নগদ বা কুরিয়ার সার্ভিসের অস্পষ্ট নিয়মনীতি, পেমেন্ট ফেরতের বিলম্ব, বা ক্রেতা প্রতারণার কারণে নিরুৎসাহিত হন। তাই দীর্ঘমেয়াদী এবং ব্যবহারবান্ধব নীতি এখন সময়ের দাবি।

    বাঁধা দূরীকরণে করণীয়-

    প্রথমত: সরকারি ব্যাংক ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানগুলো সহজ শর্তে স্টার্টআপ ঋণ দিতে পারে। ইনকিউবেটর ও অ্যাক্সিলারেটর প্রোগ্রামের মাধ্যমে বিনিয়োগ নিশ্চিত করা যায়। তরুণদের জন্য ‘ক্রাউডফান্ডিং’-এর মতো প্ল্যাটফর্মও জনপ্রিয় করা যেতে পারে।

    দ্বিতীয়ত: প্রশিক্ষণ কর্মসূচি ও মেন্টরশিপ প্ল্যাটফর্ম তৈরি করা জরুরি। বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়েই “এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কোর্স” চালু করা যেতে পারে। সফল উদ্যোক্তারা তরুণদের পাশে দাঁড়ালে পথ অনেকটাই সহজ হয়ে যায়।

    তৃতীয়ত: মার্কেট অ্যানালাইসিসের উপর কর্মশালা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি স্টার্টআপদের ডেটা অ্যানালাইসিস ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো টুলস ব্যবহারে দক্ষ করে তোলা দরকার।

    চতুর্থত: বাংলাদেশে এখনো অনেকেই মনে করে, “চাকরি মানেই নিরাপত্তা, আর ব্যবসা মানেই অনিশ্চয়তা”। তরুণ উদ্যোক্তারা পরিবার ও সমাজ থেকে ঝুঁকি নিতে উৎসাহ না পেয়ে পিছিয়ে পড়ে।তাই ব্যর্থতাকে শেখার একটি ধাপ হিসেবে দেখা উচিত। সফল উদ্যোক্তাদের ব্যর্থতা ও ঘুরে দাঁড়ানোর গল্প গণমাধ্যমে প্রচার করা যেতে পারে। পরিবারকেও সচেতন করতে হবে যে ব্যবসা এখন আর শুধুই ঝুঁকি নয় বরং একটি সম্ভাবনার দ্বার।

    পঞ্চমত: আজকের ব্যবসা অনেকাংশেই নির্ভর করছে প্রযুক্তি ও উদ্ভাবনের উপর। কিন্তু অনেক তরুণ এখনো এর ব্যবহার জানে না বা সাহস করে না। এই জন্য তরুণদের কোডিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্স, অ্যাপ ডেভেলপমেন্টসহ প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ দিতে হবে। সরকারি ও বেসরকারি পর্যায়ে টেক ক্যাম্প ও ইনোভেশন হাব গড়ে তোলা দরকার।

    একজন উদ্যোক্তার পেছনে দরকার একটি শক্তিশালী কমিউনিটি যেখানে থাকবে পরামর্শদাতা, বিনিয়োগকারী, সফল উদ্যোক্তা ও নীতিনির্ধারক। তাই ব্যবসা মেলা, উদ্যোক্তা ফোরাম, ইউনিভার্সিটি ইনোভেশন সেন্টার ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করতে হবে। একটি তরুণ উদ্যোক্তা সহায়ক ডিজিটাল কমিউনিটি গড়ে তোলা দরকার।

    বিশেষ উদ্যোগ প্রয়োজন-

    স্টার্টআপ ফ্রেন্ডলি নীতি: লাইসেন্স, ট্যাক্স, কোম্পানি রেজিস্ট্রেশন ইত্যাদি ক্ষেত্রে জটিলতা দূর করে সহজতর নীতিমালা তৈরি করতে হবে।
    ট্যাক্স ছাড় ও অনুদান: তরুণ উদ্যোক্তাদের জন্য কর সুবিধা, ভর্তুকি এবং অনুদানের সুযোগ রাখতে হবে।
    প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা: রিসার্চ ও ইনোভেশন ফান্ড গঠন করে তরুণদের নতুন আইডিয়াকে বাস্তবে রূপ দিতে হবে।
    প্রাথমিক পর্যায়ের সহায়তা: একটি ওয়ান-স্টপ সাপোর্ট সেন্টার তৈরি করা যেতে পারে যেখানে আইনি, আর্থিক ও কনসালটিং সেবা এক জায়গায় মিলবে।

    বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার তরুণ উচ্চশিক্ষা শেষ করছে। কিন্তু সবাই চাকরি পাবে না এটাই বাস্তবতা। তাই তাদের উদ্যোক্তা হতে উৎসাহ দেওয়া জরুরি।

    তরুণদের মাঝে সম্ভাবনা, উদ্ভাবনী চিন্তা ও পরিবর্তনের সাহস আছে। কিন্তু অর্থ, অভিজ্ঞতা, প্রযুক্তি, বাজার জ্ঞান ও সহায়তা ব্যবস্থার ঘাটতি তাদের সেই স্বপ্নের পথকে কঠিন করে তুলছে। এই বাঁধা গুলো দূর করতে হলে প্রয়োজন সরকারি সহায়তা, বেসরকারি উদ্যোগ, সঠিক প্রশিক্ষণ ও মেন্টরশিপ। পাশাপাশি পরিবার ও সমাজকে তরুণদের স্বপ্ন ও ঝুঁকি নেওয়ার মানসিকতা বুঝতে হবে। তরুণদের পাশে দাঁড়ালে তারাই একদিন নতুন কর্মসংস্থান তৈরি করবে, দেশের অর্থনীতিকে এগিয়ে নেবে, আর সমাজে গড়ে তুলবে একটি উদ্ভাবনী, আত্মনির্ভর প্রজন্ম।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.