সাভার চামড়া শিল্পনগরীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং ধলেশ্বরী নদী ও আশপাশের মাটি দূষণের অভিযোগের প্রেক্ষিতে এবার ‘সেইফ ল্যান্ডফিল’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। লক্ষ্য, কঠিন বর্জ্য থেকে নিঃসৃত দূষণকারী উপাদান যেন পরিবেশে মিশে না যেতে পারে এবং আন্তর্জাতিক মান অনুযায়ী বর্জ্য ব্যবস্থাপনার প্রক্রিয়া নিশ্চিত করা যায়।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ১০ কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। প্রকল্পটি ২০২৫ সালের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বরের মধ্যেই শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিসিক সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় নির্মিতব্য ল্যান্ডফিলটি এমনভাবে ডিজাইন করা হবে যাতে কঠিন বর্জ্য থেকে নির্গত তরল মাটি বা ভূগর্ভস্থ পানিতে মিশে যেতে না পারে। বরং এসব তরল পরিশোধনের জন্য সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি)-এ পাঠিয়ে তা নিরাপদভাবে ধলেশ্বরীতে নিঃসরণ করা হবে।
বর্তমানে চামড়া শিল্পনগরীর ট্যানারিগুলোর কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কোনো নির্ধারিত অবকাঠামো নেই। উন্মুক্ত স্থানে, বিশেষত ধলেশ্বরীর তীরে এসব বর্জ্য ফেলায় নদী ও মাটির দূষণ বেড়েছে। এসব কঠিন বর্জ্যে থাকা ক্রোমিয়াম ও অন্যান্য ক্ষতিকর উপাদান নদী ও ভূগর্ভস্থ পানিতে মিশে দীর্ঘমেয়াদে জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য হুমকি তৈরি করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই ‘ধলেশ্বরী রক্ষা: বিসিক শিল্পনগরী ট্যানারি বর্জ্য লিচিং পানি এবং মাটি দূষণ প্রতিরোধ’ শীর্ষক প্রকল্পটি গত অক্টোবরে গ্রহণ করে সরকার। এরপর জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ৬১তম সভায় এটি অনুমোদিত হয় এবং চলতি বছরের মার্চে প্রকল্প পরিচালক নিয়োগ দিয়ে কার্যক্রম শুরু করে বিসিক।
বিসিকের পরিকল্পনা ও গবেষণা বিভাগের মহাব্যবস্থাপক ড. মো. ফরহাদ আহমেদ জানান, এই প্রকল্পের আওতায় ধাপে ধাপে নির্মিত একটি ‘ল্যান্ডফিল পুকুর’ তৈরি করা হবে যাতে বর্জ্য থেকে নিঃসৃত তরল ভূগর্ভে যাওয়ার আগেই নিয়ন্ত্রিত হয়। তিনি বলেন, “এই ল্যান্ডফিল বাস্তবায়ন হলে একদিকে যেমন ধলেশ্বরীর দূষণ ঠেকানো সম্ভব হবে অন্যদিকে এলডব্লিউজি সনদ পাওয়ার পথও উন্মুক্ত হবে ট্যানারি মালিকদের জন্য।”
‘লেদার ওয়ার্কিং গ্রুপ’ (এলডব্লিউজি) হলো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা পরিবেশবান্ধব চামড়া উৎপাদনের মানদণ্ড নির্ধারণ করে থাকে। ট্যানারি পরিচালনায় বৈশ্বিক পরিবেশ, সামাজিক দায়িত্ব, ট্রেসিবিলিটি, কেমিক্যাল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ও নিরাপত্তা এই ১৭টি ক্যাটাগরিতে সর্বমোট ১,৭১০ নম্বরে মূল্যায়ন করে এলডব্লিউজি। এর মধ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনাতেই রয়েছে ১৫০ নম্বর।
বিসিক সূত্রে জানা গেছে, সাভারের বেশিরভাগ ট্যানারি এলডব্লিউজি সনদের অন্যান্য শর্ত পূরণ করলেও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত নম্বর অর্জন করতে পারছে না। ফলে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে এসব প্রতিষ্ঠান। অথচ এই সনদের গুরুত্ব অনেক, কারণ ৮৫ শতাংশ বা তার বেশি নম্বর পেলে একটি ট্যানারি ‘গোল্ড’, ৭৫ শতাংশে ‘সিলভার’, ৬৫ শতাংশে ‘ব্রোঞ্জ’ এবং ৫০ শতাংশ পেলে ‘অডিটেড’ ক্যাটাগরিতে স্থান পায়।
এ পর্যন্ত এপেক্স ফুটওয়্যার লিমিটেড গোল্ড, এবিসি লেদার অডিটেড এবং রিফ লেদার লিমিটেড ব্রোঞ্জ সনদ অর্জন করেছে। অথচ সাভার চামড়া শিল্পনগরীতে এলডব্লিউজি সনদ অর্জনে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার অভাব।
প্রসঙ্গত, ২০২১ সালের জুনে সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট (সিইটিপি) নির্মাণ সম্পন্ন হলেও তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। পরে ট্যানারির তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কোম্পানি গঠন করা হলেও কাঙ্ক্ষিত কার্যকারিতা আসেনি। পরিবেশ অধিদপ্তর এক পর্যায়ে পরিবেশ ছাড়পত্র ইস্যু বন্ধ রেখেছিল। পরে ট্যানারি মালিকদের দাবির মুখে ছাড়পত্র ইস্যু পুনরায় চালু হয়।
এই প্রেক্ষাপটে বিসিকের বর্তমান উদ্যোগ একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় সহায়ক হবে অন্যদিকে আন্তর্জাতিক মান অর্জনে চামড়া শিল্পকে আরও প্রতিযোগিতামূলক করতে ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

