সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়া এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা সত্ত্বেও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করমুক্ত প্রায় ২০০টি পণ্যের ওপর আমদানি পর্যায়ে ২ শতাংশ অগ্রিম আয়কর (এআইটি) আরোপের উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে করছাড় প্রত্যাহার এবং কর পরিপালন বাড়ানোর লক্ষ্যে নেওয়া এ পদক্ষেপ থেকে অতিরিক্ত দুই হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের আশা করছে সংস্থাটি। তবে ব্যবসায়ী এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সিদ্ধান্ত দেশের শিল্প খাত ও সাধারণ ভোক্তাদের ওপর নতুন চাপ সৃষ্টি করবে।
প্রস্তাবিত এআইটি আরোপের আওতায় পড়তে যাচ্ছে দেশের অন্যতম প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের কাঁচামাল—তুলা ও মানবসৃষ্ট তন্তু। এছাড়াও আলু, পেঁয়াজ, মসুর ডাল, ছোলা, সয়াবিন ও ভুট্টা–এর মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, সার, অপরিশোধিত ভোজ্যতেল, চিনি, চিকিৎসা সরঞ্জাম, কম্পিউটার প্রিন্টার, রাউটার, মডেম, বিমান ইঞ্জিন, বাস এবং শিল্পে ব্যবহৃত নানা ইলেকট্রনিক্স ও যন্ত্রপাতিও এই করের আওতায় আসতে পারে।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বর্তমানে প্রায় ২০০টি শুল্ক লাইনে কোনো এআইটি নেই। করছাড় ধাপে ধাপে তুলে নেওয়ার অংশ হিসেবেই এক বা দুটি ব্যতিক্রম বাদে এসব পণ্যের ওপর এআইটি আরোপের পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, চলতি সপ্তাহের শেষ দিকে উচ্চপর্যায়ের একটি বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত তালিকা নির্ধারিত হবে। প্রস্তাবটি ইতোমধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও জানান তিনি।
এনবিআরের ভাষ্য, এই উদ্যোগে কর নেটওয়ার্ক প্রসারিত হবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা আসবে। তবে এই কর কার্যকরের ফলে বাস্তবে খরচ বেড়ে যাওয়ার পাশাপাশি মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশ্লেষকরা। অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো মুস্তাফিজুর রহমান মনে করেন, খাদ্য ও শিল্পের কাঁচামালের মতো গুরুত্বপূর্ণ পণ্যে কর অব্যাহতি থাকা উচিত। তার মতে, এই পণ্যগুলোতে কর আরোপ করা হলে পুরো অর্থনীতি এর নেতিবাচক প্রভাবের মুখে পড়বে।
এই মতামতের সঙ্গে একমত পোষণ করেছেন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহ-সভাপতি এস এম নাজের হোসেনও। তিনি বলেন, ‘মানুষ ইতিমধ্যেই প্রচণ্ড চাপের মধ্যে রয়েছে। এই অবস্থায় মৌলিক পণ্যের ওপর কর বসালে জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে।’ তার মতে, এই ধরনের সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও সংকটময় করে তুলবে।
ব্যবসায়ী নেতারাও এই পদক্ষেপের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন। এনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালেউদ জামান খান জিতু জানান, তার কোম্পানির জন্য বছরে প্রায় ৩০০ কোটি টাকার কাঁচামাল আমদানি করতে হয়। ২ শতাংশ এআইটি বসলে অতিরিক্ত ৬ কোটি টাকা খরচ হবে যা ব্যবসার স্থিতিশীলতার জন্য বড় হুমকি। বাস্তবে কর ফেরত পাওয়া প্রায় অসম্ভব হওয়ায় ব্যবসার সামনে থাকে দুটি পথ দাম বাড়ানো অথবা লোকসান মেনে নেওয়া।
প্রস্তাবিত এআইটির আওতায় চিকিৎসা সরঞ্জাম, শিল্প রাসায়নিক, আমদানি করা মাছ ও মাংস, বিমান ও বাস, নেটওয়ার্কিং ডিভাইস, প্রিন্টারের যন্ত্রাংশ ইত্যাদিও অন্তর্ভুক্ত রয়েছে। নীতিনির্ধারকদের মতে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপও করছাড় প্রত্যাহারের পেছনে একটি বড় কারণ।
ব্যবসায়ী সংগঠনগুলো বলছে, সরকারকে এমন নীতি নেওয়া উচিত যা শিল্পে উৎসাহ জোগায় এবং প্রতিযোগিতায় এগিয়ে রাখে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) শওকত আজিজ রাসেল বলেন, শিল্পের দীর্ঘমেয়াদি প্রসারের জন্য সহায়তা দরকার, কারণ এটি কর্মসংস্থান ও রাজস্ব দুই ক্ষেত্রেই বেশি অবদান রাখে। তার মতে, উন্নয়ন-ভিত্তিক নীতিই হতে পারে উত্তরণের পথ।
জিতু অভিযোগ করে বলেন, গত তিন বছর ধরে টেক্সটাইল খাতকে পরিকল্পিতভাবে দুর্বল করার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘এই পরিস্থিতি অব্যাহত থাকলে অনেক প্রতিষ্ঠানই টিকতে পারবে না। প্রতিবেশী ভারত যেখানে শিল্পে সহায়তা দিয়ে যাচ্ছে সেখানে বাংলাদেশে নীতিগত পরিবেশ দিন দিন ব্যবসার জন্য প্রতিকূল হয়ে উঠছে।’
এই প্রেক্ষাপটে এনবিআরের নতুন কর পরিকল্পনা দেশীয় শিল্প, ভোক্তা এবং সামগ্রিক অর্থনীতির জন্য কতটা ভারসাম্যপূর্ণ হবে, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কর পরিপালন বাড়ানোর উদ্যোগ ইতিবাচক হলেও, নীতিনির্ধারকদের এখন বিবেচনায় রাখতে হবে এর বাস্তবিক প্রভাব, যাতে করে উৎপাদন, সরবরাহ এবং জনজীবনে এর নেতিবাচক প্রতিফলন না পড়ে।


