Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে ১০ শতাংশ
    অর্থনীতি

    পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে ১০ শতাংশ

    ইভান মাহমুদমে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে ১০ শতাংশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০২৪ সালে পাকিস্তান থেকে বাংলাদেশের পণ্য আমদানি আগের বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চলাচল চালু হওয়া এবং আমদানি সংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিল হওয়ার কারণে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে। আমদানি বাড়ায় শিপিং কোম্পানিগুলোও আগ্রহী হয়ে উঠেছে। এরই অংশ হিসেবে দুবাইভিত্তিক ‘ফিডার লাইনস ডিএমসিসি’ চট্টগ্রাম বন্দরে নিয়মিতভাবে চলাচলকারী তাদের জাহাজের সংখ্যা একটির জায়গায় দুইটিতে উন্নীত করেছে।

    পাকিস্তান থেকে পণ্য আমদানি বেড়েছে ১০ শতাংশ

    বাণিজ্যে সময় ও খরচ কমে যাওয়ার ফলে ব্যবসায়ীদের আগ্রহও দিন দিন বাড়ছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা আশাবাদী, চলতি ২০২৫ সালেই পাকিস্তান থেকে পণ্য আমদানি আরও বাড়বে।

    একসময় পাকিস্তান থেকে আসা প্রতিটি পণ্যের শতভাগ কায়িক পরীক্ষা করত কাস্টমস, যার ফলে বন্দরে পণ্য আটকে থাকত দীর্ঘ সময়। এই পরিস্থিতি বদলাতে শুরু করে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর রাজস্ব বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাধ্যতামূলক কায়িক পরীক্ষা তুলে নেয়। এরপর ১১ নভেম্বর থেকে করাচি থেকে চট্টগ্রামে সরাসরি জাহাজ চলাচল শুরু হয়।

    এর আগে পাকিস্তান থেকে পণ্য আনতে হলে জাহাজগুলোকে দুবাই, সিঙ্গাপুর, কলম্বো বা পোর্ট কেলাংয়ের মতো ট্রান্সশিপমেন্ট বন্দর ঘুরে আসতে হতো, যার ফলে সময় লাগত প্রায় এক মাস। এখন এই রুটে সময় কমে এসেছে এক-তৃতীয়াংশে মাত্র ১১ দিনেই করাচি থেকে চট্টগ্রামে পণ্য পৌঁছানো সম্ভব হচ্ছে।

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চট্টগ্রাম বন্দর, ঢাকা বিমানবন্দর, ঢাকা আইসিডি, মোংলা বন্দর ও পানগাঁও আইসিটির মাধ্যমে মোট ১৯ লাখ ১৪ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। ২০২৩ সালে এই পরিমাণ ছিল ১৭ লাখ ৩৯ হাজার মেট্রিক টন। চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসেই আমদানি হয়েছে ৩ লাখ ৭৭ হাজার মেট্রিক টন পণ্য।

    ব্যবসায়ীদের ভাষ্যমতে, পাকিস্তান থেকে আমদানি করা পণ্যের মধ্যে রয়েছে তৈরি পোশাক শিল্পের কাঁচামাল, সোডিয়াম কার্বনেট, ডলোমাইট, চুনাপাথর, ম্যাগনেশিয়াম কার্বোনেট, ভাঙা কাচ, গাড়ির যন্ত্রাংশ, সুতা-কাপড়, প্রস্তুত চামড়া, ক্লিংকার, ফল, শুঁটকি, মেয়েদের থ্রিপিস ও পেঁয়াজ। অপরদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি হয় কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পার অক্সাইড, চা ও তৈরি পোশাক।

    বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট রাকিবুল আলম চৌধুরী জানান, পাকিস্তান থেকে ডেনিম ফেব্রিকসহ তৈরি পোশাকের কাঁচামাল আমদানি করা হয়। আগে খালাসে নানা জটিলতা থাকলেও বর্তমানে সেই জটিলতা অনেকটাই দূর হয়েছে যার ফলে আমদানি বাড়ছে।

    টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, পাকিস্তানি থ্রিপিসের চাহিদা বাংলাদেশে ব্যাপক। আগে আমদানিতে নানা সমস্যা থাকলেও গত রমজান ঈদে পণ্য আনতে কোনো ঝামেলা হয়নি এতে আমদানির আগ্রহও বেড়েছে।

    তবে আমদানির আর্থিক দিক বিবেচনায় দেখা যায়, পণ্যের পরিমাণ বাড়লেও আমদানি মূল্য কমেছে। ২০২৪ সালে মোট আমদানির মূল্য ছিল ১,৩২৩ কোটি টাকা, যেখানে ২০২৩ সালে তা ছিল ২,০৬৬ কোটি টাকা অর্থাৎ ৭৪৩ কোটি টাকা কমে গেছে।

    এর আগে ২০২০ সালে পাকিস্তান থেকে ৩৩ লাখ ১৫ হাজার মেট্রিক টন পণ্য আমদানি হয়েছিল, যার মূল্য ছিল ১,৮৮৬ কোটি টাকা। কিন্তু ২০২২ সালে তা নেমে দাঁড়ায় মাত্র ৯ লাখ ৩৫ হাজার মেট্রিক টনে। আমদানি মূল্যের ভিত্তিতে ২০১৮ সালে পাকিস্তান থেকে পণ্য আমদানির পরিমাণ ছিল ৬,৭২৫ কোটি টাকা, যা ২০১৯ সালে বেড়ে দাঁড়ায় ৬,৯৮৯ কোটি টাকায়। এরপর ২০২০ সালে তা নেমে আসে ১,৮৮৬ কোটি টাকায়, ২০২১ সালে ১,৩৯২ কোটি, ২০২২ সালে ১,৩২৪ কোটি, ২০২৩ সালে কিছুটা বেড়ে ২,০৬৬ কোটি এবং ২০২৪ সালে আবার কমে দাঁড়ায় ১,৩২৩ কোটি টাকায়। ২০২৫ সালের প্রথম চার মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১,১৬৩ কোটি টাকায়।

    একসময় পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের ওপর বার্ষিক প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হতো। ২০১৯ সালে চট্টগ্রাম কাস্টমসসহ অন্যান্য শুল্ক স্টেশন থেকে ৪,০৯০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল। তবে ২০২০ সালের পর থেকে এই পরিমাণ ক্রমশ হ্রাস পেতে থাকে। এনবিআরের তথ্য বলছে, ২০২০ সালে রাজস্ব আদায় হয় ৫৩৪ কোটি টাকা, ২০২১ সালে ৪৩৭ কোটি, ২০২২ সালে ৩৯৫ কোটি, ২০২৩ সালে ৬৫৬ কোটি এবং ২০২৪ সালে আদায় হয় ৭১৬ কোটি টাকা। চলতি ২০২৫ সালের প্রথম চার মাসেই রাজস্ব আদায় হয়েছে ২৭৫ কোটি টাকা।

    শিপিং খাতে পরিবর্তনের কথাও উঠে এসেছে সংশ্লিষ্টদের বক্তব্যে। ফিডার লাইনস ডিএমসিসির বাংলাদেশে লোকাল এজেন্ট রিজেন্সি লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, শুরুতে একটি মাত্র জাহাজ চলত এখন দুটি জাহাজ পরিচালিত হচ্ছে। প্রতি ২০ দিন পরপর পাকিস্তান থেকে সরাসরি জাহাজ এসে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করছে। আগে ট্রান্সশিপমেন্ট বন্দরে ঘুরে আসতে সময় ও খরচ দুই-ই বেশি হতো এখন তা কমে এসেছে।

    বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম জুয়েল বলেন, সরাসরি জাহাজ চলাচলের ফলে সময় ও খরচ দুটোই উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এতে এলসি মূল্য ও সুদ কমছে, ফলে দ্রুত বিনিয়োগ ফেরত আসছে এবং আমদানিকারক ও ক্রেতা উভয়ের জন্যই এটি লাভজনক হয়ে উঠছে।

    সামগ্রিকভাবে বলা যায়, সরাসরি জাহাজ চলাচল এবং আমদানি বিধি শিথিলের ফলে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নতুন গতি পেয়েছে। ব্যবসায়িক সুবিধা ও দ্রুততা বৃদ্ধি পাওয়ায় এই প্রবণতা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.