দেশের ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যাংক পরিচালকদের বেনামি এবং স্বার্থসংশ্লিষ্ট ঋণ কার্যক্রম নিয়ন্ত্রণে কঠোর নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে এখন থেকে কোনো ব্যাংকের পরিচালক যদি ৫০ লাখ টাকার বেশি প্রত্যক্ষ ঋণ নিতে চান তাহলে তাঁকে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে। একইভাবে ১ কোটি টাকার বেশি ঋণ গ্রহণের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এসব বিধিনিষেধের বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে বলা হয়, কোনো পরিচালক সংশ্লিষ্ট ব্যাংকের পরিশোধিত মূলধনের ৫০ শতাংশের বেশি পরিমাণ ঋণ নিতে পারবেন না। একই সঙ্গে ব্যাংকগুলো তাদের টিয়ার-১ মূলধনের ১০ শতাংশের বেশি অর্থ কোনো একক ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে ঋণ হিসেবে দিতে পারবে না যদি সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট হয়। যদি কোনোভাবে এই সীমা অতিক্রম করা হয় তাহলে বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকের পরিচালনা পর্ষদকে জানাতে হবে। পাশাপাশি এই অতিরিক্ত ঋণ পরিস্থিতি সংশোধনের জন্য একটি কর্মপরিকল্পনা জমা দিতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত ঋণ পরিশোধ নিশ্চিত করতে হবে। এসব ঋণ নবায়ন বা শর্তাবলী পরিবর্তনের ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া যাবে না।
নতুন নীতিমালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)দের ক্ষেত্রেও বেশ কয়েকটি কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে কোনো ব্যাংক তাদের এমডি, সিইও বা তাঁদের নিয়ন্ত্রণাধীন কোনো প্রতিষ্ঠানকে জামানতবিহীন ঋণ বা অগ্রিম সুবিধা দিতে পারবে না। চুক্তিভিত্তিক কর্মকর্তা হিসেবে তাঁদের কর্মচারী ঋণ প্রকল্পের আওতায় আনা যাবে না। তবে বিদেশি ব্যাংকের দেশীয় শাখার প্রধানরা তাঁদের প্রতিষ্ঠানভিত্তিক বৈশ্বিক নীতিমালা অনুসরণ করতে পারবেন।
এমডি ও সিইওদের নামে ক্রেডিট কার্ড ইস্যুর ক্ষেত্রেও নতুন নিয়ম চালু হয়েছে। এখন থেকে কোনো ব্যাংক এমন কার্ড ইস্যু করলে অন্তত সাত কার্যদিবস আগে তা বাংলাদেশ ব্যাংককে জানাতে হবে। এছাড়া তাঁদের নেওয়া ঋণের সুদ বা মুনাফা মওকুফ করার বিষয়েও কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি নিতে হবে।
এই প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আজকের পত্রিকাকে বলেন, “ব্যাংক পরিচালকদের বেনামি ও স্বার্থসংশ্লিষ্ট ঋণ নিয়ন্ত্রণে আমরা কঠোর নির্দেশনা দিয়েছি। এখন থেকে ঋণ মঞ্জুরি ও সুদ মওকুফের প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতি বাধ্যতামূলক।”
বিশেষজ্ঞদের মতে, ব্যাংক পরিচালকদের স্বার্থসংশ্লিষ্ট ও বেনামি ঋণ অনেক দিন ধরেই ব্যাংক খাতে ঝুঁকি ও অনিয়মের উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছিল। বাংলাদেশ ব্যাংকের এই নতুন নীতিমালা ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সুদূরপ্রসারী দুর্নীতি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

