বহু বছর ধরে আমদানি-রপ্তানির নামে এলসির (ঋণপত্র) আড়ালে ডলার পাচার হয়ে আসছিল নির্বিঘ্নে। ব্যবসায়ীরা কখনও ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে অতিরিক্ত ডলার বিদেশে পাঠাতেন আবার কখনও আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে রপ্তানির প্রকৃত আয় গোপন করতেন। তবে ইউক্রেন যুদ্ধ-পরবর্তী সময়ের ডলার সংকট এই অনিয়মগুলোকে স্পষ্ট করে তোলে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংক চালু করে আন্তর্জাতিক বাজারদর যাচাইয়ের একটি অনলাইন মনিটরিং ব্যবস্থা যা কার্যকরভাবে এই অবৈধ ডলার পাচারের পথ বন্ধ করে দেয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত আড়াই বছরে আমদানি খরচ ৯৪ বিলিয়ন ডলার থেকে নেমে এসেছে ৭০-৭২ বিলিয়ন ডলারে। তবে এ হ্রাস কেবল আমদানি কমে যাওয়ার ফল নয় বরং এলসির মাধ্যমে পণ্যের আন্তর্জাতিক বাজারদর যাচাই করে অতিমূল্য ঠেকানোয় প্রায় ৩০ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব হয়েছে। যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিএফআইইউ’র এক গবেষণায় দেখা গেছে, অতীতে কিছু পণ্যের ক্ষেত্রে ৪০০ শতাংশ পর্যন্ত বেশি মূল্য দেখিয়ে এলসি খোলা হতো। এসব অনিয়মে জড়িত চক্র ডলার পাচারের পাশাপাশি দেশের অর্থনীতিকেও বড় ধরনের ঝুঁকিতে ফেলেছিল। তবে অনলাইন মনিটরিং ইউনিট চালু হওয়ার পর প্রতিটি পণ্যের এলসি খোলার সময়ই আন্তর্জাতিক বাজারদর যাচাই করা হচ্ছে। এর ফলে আর ইচ্ছেমতো দাম বাড়িয়ে এলসি খোলার সুযোগ নেই।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অতীতে অসাধু ব্যবসায়ীরা আমদানির সময় পণ্যের দাম বাড়িয়ে দেখিয়ে বিদেশে অতিরিক্ত ডলার পাঠাতেন, আবার রপ্তানির ক্ষেত্রে কম দাম দেখিয়ে বৈদেশিক মুদ্রা দেশে আনা এড়িয়ে যেতেন। এতে করে নিয়মিতভাবেই ডলার পাচার হতো এবং দেশের রিজার্ভে চাপ পড়ত। করোনার পর রিজার্ভ যেখানে ছিল ৪৮ বিলিয়ন ডলার তা কমে এখন ২৩-২৫ বিলিয়নের মধ্যে নেমে এসেছে।
বিএফআইইউ ২০২২ সালের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ওই বছর অর্থ পাচারের প্রধান মাধ্যম ছিল বাণিজ্যিক লেনদেন। ওভার ইনভয়েসিংয়ের মাত্রা ছিল ২০ থেকে ২০০ শতাংশ পর্যন্ত। এই অপচালনার ফলে রিজার্ভ সংকুচিত হয় এবং বাজারে ডলার সংকট আরও গভীর হয়।
এই বাস্তবতায় বাংলাদেশ ব্যাংক নেয় একাধিক কঠোর পদক্ষেপ। এলসির শর্ত কঠোর করা হয় বিদেশগমনে ডলার বহনে সীমা নির্ধারণ করা হয় এবং সব ধরনের বাণিজ্যিক লেনদেনে নজরদারি বাড়ানো হয়। এসব পদক্ষেপের সুফল ইতোমধ্যেই মিলতে শুরু করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘ডলারের সংকট এখন অনেকটাই কাটিয়ে উঠেছি। ব্যবসায়ীরা এখন আর এলসি খোলার ক্ষেত্রে তেমন জটিলতার কথা বলেন না। আমাদের কঠোর বাজার মনিটরিংয়ের ফলে মিথ্যা ঘোষণার সুযোগ এখন প্রায় নেই বললেই চলে।’
তিনি আরও বলেন, ‘২০২২ সালের পর আমরা আমদানি মূল্য যাচাই, রপ্তানি আয় যথাযথভাবে দেশে ফেরত আনা এবং সব ধরনের লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করার দিকেই বেশি গুরুত্ব দিয়েছি। এর ফলে এখন বৈদেশিক লেনদেন অনেক বেশি নিয়ন্ত্রিত ও বিশ্বাসযোগ্য হয়েছে।’
অর্থনীতিবিদদের মতে, এই অনলাইন মূল্য যাচাই-নির্ভর নজরদারি ব্যবস্থা এখন বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় মোড় পরিবর্তনের সূচক। এতে একদিকে ডলার পাচার রোধ হয়েছে অন্যদিকে ব্যবসায়ীদের মধ্যে আস্থা ফিরেছে। প্রযুক্তি আর কঠোর তদারকির যৌথ প্রয়াসে অর্থনীতিকে একটি বিপজ্জনক গলিপথ থেকে ফিরিয়ে আনার যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে তা অবশ্যই উল্লেখযোগ্য। তবে এই ধারাবাহিকতা বজায় রাখা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

