আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে প্রস্তুত করা শ্বেতপত্র প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার পর কেটে গেছে কয়েক মাস। অনেকে ধারণা করতে শুরু করেছিলেন, এই গুরুত্বপূর্ণ উদ্যোগ হয়তো থেমে গেছে বা ফলপ্রসূ হচ্ছে না। তবে বাস্তবতা ভিন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। তার মতে, শ্বেতপত্রে থাকা সুপারিশগুলো এখনও নীতিনির্ধারণী কার্যক্রমে বিবেচনায় আনা হচ্ছে এবং তা বাস্তবায়নের উদ্যোগও অব্যাহত রয়েছে।
গতকাল রাজধানীর বনানীতে একটি হোটেলে ‘বাংলাদেশ ২০৩০: অংশীদারত্বমূলক অর্থনৈতিক সমৃদ্ধির পথে’ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বইটি যৌথভাবে প্রকাশ করেছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআই) ও নিমফিয়া পাবলিকেশনস।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লুৎফে সিদ্দিকী বলেন, “অনেকেরই মনে হতে পারে, শ্বেতপত্রের কার্যক্রম থেমে গেছে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি, আমি নিজে এবং আমার সহকর্মীরা প্রতিদিনের কাজ ও সিদ্ধান্ত গ্রহণে শ্বেতপত্রের সুপারিশ বিবেচনায় রাখছি। প্রধান উপদেষ্টাও একইভাবে গুরুত্ব দিচ্ছেন।” তিনি জানান, জনসমক্ষে দৃশ্যমান অগ্রগতি না থাকলেও সরকারপ্রধান ও তার কার্যালয় শ্বেতপত্রের সুপারিশ বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। মনোযোগ মূলত কেন্দ্রীভূত রয়েছে কীভাবে এই সুপারিশগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
তবে কাঠামোগত সংস্কার প্রক্রিয়ায় বড় বাধা হিসেবে ব্যবসায়ীদের প্রভাবশালী সিন্ডিকেট ও গোপন সমঝোতার বিষয়টি তুলে ধরেন লুৎফে সিদ্দিকী। তিনি বলেন, “যেদিকে তাকাই দেখি কোনো না কোনো ব্যবসায়ী সিন্ডিকেট সক্রিয়। কাঠামোগত পরিবর্তনে বাধা আসছে কারণ অনেক ব্যবসায়ী গোপনে সরকারের সঙ্গে সমঝোতা করে চলেছেন। সেমিনারে বড় বড় কথা বললেও পরে দেখা যায়, তারাই কোনো মন্ত্রণালয়ের সঙ্গে গোপনে চুক্তিতে গেছেন যা পরিবর্তনের প্রয়াসে ব্যাঘাত ঘটায়।”
অনুষ্ঠানে পিআরআই’র ভাইস চেয়ারম্যান সাদিক আহমেদ বইটির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “২০৩০ সালের মধ্যে বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের সম্ভাব্য পথ ও কৌশল এই বইয়ে বিশ্লেষণ করা হয়েছে।”
বক্তব্যে অংশ নিয়ে লেদার অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, “বাংলাদেশ খুব দ্রুত বুঝে ফেলেছে বাজারভিত্তিক অর্থনীতিতে বেসরকারি খাতের নেতৃত্ব গুরুত্বপূর্ণ। দেশের জনসংখ্যা একটি বড় সম্পদ হলেও তা খুব সহজেই দায়বদ্ধতায় পরিণত হতে পারে। এখন আমরা সংখ্যার চেয়ে গুণগত মানকে গুরুত্ব দিচ্ছি এমনটাই ভাবছেন নীতিনির্ধারকেরা।”
স্বাস্থ্য খাত প্রসঙ্গে তিনি বলেন, “এ খাত উন্নত না করলে প্রতিবছর বৈধ ও অবৈধ পথে বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যাবে যা ঠেকানো যাবে না। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হবে বিদেশি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের কাজ করার সুযোগ দিতে হবে। তাহলেই স্বাস্থ্যসেবার গুণগত মান বাড়বে।”
তিনি আরও যোগ করেন, “রাজনৈতিক সদিচ্ছা ও উচ্চপর্যায়ের নজরদারির অভাবে নগর উন্নয়ন প্রকল্পগুলো আজ দুরবস্থায়। রাজধানীর যানজটের কারণেই প্রতি বছর ১ থেকে ১.৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।”
অনুষ্ঠানে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান বলেন, “রাজনৈতিক অস্থিরতা অর্থনীতির গতিকে শ্লথ করে দিয়েছে। নানা ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হলেও দেশ এগিয়ে চলেছে এটা অস্বীকার করার উপায় নেই। তবে ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একটি টেকসই ও অর্থবহ রাজনৈতিক উত্তরণ।”
স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় নিয়ে তিনি বলেন, “গত কয়েক বছরে জিডিপির মাত্র ২ শতাংশ শিক্ষায় এবং ১ শতাংশের নিচে স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে। এ অবস্থা চলতে থাকলে উন্নত জীবনধারণের আশা করা কঠিন।”
বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনও। তিনি বলেন, “গত এক থেকে দেড় দশকে দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। উন্নয়ন তিনটি স্তম্ভের ওপর নির্ভরশীল অর্থনীতি, সমাজ ও পরিবেশ। এর মধ্যে বিশেষ করে পরিবেশকে উপেক্ষা করলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমাদের অর্থনীতিতে নীতির অভাব নেই কিন্তু সেগুলোর সঠিক প্রয়োগ নেই। বিগত সময়ে আর্থিক ও ব্যাংক খাতে স্থিতিশীলতা ছিল না ছিল রাজনৈতিক জটিলতা। ব্যবসায়ীরা রাজনীতির অঙ্গনে প্রবেশ করে সংসদে গিয়ে নিজেদের স্বার্থে নীতি পরিবর্তন করেছেন। এর ফলে জনস্বার্থ উপেক্ষিত হয়েছে।”
আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যান বইটি প্রসঙ্গে বলেন, “এই প্রকাশনা খুবই গুরুত্বপূর্ণ। এতে গবেষণা, নীতিনির্ধারণ ও সমস্যা সমাধানের রোডম্যাপ একত্রে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের এই রূপান্তরের সময়ে বইটি শিক্ষার্থী, নীতিনির্ধারক ও রাজনীতিকদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআরআই চেয়ারম্যান ড. জাইদী সাত্তার এবং স্বাগত বক্তব্য দেন পিআরআই’র ভাইস চেয়ারম্যান ড. সাদিক আহমেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি কামরান টি রহমান।
এই আলোচনায় স্পষ্ট, বাংলাদেশের কাঠামোগত অর্থনৈতিক পরিবর্তন ও টেকসই উন্নয়নের পথ সুগম করতে হলে রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতা এবং বাস্তবায়নের স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি।

