উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের পথে বিশ্ব সম্প্রদায়কে পাশে চেয়ে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। জাপানের ওসাকার কানসাইয়ে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড এক্সপো ২০২৫’-এ ‘বাংলাদেশ দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশের প্রযুক্তি, অভিজ্ঞতা ও মানবসম্পদ কাজে লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একসঙ্গে কাজ করার এখনই সময়।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, বিশ্বে বাংলাদেশ এখন প্রবৃদ্ধি ও উন্নয়নের এক উজ্জ্বল উদাহরণ। সাম্প্রতিক বছরগুলোতে দেশের আর্থ-সামাজিক খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। সরকার ২০৩১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তরের লক্ষ্য নিয়েছে। এই পথে দেশের তরুণ জনশক্তি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ইতোমধ্যে বড় ভূমিকা রাখছে।
ওসাকার অনুষ্ঠানে শেখ বশিরউদ্দীন বাংলাদেশের অংশগ্রহণকে শুধু প্রদর্শনমূলক নয় বরং বৈশ্বিক অংশীদারত্ব গড়ার একটি বড় সুযোগ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, বাংলাদেশ প্যাভিলিয়নটি কাঠের কাঠামোয় নির্মিত হয়েছে যা পরিবেশবান্ধব ও টেকসই অনুশীলনের প্রতীক। এই নকশায় আমাদের সমৃদ্ধ ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। একইসঙ্গে এটি ভবিষ্যতের উন্নত সমাজ গঠনের প্রতীক হিসেবেও কাজ করছে।
বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশের সুযোগ তুলে ধরে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের উদার বিনিয়োগ নীতিমালা এবং কৌশলগত অবস্থান বহুজাতিক কোম্পানিগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ক্রমবর্ধমান অভ্যন্তরীণ বাজার এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার আসিয়ান দেশগুলোর কৌশলগত কেন্দ্রে অবস্থান করায় বাংলাদেশকে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদারে পরিণত করেছে। তিনি তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা প্রকৌশল, আইটি, সিরামিক, পাট ও পাটজাত শিল্প খাতে বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন, ১৯৭২ সাল থেকে জাপান ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক দৃঢ়ভাবে বিদ্যমান এবং সময়ের সঙ্গে সঙ্গে তা আরও গভীর হয়েছে। তিনি আশ্বাস দেন যে, ২০২৬ সালে বাংলাদেশ যখন স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ায় থাকবে তখনও জাপান সহযোগিতা অব্যাহত রাখবে।
ওয়ার্ল্ড এক্সপো উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের পাশাপাশি বাংলাদেশ ও জাপানের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে একটি দ্বিপক্ষীয় বৈঠকও অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি এক বৈঠকে মিলিত হন। এই বৈঠক অনুষ্ঠিত হয় এক্সপোর জাপান প্যাভিলিয়নে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাপানের ট্রেড পলিসি ব্যুরোর দক্ষিণ-পশ্চিম এশিয়াবিষয়ক পরিচালক শিমানো তোশিয়ুকি, ইকোনমিক পার্টনারশিপ ডিভিশনের পরিচালক উচিনো হিরুতো এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের বাণিজ্য কাউন্সেলর মোরারজী দেশাই বর্মণ।
বাংলাদেশের অংশগ্রহণ এবং বিনিয়োগ আহ্বান ওয়ার্ল্ড এক্সপোতে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

