২০২৪ সালে বাংলাদেশের চা রপ্তানিতে আশানুরূপ অগ্রগতি দেখা গেছে। বাংলাদেশ চা বোর্ডের তথ্যানুসারে, বছরটিতে মোট ২ দশমিক ৪৫ মিলিয়ন কেজি চা রপ্তানি হয়েছে। যা ২০২৩ সালের তুলনায় ৫৭ দশমিক ৫৫ শতাংশ বা ১ দশমিক ৪১ মিলিয়ন কেজি বেশি। এ রপ্তানি থেকে আয় হয়েছে ৪৫৯ দশমিক ৫৮ মিলিয়ন টাকা।
চা বোর্ড জানিয়েছে, ২০২৪ সাল ছিল গত ছয় বছরের মধ্যে সবচেয়ে সফল রপ্তানি বর্ষ। দেশের অভ্যন্তরীণ বাজারে প্রতি কেজি চা ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হলেও রপ্তানির ক্ষেত্রে তা প্রায় ২৫০ টাকা দরে বিক্রি হয়েছে। এতে প্রতি কেজিতে প্রায় ৪০ থেকে ৫০ টাকা বেশি দাম পাওয়া গেছে।
তবে ২০২৪ সালে রপ্তানিকৃত চায়ের গড় মূল্য কিছুটা কমে দাঁড়ায় ১৮৭ দশমিক ৫৮ টাকা, যেখানে ২০২১ থেকে ২০২৩ সালের মধ্যে গড় রপ্তানি মূল্য ছিল ২৫০ থেকে ২৬০ টাকার মধ্যে। তা সত্ত্বেও ২০২৫ সালের প্রথম প্রান্তিকের তথ্য রপ্তানি মূল্য পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে প্রতি কেজি চায়ের গড় রপ্তানি মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২৫৬ দশমিক ২৬ টাকা যা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
বর্তমানে বাংলাদেশের প্রধান চা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এমএম ইস্পাহানি লিমিটেড, আবুল খায়ের কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড এবং হালদা ভ্যালি টি এস্টেট লিমিটেড। দেশের উৎপাদিত চা রপ্তানি হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, রাশিয়া, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সাইপ্রাস, ডেনমার্ক, ফ্রান্স ও স্পেনসহ বিভিন্ন দেশে।
চা রপ্তানিকারকরা জানিয়েছেন, বাংলাদেশ থেকে মূলত কালো ও সবুজ চা রপ্তানি করা হয়, যার মধ্যে কালো চায়ের পরিমাণ বেশি। একসময় দেশে চায়ের চাহিদা আমদানির মাধ্যমে পূরণ করতে হলেও বর্তমানে অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত চা বিদেশে রপ্তানি করা সম্ভব হচ্ছে। তারা আশাবাদ ব্যক্ত করেছেন, উৎপাদন আরও বাড়ানো গেলে রপ্তানির পরিমাণও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ চা বোর্ডের সদস্য (গবেষণা ও উন্নয়ন) ড. পীযূষ দত্ত বলেন, “চায়ের উৎপাদন ও মান উন্নয়নের মাধ্যমে রপ্তানি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। মান ভালো হলে রপ্তানিতে ভালো দাম পাওয়া যাবে। ২০২৫ সালে চা রপ্তানিতে আরও অগ্রগতি হবে বলে আমরা আশা করছি।”
২০২৫ সালে দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০৩ মিলিয়ন কেজি। জানুয়ারি থেকে মার্চ সময়ে এর মধ্যে উৎপাদন হয়েছে ১ দশমিক ৬২ মিলিয়ন কেজি।
বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান কামরান তানভীরুর রহমান বলেন, “দেশে চায়ের উৎপাদন বেড়েছে। রপ্তানির পরিমাণ ২ দশমিক ৫ মিলিয়ন কেজি থেকে ১০ মিলিয়ন কেজিতে নেওয়া সম্ভব। এ জন্য চা বাগান মালিক ও চা ব্যবসায়ীদের একযোগে কাজ করতে হবে।”
২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশ প্রতি বছর ১০ থেকে ১২ মিলিয়ন কেজি চা রপ্তানি করত। তবে এরপর রপ্তানির পরিমাণ কমতে কমতে ১ মিলিয়ন কেজির নিচে নেমে আসে। তাই সাম্প্রতিক বছরগুলোতে রপ্তানি ঘুরে দাঁড়ানোকে খাতটির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
চায়ের উৎপাদন, মান এবং বাজার সম্প্রসারণে যৌথ উদ্যোগ অব্যাহত থাকলে বাংলাদেশ আবারও পূর্বের রপ্তানি সক্ষমতা ফিরে পেতে পারে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

