সাড়ে ১৫ বছরের শাসনামলে ব্যাংক খাতে আওয়ামী লীগ সরকারের সময় যে ধরনের লুটপাট হয়েছে তা দেশের ইতিহাসে নজিরবিহীন। এই সময়ে আমানতকারীদের সঞ্চিত অর্থ আত্মসাৎ ও পাচারের ঘটনায় ব্যাংক খাত আজ চরম সংকটে পড়েছে। খেলাপি ঋণের লাগামহীন ঊর্ধ্বগতি, ঋণ বিতরণের সক্ষমতায় ধস, নিট আয় সর্বনিম্নে নেমে যাওয়া এবং মূলধন ঘাটতি এই চারটি প্রধান সূচকে টিকে থাকার জন্য এখন কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে দেশের ব্যাংক খাত।
বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে, এ সময়কালে প্রায় ৫ লাখ ৫০ হাজার কোটি টাকার বেশি জালিয়াতি ও পাচারের ঘটনা ঘটেছে। এর মধ্যে তিন লাখ কোটি টাকার বেশি পাচার হয়েছে আর বাকিটা আত্মসাৎ করা হয়েছে ব্যাংক ব্যবস্থার ভেতর থেকেই। এসব অর্থ মূলত আমানতকারীদের যা আর ফেরত আসছে না। এতে করে প্রথাগত ব্যাংক পরিচালনার কাঠামো ভেঙে পড়ছে। বিনিয়োগ থেকে আয় না হওয়ায় এবং জালিয়াতি হওয়ায় এসব ব্যাংক এখন আমানতকারীদের অর্থ ফেরত দিতেও হিমশিম খাচ্ছে।
প্রচলিত ব্যবস্থায় ব্যাংকগুলো আমানতকারীদের টাকা নিয়ে তা বিভিন্ন খাতে বিনিয়োগ করে যা থেকে সুদসহ ফেরত আসা অর্থ দিয়ে ব্যাংক পরিচালিত হয়। এই মুনাফা দিয়েই ব্যাংকগুলো তাদের পরিচালন ব্যয়, কর্মীদের বেতন এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদান করে থাকে। তবে বিনিয়োগ থেকে আয় না হলে, প্রভিশন রাখার মতো অবস্থাও থাকে না। খেলাপি ঋণের পরিমাণ বাড়লে প্রভিশনের চাহিদাও বাড়ে। নিয়মিত ঋণে ২ শতাংশ প্রভিশন রাখার বাধ্যবাধকতা থাকলেও তা খেলাপি হলেই বেড়ে দাঁড়ায় ২০ শতাংশে। ঋণটি ছয় মাস অনাদায়ী থাকলে প্রভিশনের হার হয়ে যায় ৫০ শতাংশ। নয় মাসে সেটি পরিণত হয় ‘কুঋণে’ যেখানে শতভাগ প্রভিশন রাখতে হয়। কিন্তু দুর্বল আয় ও অনাদায়ী অর্থের কারণে অধিকাংশ ব্যাংক এই প্রভিশন রাখতে পারছে না। ফলে প্রভিশন ঘাটতি বাড়ছে যা ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা আরও দুর্বল করছে।
অভ্যন্তরীণ আয় না থাকায় এবং অনিয়মের কারণে ঋণ আদায় কমে যাচ্ছে। এতে ব্যাংকের মুনাফা ও তারল্য প্রবাহে ধস নামছে। আমানতকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে ফলে নতুন আমানতের প্রবাহও কমে যাচ্ছে। এর ফলে ব্যাংকগুলোতে তারল্য সংকট আরও প্রকট হচ্ছে এবং ঋণ বিতরণ কার্যক্রম থেমে যাচ্ছে। ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে যা সরাসরি অর্থনীতির গতি এবং জিডিপির প্রবৃদ্ধিকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।
গত বছরের জুন পর্যন্ত আওয়ামী লীগ সরকার যেসব আর্থিক সূচক রেখে গেছে, তা ব্যাংক খাতের বাস্তব অবস্থা থেকে অনেকটাই আড়াল করে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। সেসময় খেলাপি ঋণের পরিমাণ দেখানো হয়েছিল ২ লাখ ১১ হাজার কোটি টাকা আর প্রভিশন ঘাটতি ২৪ হাজার ৮১০ কোটি টাকা। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকৃত চিত্র প্রকাশ পেতে শুরু করে। খেলাপি ঋণ বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকা এবং প্রভিশন ঘাটতি বেড়ে হয় ১ লাখ ৬১ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন থাকার হার কমে এসেছে মাত্র ৩ দশমিক ০৮ শতাংশে। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপক্ষে ১০ শতাংশ মূলধন থাকা বাধ্যতামূলক। এমনকি সরকারি ব্যাংকগুলোর অনেকের এখন মূলধনই নেই, কারণ খেলাপি ঋণ সব মূলধন গ্রাস করেছে। এ কারণে এসব ব্যাংক এখন সরকারের গ্যারান্টি ও বাজেটের সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এই দুরবস্থার মধ্যেও ব্যাংকগুলো তারল্য সংকট সামাল দিতে চড়া সুদে আমানত সংগ্রহ করছে যার ফলে ভবিষ্যতে সুদের খরচ আরও বেড়ে যেতে পারে।
ব্যাংক খাত থেকে আয় এখন সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের মার্চে ব্যাংকগুলোর প্রতি ১০০ টাকার সম্পদ থেকে আয় হয়েছে মাত্র ২৩ পয়সা। এই হার গত ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন। সেপ্টেম্বর নাগাদ আয় সামান্য বেড়ে ০.৩৮ শতাংশ হলেও তা সন্তোষজনক নয়। কেন্দ্রীয় ব্যাংক আশঙ্কা করছে, খেলাপি ঋণ আরও বাড়লে আয় আবার কমে যেতে পারে।
ব্যাংক খাতে এমন দুর্দশার ফলে ঋণ সম্প্রসারণের সক্ষমতা কমেছে এবং তাতে পদ্ধতিগত দুর্বলতা আরও প্রকট হয়েছে। এই সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং ঝুঁকি ব্যবস্থাপনায় শক্তিশালী কাঠামো গড়ার লক্ষ্যে একাধিক নীতিগত ও কাঠামোগত সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। এর অংশ হিসেবে ১১টি দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। একইসঙ্গে তদারকি ও জবাবদিহিতা বাড়াতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সার্বিকভাবে কিছু কিছু ব্যাংক এখনো ভালো করছে, তবে বেশিরভাগ ব্যাংকই গভীর সংকটে। এমন অবস্থায় কয়েকটি দুর্বল ব্যাংককে একীভূত করার চিন্তাভাবনা চলছে। এ লক্ষ্যে নতুন আইন তৈরির কাজও এগোচ্ছে।
ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনা, লুটপাট বন্ধ করা এবং শক্তিশালী তদারকি ব্যবস্থা গড়ে তোলার মধ্য দিয়েই কেবল এ সংকট থেকে উত্তরণ সম্ভব এমনটাই বলছেন অর্থনীতিবিদ ও নীতিনির্ধারকরা। এখন দেখার বিষয়, বাস্তবায়নের পথে এই পদক্ষেপগুলো কতটা কার্যকর হয়।


