চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় দেশে এসেছে। জুলাই থেকে এপ্রিল পর্যন্ত সময়ে প্রবাসীরা মোট ২ হাজার ৪৫৪ কোটি মার্কিন ডলার পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৪ শতাংশ বেশি। এই প্রবৃদ্ধির পেছনে মূল অবদান সৌদি আরব প্রবাসীদের। যদিও এর আগে রেমিট্যান্স আহরণে কখনও সংযুক্ত আরব আমিরাত, কখনও যুক্তরাষ্ট্র, আবার কখনও যুক্তরাজ্য শীর্ষে ছিল। তবে সর্বশেষ এপ্রিল মাসে সৌদি আরব আবারও শীর্ষ অবস্থানে ফিরে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যমতে, এপ্রিল মাসে মোট ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে যার মধ্যে সৌদি আরব থেকে এসেছে ৪৯ কোটি ১৪ লাখ ডলার— যা মাসিক মোট রেমিট্যান্সের ১৭ দশমিক ৮৬ শতাংশ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, যেখান থেকে এসেছে ৩৭ কোটি ২১ লাখ ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখান থেকে এসেছে ৩৩ কোটি ডলার বা ১২ দশমিক শূন্য ২ শতাংশ। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য (২৯ কোটি ৪১ লাখ ডলার) ও মালয়েশিয়া (২১ কোটি ৯ লাখ ডলার)। এ ছাড়া শীর্ষ ১০ রেমিট্যান্স পাঠানো দেশের তালিকায় আছে কুয়েত, ইতালি, ওমান, সিঙ্গাপুর ও কাতার।
দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৪ সালের মার্চ মাসে যার পরিমাণ ছিল ৩৩০ কোটি ডলার। ওই মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে যুক্তরাষ্ট্র থেকে, মোট ৫৪ কোটি ৬১ লাখ ডলার। দ্বিতীয় অবস্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত (৫০ কোটি ৮৩ লাখ ডলার) এবং তৃতীয় অবস্থানে সৌদি আরব (৪৪ কোটি ৮৪ লাখ ডলার)। এরপর যথাক্রমে যুক্তরাজ্য ও মালয়েশিয়া ছিল চতুর্থ ও পঞ্চম স্থানে। আগের অর্থবছরেও রেমিট্যান্সের শীর্ষে ছিল সংযুক্ত আরব আমিরাত, দ্বিতীয় যুক্তরাষ্ট্র, তৃতীয় যুক্তরাজ্য, চতুর্থ সৌদি আরব এবং পঞ্চম মালয়েশিয়া।
রেমিট্যান্স সংগ্রহের পদ্ধতি সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, প্রবাসীরা যে অর্থ পাঠান, তা মূলত দুটি আনুষ্ঠানিক চ্যানেল- ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউস— এর মাধ্যমে দেশে আসে। এক্সচেঞ্জ হাউস থেকে রেমিট্যান্স সংগ্রহ করে ব্যাংকগুলো ওই অর্থ সুবিধাভোগীদের পরিশোধ করে থাকে। দেশের মোট রেমিট্যান্সের বড় অংশ আসে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে। এসব হাউসের মধ্যে যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত কোম্পানির সংখ্যাই বেশি। ফলে অনেক সময় দেখা যায়, প্রবাসী যে দেশ থেকেই অর্থ পাঠান না কেন তা ক্লিয়ারিং হয় ওই নিবন্ধিত দেশ থেকেই।
তবে সমস্যা তৈরি হয় তখন, যখন এই রেমিট্যান্স হিসাব করতে গিয়ে ব্যাংকগুলো পুরো অর্থ ওই ক্লিয়ারিং দেশের নামে দেখায়। যেমন, কোনো ব্যাংক যুক্তরাষ্ট্রে নিবন্ধিত এক্সচেঞ্জ হাউস থেকে ১০ লাখ ডলার কিনেছে যেখানে আসলে পাঁচটি দেশের প্রবাসী আয় অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ব্যাংকটি পুরো টাকাটা যুক্তরাষ্ট্রের আয় হিসেবেই কেন্দ্রীয় ব্যাংকে রিপোর্ট করেছে। এতে করে প্রকৃত উৎসের চিত্র প্রতিফলিত হয়নি। এই ভুল রিপোর্টিংয়ের কারণে বিগত প্রায় তিন বছর ধরে শীর্ষ রেমিট্যান্স প্রদানকারী দেশ হিসেবে প্রকৃত অবস্থান পরিবর্তিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এই অনিয়মের কারণে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে। ফলে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে, এখন থেকে রেমিট্যান্স কোন দেশ থেকে এসেছে তা সুনির্দিষ্টভাবে আলাদাভাবে উল্লেখ করতে হবে। ব্যাংকগুলো সঠিকভাবে রিপোর্ট করলে আর ভুল তথ্যের ভিত্তিতে দেশের রেমিট্যান্স পরিস্থিতি উপস্থাপিত হবে না।
প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই পর্যন্ত প্রতিটি মাসেই সৌদি আরব শীর্ষ রেমিট্যান্স আহরণকারী দেশ ছিল। কিন্তু ওই বছরের জুলাই মাসে হঠাৎ করে যুক্তরাষ্ট্রকে শীর্ষে এবং সৌদি আরবকে দ্বিতীয় অবস্থানে দেখানো হয়। তৃতীয় স্থানে ছিল সংযুক্ত আরব আমিরাত। যদিও পুরো অর্থবছর শেষে সৌদি আরব পুনরায় শীর্ষ স্থানে উঠে আসে যুক্তরাষ্ট্র ছিল দ্বিতীয় এবং সংযুক্ত আরব আমিরাত তৃতীয় অবস্থানে।
সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে রেমিট্যান্স খাতে স্বচ্ছতা ও পরিকল্পনায় বাস্তবতা ফিরিয়ে আনার এই উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই ধরনের শুদ্ধি প্রক্রিয়া প্রবাসী আয়ের প্রবাহ, উৎস ও ব্যবস্থাপনা বুঝতে নীতিনির্ধারকদের আরও সহায়তা করবে।

