রপ্তানিমুখী পোশাক ও টেক্সটাইল খাতের বিদ্যমান সংকট উত্তরণে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা বিনিয়োগের সুযোগ, জ্বালানি সরবরাহের নিশ্চয়তা এবং নানা কাঠামোগত সুবিধার প্রস্তাব দিয়েছে ‘দি ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি), বাংলাদেশ’। আগামী বাজেটকে সামনে রেখে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটি ১৪ দফা প্রস্তাব উত্থাপন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আইটিইটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাবে বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক খাত চরম চাপে পড়েছে। ২০২৩ ও ২০২৪ সালে শ্রমিক অসন্তোষ, বিদ্যুৎ ও গ্যাস সংকট, অনিয়মিত সরবরাহ এবং হঠাৎ করে গ্যাসের মূল্য ২৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার মতো সিদ্ধান্ত শিল্প খাতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। তার মতে, কেবল জ্বালানি ও গ্যাস সরবরাহ নিয়মিত করা গেলে বিদ্যমান কাঠামোর মধ্যেই ৫০ বিলিয়ন ডলার পর্যন্ত রপ্তানি করা সম্ভব।
তিনি বলেন, বিশ্ববাজারে উচ্চমানের ফ্যাশনেবল গার্মেন্টস পণ্য রপ্তানিতে ম্যান-মেইড ফাইবার ও ফেব্রিক উৎপাদনের বিশাল সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। তবে এ সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন বড় পরিসরের বিনিয়োগ ও নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ। তিনি উল্লেখ করেন, গার্মেন্টস খাতে মুনাফা কমে যাওয়া, জ্বালানি ব্যয় ও শ্রমিক মজুরি বৃদ্ধির পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির কারণে গত দুই বছরে প্রায় ৫০০ ছোট-বড় কারখানা বন্ধ হয়ে গেছে। এমন বাস্তবতায় বেকারত্ব কমাতে হলে প্রাইমারি ও তৈরি পোশাক খাতে পুনরায় বিনিয়োগের বিকল্প নেই।
আইটিইটি মনে করে, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন সরকার শিল্প খাতে যে নীতির আওতায় অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দিয়েছিল তা ছিল সময়োপযোগী ও সফল উদ্যোগ। তখন শিল্পে বড় আকারে বিনিয়োগ এসেছিল এবং পাচার রোধেও তা কার্যকর ছিল। সেই অভিজ্ঞতার আলোকে আসন্ন বাজেটে কালোটাকা শিল্পখাতে বিনিয়োগে সুযোগ দেওয়ার দাবি জানায় আইটিইটি।
সংগঠনটি মনে করে, টেক্সটাইল ও পোশাকশিল্পকে টিকিয়ে রাখতে হলে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে হবে। পাশাপাশি ব্যাংক সুদের হার ১০ শতাংশে নামিয়ে আনা, ব্যাংকিং চার্জ ও বন্দর চার্জ কমানো এবং শ্রমিক অসন্তোষ ও রাজনৈতিক অস্থিরতা রোধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তাদের মতে, শিল্প উৎপাদনে গতি ফিরিয়ে আনতে এসব পদক্ষেপ জরুরি।
সংবাদ সম্মেলনে ১৪ দফা প্রস্তাবনায় তারা আরও উল্লেখ করেন, নতুন শিল্প স্থাপনের ক্ষেত্রে গ্যাসের পূর্ব মূল্য ফিরিয়ে আনা উচিত। পোশাক রপ্তানির শুল্কহার কমানো, বস্ত্র খাতে বিদেশি কর্মী নিয়োগের যথাযথতা যাচাই, খুচরা যন্ত্রাংশ ও ডাইং কেমিক্যাল আমদানিতে শুল্ক হ্রাস, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনে ৫০ একর জমি বরাদ্দ, তুলা ডাম্পিংয়ের জন্য পৃথক ফ্রি জোন প্রতিষ্ঠা এবং শিল্পখাতে বাজেটে বিশেষ প্রণোদনার ব্যবস্থা থাকা দরকার।
তারা আরও বলেন, বন্ডেড ওয়্যারহাউজ নীতিমালায় পরিবর্তন আনা, শিল্প কারখানায় সোলার সিস্টেম স্থাপনে কর ছাড় দেওয়া, দেশের বিভিন্ন দূতাবাসের কমার্শিয়াল উইংয়ে ন্যূনতম একজন করে টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ এবং সরকারি উদ্যোগে ডাইস কেমিক্যাল ও মেশিন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে অন্যদিকে নতুন কর্মসংস্থান তৈরি হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইটিইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম শামসুদ্দিন খান, সদস্য ইঞ্জিনিয়ার সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার রৌশন জামিল টিপুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এই প্রস্তাবনাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্প নতুন করে ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

