Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নিয়ন্ত্রণহীন শেয়ারবাজারে আস্থার সংকট
    অর্থনীতি

    নিয়ন্ত্রণহীন শেয়ারবাজারে আস্থার সংকট

    ইভান মাহমুদমে 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    নিয়ন্ত্রণহীন শেয়ারবাজারে আস্থার সংকট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের শেয়ারবাজার দীর্ঘদিন ধরে সংকটে রয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি বরং সংকট আরও গভীর হয়েছে। বাজারে ক্রমাগত দরপতন এবং লেনদেনের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থার বড় ধরনের সংকট স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে ব্যাংক খাতে কিছু সংস্কার উদ্যোগ সফল হলেও শেয়ারবাজার ঠিক তার উল্টো চিত্র উপস্থাপন করছে।

    গত ৯ মাসে অন্তত ৩০ হাজার বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে তাঁদের বিও হিসাব বন্ধ করে দিয়েছেন। নিষ্ক্রিয় হয়ে পড়েছেন আরও ৫৭ হাজার বিনিয়োগকারী। এই সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক এক হাজার পয়েন্টের বেশি কমে গেছে। এ অবস্থায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন বাজারসংশ্লিষ্টরা।

    এই সংকট মোকাবিলায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শেয়ারবাজার পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি বৈঠক আহ্বান করেছেন। আজ রোববার তার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক হওয়ার কথা। সূত্র জানায়, বৈঠকে আগামী বাজেটে শেয়ারবাজারে প্রণোদনার বিষয়ে আলোচনা হতে পারে। এতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক এবং বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ উপস্থিত থাকতে পারেন।

    তথ্য অনুযায়ী, গত ৯ মাসে ১৭৯টি কার্যদিবসের মধ্যে ১০৫ দিনই দরপতন ঘটেছে। এ সময় ডিএসইতে তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে ৩৩৬টির দর কমেছে। ৩৭টি মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৭টির দর হ্রাস পেয়েছে। গড় দরপতনের হার ২৬ শতাংশ। ১১ আগস্টের পর থেকে ২৬১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে সর্বনিম্ন ২০ শতাংশ থেকে সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স এই সময়ে ১ হাজার ১১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৯০২ পয়েন্টে, যা ১৮ দশমিক ৫২ শতাংশ পতন। বিশ্ববাজারের তুলনায় এত বড় দরপতন অন্য কোথাও হয়নি।

    ছাত্র-জনতার আন্দোলনে গত সরকারের পতনের পর ৬ থেকে ১১ আগস্টের মধ্যে মাত্র চার কর্মদিবসে ডিএসইর সূচক বেড়েছিল ৭৮৬ পয়েন্ট যা ১৫ শতাংশ প্রবৃদ্ধি। এতে বাজারে এক ধরনের আশার সঞ্চার হয়। বিএসইসির নতুন চেয়ারম্যান রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর ৫০ লাখ নতুন বিনিয়োগকারী আনার প্রতিশ্রুতি দেন।

    তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ছিল। আমদানি ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছিল সরকারকে। ডলার ঘাটতিতে জ্বালানি তেল ও গ্যাস আমদানিতে সমস্যা হচ্ছিল এবং রপ্তানি খাতেও প্রভাব পড়ছিল। সেই তুলনায় এখন রেমিট্যান্স বেড়েছে, মূল্যস্ফীতি কমেছে এবং ব্যাংক খাতে সুশাসনের কিছু উন্নতি হয়েছে। কিন্তু শেয়ারবাজারে এই ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া লাগেনি।

    বাজার সংশ্লিষ্ট অনেকে মনে করেন, শেয়ারবাজারে দরপতনের কারণ যাই হোক, নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। ডিএসইর ব্রোকারদের সংগঠন ডিবিএর সভাপতি সাইফুল ইসলাম বলেন, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বাজার মধ্যস্থতাকারীদের দূরত্ব তৈরি হয়েছে, যা একান্তই অনাকাঙ্ক্ষিত। মতভেদ থাকলেও আলোচনা না হওয়া বড় দুর্ভাগ্য। তিনি বলেন, দেশের শেয়ারবাজার এখন কার্যত ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আছে। বাংলাদেশ ব্যাংক যেমন ব্যাংক খাতের দুরবস্থা নিরসনে সক্রিয় হয়েছে বিএসইসির ক্ষেত্রে তেমন পদক্ষেপ দেখা যাচ্ছে না।

    কয়েকটি ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক এবং সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল বিএসইসি এমন এক বাজার গড়ে তুলবে যেখানে অতীতের মতো অনিয়ম ও দুর্নীতি আর পুনরাবৃত্তি হবে না। ২০১০ সালের ধসসহ অতীতের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের মাত্র দুই সপ্তাহের মাথায় রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন ১২টি অনিয়ম নিয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। তিনি ঘোষণা দেন, তদন্ত শেষে প্রতিবেদন প্রকাশ করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে আরও তদন্ত কমিটিও গঠন করা হবে।

    কিন্তু আট মাস পেরিয়ে গেলেও কোনো প্রতিবেদন প্রকাশ হয়নি। ১২টি বিষয়ে ১০টি তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হলেও শুধু কারণ দর্শানো ও শুনানির ডাক ছাড়া কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

    শেয়ারবাজারে কাঠামোগত সংস্কার নিশ্চিত করতে কমিশন একটি পাঁচ সদস্যের টাস্কফোর্স গঠন করে, যারা ১৭টি বিষয়ে সুপারিশ দেওয়ার কথা ছিল। সাত মাসে তারা মিউচুয়াল ফান্ড, মার্জিন এবং আইপিওর কয়েকটি বিষয়ে খণ্ডিত সুপারিশ দিয়েছে। টাস্কফোর্সের একজন সদস্য জানিয়েছেন, সদস্যরা সবাই পূর্ণকালীন বড় পদে থাকায় সময় ও দক্ষতার ঘাটতি রয়েছে। সদস্য ড. আল-আমীন বলেন, বাজারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে মৌলিক সংস্কার প্রয়োজন যা বাস্তবায়নে বাধা আসতে পারে জেনেও তাঁরা চেষ্টা চালাচ্ছেন।

    এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের তিনটি শীর্ষ পদ- ব্যবস্থাপনা পরিচালক, প্রধান পরিচালন কর্মকর্তা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। কিন্তু বিএসইসি এ বিষয়ে কোনো চাপ দেয়নি। বরং চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর আলোচনাহীনভাবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়ায় ডিএসইর ব্রোকারদের সঙ্গে কমিশনের সম্পর্কের অবনতি ঘটে।

    চরমভাবে আলোচিত একটি ঘটনা হলো- গত ৫ মার্চ বিএসইসির নির্বাহী বিভাগের কর্মকর্তারা চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে পদত্যাগ দাবি করেন। তাঁদের অভিযোগ ছিল, চেয়ারম্যান ও কমিশনাররা অবমাননাকর আচরণ করছেন এবং আইনবহির্ভূত কাজের জন্য চাপ দিচ্ছেন। এর জেরে ২১ জন কর্মকর্তার মধ্যে ১৬ জনের বিরুদ্ধে মামলা এবং ২১ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।

    এই ঘটনায় বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর দপ্তর থেকে জানানো হয়, তিনি দেশের বাইরে একটি অনুষ্ঠানে রয়েছেন এবং আজকের প্রধান উপদেষ্টার বৈঠকে যোগ দেবেন।

    সম্প্রতি শেয়ারবাজার বিষয়ক বিশেষ দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। তাঁকে সহায়তা করতে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে তাঁর সুপারিশে আগামী বাজেটে বিনিয়োগকারীদের লভ্যাংশ ও মূলধনি মুনাফার ওপর কর ছাড় এবং ভালো সরকারি কোম্পানিগুলোকে বাজারে আনার প্রস্তাব উঠেছে। পাশাপাশি ভালো কোম্পানির জন্য কর ছাড় দেওয়ার কথাও ভাবছে সরকার।

    তবে এমন ঘোষণার পরও বাজারে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। বিনিয়োগকারীদের একাংশ বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে রাজধানীর মতিঝিলে বিক্ষোভ এবং সংবাদ সম্মেলন করেছেন।

    বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, বাজারে আস্থা ফিরিয়ে আনতে বিনিয়োগকারীদের যেসব বিষয়ে অস্বস্তি আছে তা দূর করা জরুরি। ভয়ভীতি এবং দূরত্ব তৈরি করে এ বাজার টেকসইভাবে পরিচালনা সম্ভব নয়। তিনি বলেন, এক দিনে ২১ জন কর্মকর্তাকে বরখাস্তের মতো ঘটনা নিজের চাকরি জীবনে কখনো দেখেননি। নিয়ন্ত্রক সংস্থার অভ্যন্তরেই যদি বিশৃঙ্খলা ও অনাস্থার পরিবেশ বিরাজ করে তবে কেউ আর এই বাজারে বিনিয়োগে আগ্রহী হবে না।

    ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, শেয়ারবাজারের শৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে। অতীতের মতো কিছু বাজেট সহায়তার ঘোষণা দিয়ে বর্তমান সংকট পাশ কাটানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    হাতির লেজে আগুন, মানুষের বিবেকে কি একটুও আগুন জ্বলেনি?

    মতামত নভেম্বর 29, 2026

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.