লাখো মুক্তিযোদ্ধার রক্তে লেখা সংবিধান নতুন করে লেখার প্রয়োজন নেই—এমনটাই মনে করে গণফোরাম। তবে দলটির মতে, যদি জনআকাঙ্ক্ষা থাকে, তাহলে তা সংসদের মাধ্যমেই সংশোধন করা যেতে পারে।
শনিবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নেয় গণফোরাম। বেলা ৩টায় শুরু হয়ে আলোচনা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নেতৃত্ব দেন দলটির সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান। তাঁর সঙ্গে ছিলেন সভাপতি পরিষদের সদস্য সুব্রত চৌধুরী, এ কে এম জগলুল হায়দার আফ্রিকসহ ১১ সদস্যের প্রতিনিধি দল।
কমিশনের দেওয়া ১৬৬টি প্রস্তাবের মধ্যে ৫৮টিতে একমত পোষণ করে গণফোরাম। ৭৮টিতে দ্বিমত জানায়। ২৪টিতে আংশিক একমত হয় এবং ৮টি প্রস্তাবে কোনো চিহ্ন না দিয়ে মতামত জমা দেয়। জানা গেছে, সংলাপের পর কিছু বিষয়ে দলটি পূর্বের অবস্থান থেকে সরে এসেছে।
এক নেতা বলেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে তাদের আপত্তি ছিল। তবে কমিশনের ব্যাখ্যায় বিষয়টি এখন দলীয়ভাবে পুনর্বিবেচনা করবে তারা।
সংলাপে ডা. মিজানুর রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান মেনেই দায়িত্ব নিয়েছে। তাই বর্তমান রাষ্ট্রব্যবস্থাও সাংবিধানিক কাঠামোর ভেতরে রয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, সংবিধান সংশোধনের একমাত্র পথ হলো জাতীয় সংসদ। এর বাইরে কোনো বিকল্প নেই।
তাঁর অভিযোগ, বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলেই তিনি একচ্ছত্র শাসক হয়ে উঠেছেন। রাষ্ট্রের সমস্ত নিয়ন্ত্রণ তাঁর হাতে কেন্দ্রীভূত হয়েছে। রাষ্ট্রপতির ক্ষমতা নামমাত্র। এমনকি বিচারপতি নিয়োগেও রাষ্ট্রপতি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন না। তাঁকে প্রধানমন্ত্রীর পরামর্শই মানতে হয়।
গণফোরাম চায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আসুক। তারা আরও চায়, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হোক। মেয়াদ হোক ১২০ দিন। এ ছাড়া ৭০ অনুচ্ছেদ সংশোধনেরও পক্ষে তারা। তাদের প্রস্তাব, শুধু অর্থবিল ও আস্থা ভোটে এমপিদের দলীয় সিদ্ধান্ত মানা বাধ্যতামূলক হোক।
প্রসঙ্গত, ১৯৭২ সালে সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন। দলটি তাঁকেই সংবিধানের মূল প্রণেতা বলে দাবি করে।
ডা. মিজানুর রহমান বলেন, ড. কামাল হোসেন নিজেই বলেছেন—জনগণের চাহিদা অনুযায়ী সংবিধান সংশোধন সম্ভব। তবে সেটি অবশ্যই সংসদের মাধ্যমেই হতে হবে। এর বাইরে আর কোনো পথ নেই।

