ঈদুল আজহার এখনও এক মাস বাকি থাকলেও রাজধানীর বাজারে মসলাজাতীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে বাড়ছে চাল ও ব্রয়লার মুরগির দামও। বাজার পরিস্থিতি পর্যালোচনায় দেখা যাচ্ছে, ব্যবসায়ীরা কোনো ধরনের ঘাটতি ছাড়াই কোরবানির ঈদ সামনে রেখে নানা অজুহাতে একাধিক পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন যার চাপ পড়ছে সাধারণ ভোক্তার ওপর।
গত বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, মালিবাগসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, দেশি পেঁয়াজ প্রতি কেজি মানভেদে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৫ টাকায়। পাড়া-মহল্লার মুদি দোকানগুলোতে দাম আরো বেশি, সর্বোচ্চ ৭০ টাকা পর্যন্ত। অথচ এক সপ্তাহ আগেও দাম ছিল ৫০-৬০ টাকার মধ্যে। দেশি রসুন এক মাস আগেও পাওয়া যেত ৮০ টাকায়, এখন তা বেড়ে বিক্রি হচ্ছে সর্বনিম্ন ১১০ টাকায়। আমদানি করা রসুনের দাম আরও বেশি কেজিপ্রতি ১৮৫ থেকে ২৪০ টাকা।
আদা ও হলুদেও বাড়তি দাম গুনতে হচ্ছে। প্রতি কেজি আমদানি করা আদা ২০০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে, যা মাসের ব্যবধানে বেড়েছে ২০ টাকা। দেশি আদার দাম ১১০ থেকে ১৫০ টাকা। হলুদ মানভেদে বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪২০ টাকায়, যা আগের চেয়ে ২০ থেকে ৫০ টাকা বেশি। শুকনা মরিচের দামও ঊর্ধ্বমুখী। দেশি শুকনা মরিচ প্রতি কেজি ৩৩০ টাকায়, আর আমদানি করা শুকনা মরিচ ৩৩০ থেকে ৪৩০ টাকায় বিক্রি হচ্ছে, যেখানে এক মাস আগে দাম ছিল ৩০০ টাকার আশেপাশে।
এছাড়া জিরার দাম প্রতি কেজি ৬৫০ থেকে ৭৫০ টাকা। দারুচিনি প্রতি কেজি ৫৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৫৮০ টাকা। লবঙ্গের দামও বেড়ে এখন কেজিপ্রতি ১৪০০ থেকে ১৬০০ টাকা হয়েছে, যা আগের মাসে ছিল ১৩৫০ থেকে ১৫৫০ টাকা। এলাচের বাজারেও অস্বস্তি; ছোট দানার এলাচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৬০০ থেকে ৫৩০০ টাকায়, এক মাস আগেও যার দাম ছিল ৪৫০০ থেকে ৫১০০ টাকা।
এই পরিস্থিতিতে বাজারে পণ্য কিনতে আসা সাধারণ মানুষ চরম ক্ষোভ প্রকাশ করছেন। কাওরান বাজারে কথা হয় ক্রেতা মো. মোহাইমিনুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, “ঈদের এখনও এক মাস বাকি অথচ এখনই সব ধরনের মসলার দাম বাড়িয়ে দিয়েছে বিক্রেতারা। অথচ বাজারে এসব পণ্যের কোনো ঘাটতি নেই। প্রতি ঈদের আগে একই চিত্র দেখি। এক ধরনের নিয়মে পরিণত হয়েছে এটা।” বাজারে ভোক্তার হয়রানি বন্ধ করতে মোহাইমিনুল ইসলাম জরুরি ও কার্যকর বাজার তদারকির দাবি জানান।
এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন বলেন, “এই চিত্র প্রতি বছরের ঈদে দেখা যায়। অসাধু ব্যবসায়ীরা এই সময়টাকেই বেছে নেয় মুনাফা লুটে নিতে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এখনই কঠোর নজরদারি আর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা না নিলে সামনে পরিস্থিতি আরও খারাপ হবে।”
চাল ও আটা-ময়দার বাজারেও ঊর্ধ্বগতি দেখা গেছে। খুচরা বাজারে সরু চালের মধ্যে মিনিকেট বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৭ থেকে ৮৮ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ৮৫ টাকা। পাইজাম চাল বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। মোটা চালের মধ্যে স্বর্ণা জাতের দামও বেড়েছে—প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৫ টাকায়, মাসখানেক আগে যা ছিল ৫০-৫৫ টাকা। খোলা আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৫ টাকায়, প্যাকেটজাত আটা ৫৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায়, আর প্যাকেটজাত ময়দা ৭০ টাকায়।
মালিবাগ কাঁচাবাজারের খালেক রাইস এজেন্সির মালিক মো. দিদার হোসেন জানান, “এখন মিলে চালের দাম বেড়েছে। আমন মৌসুমের চাল শেষ হয়ে আসছে, আর বোরো চাল এখনো পুরোপুরি বাজারে আসেনি। তাই এই সময়ে দাম একটু বাড়তি থাকে। তবে নতুন চাল বাজারে এলেই আবার দাম কমে যাবে।”
মাংসের বাজারেও চাপ বাড়ছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়, যেখানে সাতদিন আগেও ছিল ১৭০-১৮০ টাকা। দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬৬০ টাকায়। গরুর মাংস প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায় এবং খাসির মাংস ১১০০ থেকে ১২৫০ টাকায়।
সব মিলিয়ে কোরবানির ঈদের আগেই মসলাসহ প্রয়োজনীয় নিত্যপণ্যের বাজার অস্থির হয়ে উঠেছে। বাজারে কোনো ঘাটতি না থাকলেও দাম বাড়িয়ে ক্রেতাদের পকেট কাটা হচ্ছে প্রতিনিয়ত। সংশ্লিষ্ট মহলের নজরদারি ও কার্যকর বাজার নিয়ন্ত্রণ না থাকলে ঈদের সময় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলেই আশঙ্কা করছেন সবাই।

