Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাজার সিন্ডিকেট ভাঙতে ‘জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন’ গঠনের উদ্যোগ
    অর্থনীতি

    বাজার সিন্ডিকেট ভাঙতে ‘জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন’ গঠনের উদ্যোগ

    ইভান মাহমুদমে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বাজার সিন্ডিকেট ভাঙতে ‘জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন’ গঠনের উদ্যোগ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং বাজারে সিন্ডিকেট ভাঙতে নতুন একটি কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। প্রস্তাবিত এই সংস্থার নাম ‘জাতীয় বাজার স্থিতিশীলতা কমিশন’ (এনবিএসসি)। বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, কমিশনটি স্থায়ী করার প্রস্তাবও দেওয়া হয়েছে। মূল প্রস্তাবক হিসেবে রয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন যারা কমিশন গঠনের পাশাপাশি একটি বিস্তারিত রূপরেখাও মন্ত্রণালয়কে জমা দিয়েছে।

    বাণিজ্য মন্ত্রণালয় এই প্রস্তাবের ওপর গত ২৩ জানুয়ারি একটি বৈঠক করে। সে সময় বাণিজ্যসচিবের পদ শূন্য থাকায় অতিরিক্ত সচিব আবদুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় ফাউন্ডেশনের একটি প্রতিনিধিদল। বৈঠকের পর উদ্যোগটি কিছুদিন স্থগিত থাকলেও ফাউন্ডেশনের পক্ষ থেকে চাপ অব্যাহত ছিল। পরবর্তীতে মাহবুবুর রহমান বাণিজ্যসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৬ মার্চ মন্ত্রণালয় চারটি সংস্থাকে মতামত দেওয়ার জন্য চিঠি পাঠায়। সংস্থাগুলো হচ্ছে- বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, টিসিবি, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    চিঠির সঙ্গে রূপরেখার আলোচনার সারসংক্ষেপও পাঠানো হয়। এতে কমিশনের লক্ষ্য, উদ্দেশ্য, দায়িত্ব, ক্ষমতা এবং কার্যাবলির সঙ্গে এসব প্রতিষ্ঠানের নিজ নিজ কাজের কোনো দ্বৈততা রয়েছে কি না, তা যাচাই করে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়। প্রথম দফায় কোনো সংস্থা মতামত না দিলেও ১০ এপ্রিল মন্ত্রণালয় আবারও তাদের চিঠি দিয়ে মতামত স্মরণ করিয়ে দেয়।

    জানা গেছে, কমিশন গঠনে প্রাথমিকভাবে ১০০ থেকে ১৫০ কোটি টাকা ব্যয় হতে পারে। তবে কমিশনের কর্মকাণ্ড বাড়লে বাজেটও বাড়তে পারে। প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, এ কমিশন বাজার স্থিতিশীল রাখতে জাতিসংঘ, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তা ও অনুদান গ্রহণ করতে পারবে।

    তবে বিটিটিসির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নতুন সংস্থা গঠনের চেয়ে বিদ্যমান সংস্থাগুলোকেই আরও কার্যকর ও শক্তিশালী করা বেশি যৌক্তিক হতে পারে। টিসিবির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

    বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, “আমরা কমিশন গঠনের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামত চেয়েছি। মতামত পাওয়ার পর তাদের নিয়ে একটি বৈঠক হবে এবং পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”

    ‘জাতীয় উদ্যোগ’ হিসেবে কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। তাদের মতে, দেশের বাজার ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরেই অসংগতিপূর্ণ, অবৈধ সিন্ডিকেট এবং মূল্য কারচুপি চলে আসছে যা ভোক্তা সুরক্ষা এবং জনস্বার্থের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম এবং বাজারে অস্থিরতার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে।

    ফাউন্ডেশনের রূপরেখায় উল্লেখ করা হয়েছে, চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, লবণ, মুরগি, গরুর মাংস, ডিম, মাছ, আলু, পেঁয়াজ, সবজি ও সারসহ বিভিন্ন পণ্যে সিন্ডিকেট রয়েছে। এই প্রেক্ষাপটে বাজার ব্যবস্থাপনা প্রাতিষ্ঠানিক ও সুশৃঙ্খল করতে কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়। কমিশনটি বাজারে পণ্যের মূল্য, সরবরাহ ও চাহিদার ভারসাম্য তদারকি করবে। পাশাপাশি সিন্ডিকেট, অবৈধ মজুতদারি ও অসাধু ব্যবসা রোধ করাও এর দায়িত্বে থাকবে।

    প্রস্তাবিত কমিশনের কাঠামোয় একজন চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও একাধিক সদস্য থাকার কথা বলা হয়েছে। এর সঙ্গে থাকবে পরামর্শক প্যানেল, বাজার বিশ্লেষক দল, আইনবিষয়ক কমিটি ও একটি ভোক্তা সুরক্ষা বিভাগ। পরামর্শক কমিটিতে বিভিন্ন মন্ত্রণালয়, আইনবিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, কৃষিবিদ, ব্যবসায়ী নেতা ও ভোক্তা অধিকার অধিদপ্তরের প্রতিনিধিরা থাকবেন।

    কমিশন গঠনের পক্ষে যুক্তি তুলে ধরে রূপরেখায় বলা হয়েছে, প্রতিযোগিতা কমিশন বাজার স্থিতিশীলতার জন্য উপযুক্ত নয়। নতুন কমিশনের জন্য প্রয়োজন বিশেষায়িত লক্ষ্য, দ্রুত হস্তক্ষেপের ক্ষমতা, দক্ষতা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, যা বর্তমান কাঠামোতে নেই। কমিশন গঠন হলে যারা ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে তাদের পুরস্কৃত করা হবে এবং যারা সিন্ডিকেটে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।

    ২৩ জানুয়ারির বৈঠকে অতিরিক্ত সচিব আবদুর রহিম খান আলোচনার উদ্যোগ নেওয়ায় ছাত্র প্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং রূপরেখা পর্যালোচনার আশ্বাস দেন। বৈঠকে ফাউন্ডেশনের ভেরিফিকেশন কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, ব্রাজিল থেকে চিনি কেনা হয় ৪৫ টাকায় যার সঙ্গে ৩০ টাকা শুল্ক যোগ হয়ে দাম হয় ৭৫ টাকা। অথচ দেশে বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। প্রতিবেশী ভারতে চিনি বিক্রি হয় ৫৩ রুপিতে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ টাকা। তাঁর মতে, প্রতিযোগিতা কমিশনের এখানে কার্যকর ভূমিকা থাকা উচিত।

    ছাত্র প্রতিনিধি নিশাত আহমেদ বলেন, নওগাঁ জেলা প্রশাসনের পরিচালিত অভিযানে তিনি দেখেছেন হিলি বন্দর দিয়ে আসা এক কেজি পেঁয়াজ নওগাঁয় বিক্রি হয় ৯০ টাকায়, অথচ ঢাকায় তা বিক্রি হচ্ছে ১২০ ও জয়পুরহাটে ১১৫ টাকায়। এই ব্যবধানের কোনো যৌক্তিকতা নেই।

    তবে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলাম বলেন, ট্যারিফ কমিশনের হিসাব অনুযায়ী, ব্রাজিল থেকে প্রতি কেজি চিনি আমদানিতে খরচ পড়ে ১১২ টাকা। টিসিবির তথ্য অনুসারে বাজারদর ১২৫ থেকে ১৩০ টাকার মধ্যে।

    অন্য এক ছাত্র প্রতিনিধি আফজালুর রহমান সায়েম বলেন, সিন্ডিকেট ভাঙতে প্রতিযোগিতা কমিশনের সক্রিয় পদক্ষেপ জরুরি। প্রতিযোগিতা কমিশনের সদস্য আফরোজা বিলকিস জানান, নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে কমিশনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

    প্রথম আলো আফরোজা বিলকিসের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, একটি বৈঠক হয়েছিল ঠিকই তবে এর অগ্রগতি সম্পর্কে তিনি আপডেট জানেন না।

    উল্লেখ্য, ছাত্র ও জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে ২০২৩ সালের সেপ্টেম্বরে গঠিত হয় ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। এই সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে সম্প্রতি সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বর্তমানে ফাউন্ডেশনের পর্ষদে রয়েছেন।

    প্রথম আলো গতকাল মীর মাহবুবুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, কমিশন সংক্রান্ত বিষয় তাঁর জানা নেই। তবে ফাউন্ডেশনের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে যারা অংশ নিয়েছেন তাদের তিনি চিনেন এবং খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন বলে জানান।

    এই নতুন কমিশন গঠনের উদ্যোগ বাস্তবায়ন হলে বাজার ব্যবস্থাপনায় একটি প্রাতিষ্ঠানিক নজরদারি কাঠামো তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিদ্যমান সংস্থাগুলোর দক্ষতা বাড়ানো না গেলে এই উদ্যোগও দীর্ঘমেয়াদে কার্যকর হবে কি না সে প্রশ্ন থাকছেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    মতামত নভেম্বর 29, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.