জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভেঙে দুটি পৃথক বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১২ মে) গভীর রাতে কঠোর গোপনীয়তার মধ্যে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়। নতুন গঠিত দুইটি বিভাগ হলো রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।
এই পুনর্গঠন প্রক্রিয়া দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে থাকলেও এনবিআরের আওতায় কর্মরত বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই অধ্যাদেশটি জারি করা হয়েছে। দীর্ঘদিনের বির্তক ও আলোচনার অবসান ঘটিয়ে অবশেষে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ কার্যকর করল সরকার।
অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ প্রধানত কর আইনের প্রয়োগ ও কর আদায়ের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে। তবে রাজস্ব আদায়ের সরাসরি দায়িত্ব পালন করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। অর্থাৎ, নীতি নির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে একটি স্পষ্ট বিভাজন তৈরি করা হয়েছে। এর ফলে নীতিগত পরিকল্পনা ও কর আদায়ের কাজ আলাদা দুটি ইউনিটে সম্পন্ন হবে।
এছাড়া রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক কাঠামোতেও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সেখানে প্রশাসন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও রাজস্ব নীতি বিভাগের কাঠামোতে তুলনামূলক কম পরিবর্তন আনা হয়েছে, তবে নীতিনির্ধারণী পর্যায়ে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, এনবিআরকে দুই ভাগে ভাগ করার এ উদ্যোগ রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে। তবে এ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট ক্যাডার কর্মকর্তাদের মতামত উপেক্ষা করায় ভবিষ্যতে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
এই নতুন অধ্যাদেশের বাস্তব প্রয়োগ এবং এর মাধ্যমে রাজস্ব আহরণ ব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন কতটা সম্ভব হবে, তা সময়ই বলে দেবে। তবে সরকারের এমন পদক্ষেপকে রাজস্ব প্রশাসনের কাঠামোগত সংস্কারের একটি বড় উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

