মশার উপদ্রবে অতিষ্ঠ হননি এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। মশা শুধু বিরক্তিকর নয় বরং ডেঙ্গু বা চিকুনগুনিয়ার মতো রোগ ছড়িয়ে দিয়ে গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুর কারণও হয়ে উঠছে। এ থেকে বাঁচতে মানুষ নানা ধরনের প্রতিকার ব্যবহার করে থাকে কয়েল, স্প্রে, অয়েন্টমেন্ট কিংবা বড় পরিসরে ফগার মেশিন। কিন্তু এসব পদ্ধতিতে ব্যবহৃত রাসায়নিক ও কীটনাশক মানবস্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর তেমনি পরিবেশেরও মারাত্মক ক্ষতি করে।
এই প্রেক্ষাপটে ক্ষতিকর রাসায়নিক ছাড়া মশা দমন করার প্রযুক্তিনির্ভর এক সমাধান এনেছে বাংলাদেশি প্রতিষ্ঠান থিংক ল্যাবস। প্রতিষ্ঠানটি একটি উদ্ভাবনী যন্ত্র তৈরি করেছে যা বাসাবাড়ি, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, কারখানা, বিপণিবিতানসহ খোলা জায়গায় স্থাপনযোগ্য। যন্ত্রটি চালুর মাত্র দুই সপ্তাহের মধ্যেই তার প্রভাব লক্ষ করা গেছে। তিন মাসের ব্যবধানে একটি এলাকার মশার প্রজনন উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে।
থিংক ল্যাবসের যাত্রা শুরু মাত্র ২০ লাখ টাকার পুঁজি নিয়ে। বর্তমানে এতে বিনিয়োগ দাঁড়িয়েছে চার কোটি টাকারও বেশি। প্রতিষ্ঠানটি ২০২3 সাল থেকে মুনাফা অর্জন শুরু করেছে এবং এখন ৪১ জন কর্মী এই উদ্ভাবনী যাত্রায় যুক্ত রয়েছেন। এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আশিকুর রহমান তানিম ২০০৪ সালে উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় যান এবং সেখানে আইটি, স্বাস্থ্যসেবা প্রযুক্তি ও পরামর্শক প্রতিষ্ঠানে কাজ করেন। দেশে ফিরে কিছু করার তাগিদ থেকেই তিনি ২০১৯ সালে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) খাতে কাজ শুরু করেন এবং গড়ে তোলেন ‘থিংক ল্যাবস’। এখান থেকেই আবিষ্কার হয় তাদের মশা নিধনের যন্ত্র যা বর্তমানে বাণিজ্যিকভাবে বাজারজাত হচ্ছে।
এই যন্ত্রের কার্যকারিতা ব্যাখ্যা করতে গিয়ে আশিকুর তানিম জানান, মশা মূলত নিশ্বাসের মাধ্যমে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইডকে অনুসরণ করে প্রাণীর শরীরে পৌঁছায়। এই বৈশিষ্ট্য কাজে লাগিয়েই তৈরি হয়েছে যন্ত্রটির প্রযুক্তি। যন্ত্রটির নিচে রয়েছে একটি ‘ট্র্যাপ’ চেম্বার, তার ওপরে রয়েছে বিশেষ সাকশন ফ্যান, যা মশাকে নিজের দিকে টেনে নেয় এবং আরও ওপরে বসানো হয়েছে আলোক উৎস। লাইট ও ফ্যানের মিলিত ফটোক্যাটালিটিক প্রতিক্রিয়া মশার জন্য এক শক্তিশালী ফাঁদ তৈরি করে।
যন্ত্রটি যখন চালু থাকে তখন ফ্যান ঘুরে ফাঁদের ভেতরে বাতাস টেনে নেয়। মশা ১০০ মিটারের বেশি দূর উড়তে না পারলেও যখন ফাঁদের কাছাকাছি আসে তখন কৃত্রিম নিশ্বাসের আকর্ষণে ফাঁদে আটকা পড়ে। একবার ঢুকে পড়লে আর বের হতে না পারা মশাগুলো শেষে ট্র্যাপ চেম্বারে গিয়ে পানিশূন্য হয়ে মারা যায়। যন্ত্রটি বাড়ির ভেতরে, প্রবেশদ্বারে বা যেকোনো উন্মুক্ত স্থানে বসানো যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদ এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার জানান, এই যন্ত্রটি অত্যন্ত কার্যকর। গবেষণার অংশ হিসেবে ঢাকার পাঁচটি স্থানে এক বছরের বেশি সময় ধরে যন্ত্রটি ব্যবহার করে দেখা গেছে প্রতিদিন প্রতিটি যন্ত্রে গড়ে পাঁচ হাজারের মতো স্ত্রী মশা জমা হয়। যেহেতু প্রতিটি স্ত্রী মশা গড়ে ৫০০ থেকে ৬০০টি ডিম দেয় তাই এই যন্ত্র ব্যবহারে মশার প্রজনন চক্র কার্যকরভাবে ভাঙা সম্ভব।
ঢাকার উত্তরা, মিরপুর, গুলশান, বনানী, ধানমন্ডি, সাভার ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, বরিশাল, কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় যন্ত্রটি ব্যবহৃত হচ্ছে। ব্যাংক, সেনানিবাস, সম্মিলিত সামরিক হাসপাতাল, পাঁচ তারকা হোটেল, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও এই যন্ত্র বসানো হয়েছে।
যন্ত্রটি সারাক্ষণ চালু রাখতে হলেও এতে বিদ্যুৎ খরচ খুবই কম। এটি ধাতব কাঠামোর হওয়ায় ঝড়-বৃষ্টি কিংবা চুরি থেকেও নিরাপদ। কিছু মডেলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সেন্সর সংযুক্ত করা হয়েছে। নির্মাতাদের ধারণা, একটি যন্ত্র পাঁচ বছরেরও বেশি সময় টিকে থাকবে।
তিনটি ভিন্ন আকারে পাওয়া যন্ত্রটির দাম ৩১ হাজার থেকে ৮০ হাজার টাকার মধ্যে। মৌসুমি চাহিদা অনুযায়ী মাসে গড়ে ৩০টি যন্ত্র বিক্রি হয়। আশিকুর তানিমের ভাষায়, “এককালীন বিনিয়োগ হিসেবে এটি খুব একটা ব্যয়বহুল নয় কারণ এটি দীর্ঘস্থায়ী ও কার্যকর সমাধান। সবচেয়ে বড় কথা যন্ত্রটির সব উপাদান, প্রযুক্তি ও কর্মী দেশীয়। এটি শতভাগ বাংলাদেশি পণ্য তৈরি করা হয়েছে বাংলাদেশিদের জন্য।”
মশা নিধনের যন্ত্র ছাড়াও থিংক ল্যাবস গবেষণার মাধ্যমে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করছে। বেলজিয়ামের একটি প্রতিষ্ঠানের জন্য নয়েস মনিটরিং ডিভাইস, একটি আন্তর্জাতিক সংস্থার জন্য ভ্যাকসিনের তাপমাত্রা পর্যবেক্ষণের তারবিহীন সেন্সর, গ্যাস সরবরাহ তদারকির ডিভাইস, জেনারেটরের ডিজেল মাপার সেন্সর, হাইড্রোফোনিক চাষাবাদের স্বয়ংক্রিয় তদারক যন্ত্রসহ নানা পণ্য এর মধ্যে রয়েছে।
তানিমের মতে, আরঅ্যান্ডডি খাতে টিকে থাকতে প্রচুর বিনিয়োগ দরকার। কিন্তু বিনিয়োগের পাশাপাশি সরকার যদি নীতিগত সহায়তা দেয় এবং দেশীয় প্রযুক্তিপণ্যের ব্যবহার বাড়িয়ে আমদানি নিরুৎসাহিত করে তাহলে থিংক ল্যাবসের মতো প্রতিষ্ঠানগুলোর পক্ষে আরও এগিয়ে যাওয়া সহজ হবে।

