মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রে ওষুধের দাম ৩০ থেকে ৮০ শতাংশ কমানো হবে। তার এই সিদ্ধান্তের পর, সোমবার ভারতীয় ওষুধ কোম্পানির শেয়ারবাজারে ব্যাপক পতন দেখা যায়। ফার্মা খাতের শেয়ার সূচক ১ দশমিক ৬ শতাংশ কমেছে, যদিও সামগ্রিক বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অনেক ওষুধের দাম অন্যান্য ধনী দেশগুলোর তুলনায় তিনগুণ বেশি। ট্রাম্প তার ঘোষণা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ওষুধের দাম ওই দেশগুলোর সঙ্গে তুলনা করে কমিয়ে আনবেন। এই জন্য তিনি ‘সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশ’ নীতির অধীনে একটি নির্বাহী আদেশে সই করবেন। তবে কীভাবে এই পরিকল্পনা বাস্তবায়িত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
ভারতের শেয়ারবাজারে এর প্রভাব দৃশ্যমান হয়েছে। দেশটির বেশিরভাগ বড় ওষুধ কোম্পানি তাদের আয়ের বড় অংশ পায় যুক্তরাষ্ট্র থেকে। এসব কোম্পানি কম দামে জেনেরিক ওষুধ তৈরি করে, যা মার্কিন বাজারে বিক্রি হয়। এই ঘোষণার পর সোমবার, ফার্মা খাতের ২০টি শেয়ারের মধ্যে ১৩টির দাম কমে যায়। সান ফার্মার শেয়ার সবচেয়ে বেশি, প্রায় ৪ দশমিক ৬ শতাংশ কমে যায়।
এ সময় ভারতের প্রধান শেয়ার সূচক নিফটি ৫০ প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। সিপলা ও জাইডাস লাইফের শেয়ারও ০.৭ শতাংশ কমেছে। ডিভিস ল্যাবরেটরিজ ও লুপিনের শেয়ারের দাম ২ শতাংশ কমেছে এবং বায়োকনের শেয়ার ৩ শতাংশ কমে যায়।
বিশ্লেষক শ্রীকান্ত আকোলকার বলেন, যদি মার্কিন বাজারে প্রেসক্রিপশনের ওষুধের দাম ৫০ শতাংশ কমানো হয়, তবে তা ভারতীয় কোম্পানির জন্য বড় নেতিবাচক প্রভাব ফেলবে। তিনি জানান, প্রথম দিকে ব্র্যান্ডেড ওষুধের ওপর এর প্রভাব পড়বে। কিন্তু দীর্ঘমেয়াদে, নতুন ওষুধের বাজার সংকুচিত হলে জেনেরিক ওষুধেও প্রভাব পড়বে।
ট্রাম্পের ঘোষণার পর, সান ফার্মা, বায়োকন ও জাইডাস লাইফের মতো ভারতীয় কোম্পানি, যারা ব্র্যান্ডেড ওষুধও সরবরাহ করে, তাদের ওপর বিশেষ ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় ওষুধ রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। ভারত থেকে প্রায় এক-তৃতীয়াংশ ওষুধ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। সরকারি তথ্য অনুযায়ী, গত অর্থবছরে, যুক্তরাষ্ট্রে ভারতের ওষুধ রপ্তানি বেড়ে ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ট্রাম্পের এই নতুন নীতি ভারতীয় ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে।
এর আগে, যুক্তরাষ্ট্রে ওষুধ আমদানির ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেওয়ার পরও ভারতীয় কোম্পানির শেয়ারবাজারে বড় পতন হয়েছিল। তখন ভারতীয় শেয়ার সূচক নিফটি ৫০ প্রায় ০.৬ শতাংশ কমে যায়।

