বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি—প্রায় ১৬ কোটির বেশি মানুষের আবাস এই ছোট ভূখণ্ডে। তবে সীমিত সম্পদ ও জায়গার মধ্যে থেকেও বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে যেভাবে এগিয়েছে, তা আজ বিশ্বজুড়ে প্রশংসিত।
বিশ্বব্যাংকের তথ্য বলছে ১৯৯১ সালে দেশে যেখানে চরম দারিদ্র্যের হার ছিল ৪৪ দশমিক ২ শতাংশ, ২০১০ সালে তা নেমে আসে ১৮ দশমিক ৫ শতাংশে। ২০১৬ সালে এই হার আরও কমে দাঁড়ায় ১২ দশমিক ৯ শতাংশে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম নিজেই বাংলাদেশের এই উন্নয়নকে “অসাধারণ” বলে অভিহিত করেন। তাঁদের মতে, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ চরম দারিদ্র্য একেবারে নির্মূলের পথে অনেকটাই এগিয়ে যেতে পারে।
গত দুই দশকে দেশের অর্থনীতিতে যে প্রবৃদ্ধি এসেছে, তা নিঃসন্দেহে অসাধারণ। তৈরি পোশাক শিল্প, রেমিট্যান্স, কৃষির আধুনিকায়ন এবং তথ্যপ্রযুক্তি খাতে প্রসারের কারণে দেশের লক্ষ লক্ষ মানুষ দারিদ্র্যসীমা থেকে উঠে এসেছে। এই অগ্রগতি শুধু পরিসংখ্যানে নয়, মাঠপর্যায়ে বাস্তব জীবনেও দেখা যাচ্ছে।
দুঃখজনকভাবে বিভিন্ন গবেষণা বলছে—দারিদ্র্য কমলেও অর্থনৈতিক বৈষম্য বাড়ছে। সমাজের একদল মানুষের সম্পদ ও সুযোগ দ্রুত বাড়লেও, আরেকদল মানুষ এখনো পিছিয়ে আছে। ধনীদের আয় যেমন আকাশচুম্বী হচ্ছে, দরিদ্ররা তেমন গতিতে এগোতে পারছে না। শহর ও গ্রামের মধ্যেও পরিষ্কার পার্থক্য তৈরি হয়েছে—শহরে শিক্ষা, চিকিৎসা ও চাকরির সুযোগ বেশি কিন্তু গ্রামে এখনো সে সুযোগ সীমিত।
দারিদ্র্য কমছে কিন্তু বৈষম্য বাড়ছে: বাংলাদেশে বিগত কয়েক দশকে দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে সত্যিই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। হাজারো বাঁধা সত্ত্বেও দেশে এমন অনেক উন্নয়ন হয়েছে, যা আন্তর্জাতিক মহলেও প্রশংসিত। কিন্তু আশার এই গল্পের মধ্যেই লুকিয়ে আছে একটি উদ্বেগজনক সত্য—দারিদ্র্য কমলেও বৈষম্য বেড়েছে।
বর্তমানে দেশের ধনী আর দরিদ্রের মাঝে ব্যবধান এতটাই বেড়েছে যে সেটি অর্থনীতির স্থিতিশীলতাকেই প্রশ্নের মুখে ফেলছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ ১০ শতাংশ ধনীরাই আয় করে দেশের মোট আয়ের প্রায় ৩৮ শতাংশ। অথচ সমাজের নিচের ৪০ শতাংশ মানুষ মিলে ভাগ পায় মাত্র ১৬ শতাংশের মতো। অর্থাৎ কিছু মানুষ উন্নয়নের সুফল পুরোপুরি ভোগ করলেও, একটি বড় অংশ এখনও পিছিয়ে রয়ে গেছে।
২০১৬ সালের তুলনায় ২০২২ সালে দারিদ্র্যের হার প্রায় ৭ দশমিক ৭ শতাংশ হ্রাস পেয়েছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন। কিন্তু একই সময়ে দেশে গিনি সহগ বেড়েছে, যা আয়ের বৈষম্য পরিমাপের একটি আন্তর্জাতিক মানদণ্ড। অর্থাৎ আয়ের বিস্তার আগের তুলনায় এখন আরও বেশি।
বৈষম্য বৃদ্ধির পেছনে রয়েছে একাধিক কারণ। যেমন: আয় ও সম্পদের অসম বণ্টন, শিক্ষা ও চাকরির সুযোগে বৈষম্য, দুর্বল সামাজিক সুরক্ষা ব্যবস্থা এবং অনেক সময় সরকারের নীতি গরিববান্ধব না হওয়া। এই কারণগুলো মিলেই সমাজে এক ধরনের বিভাজন তৈরি করেছে। শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা আধুনিক সুযোগ-সুবিধা পাচ্ছেন, ভালো স্বাস্থ্যসেবা ও শিক্ষা উপভোগ করছেন। আর গ্রামীণ বা নিম্নবিত্ত জনগোষ্ঠী অনেক ক্ষেত্রেই এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত থাকছেন।
এই বৈষম্য শুধু সামাজিক অন্যায়ের ক্ষেত্রেই নয়, অর্থনীতির উপরও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলে। বৈষম্য যত বাড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ততটাই ভারসাম্যহীন হয়ে পড়ে, যা একটি দেশের সামগ্রিক উন্নয়নের গতিকে ক্ষতিগ্রস্ত করে। সুতরাং এটা স্পষ্ট—দারিদ্র্য কমার খবর যেমন স্বস্তিদায়ক, তেমনি বৈষম্য বৃদ্ধির বাস্তবতা আমাদের জন্য এক ধরনের সতর্ক সংকেত। শুধু দারিদ্র্য কমানোই যথেষ্ট নয় বরং দরকার আয় বৈষম্য কমানো, সামাজিক নিরাপত্তা জোরদার করা এবং নীতিমালায় অধিক অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি আনা।
কেন বাড়ছে বৈষম্য? বাংলাদেশে যেমন দারিদ্র্য হ্রাসে আশাব্যঞ্জক অগ্রগতি দেখা যাচ্ছে, তেমনি এক উদ্বেগজনক বাস্তবতা হলো—বৈষম্যও পাল্লা দিয়ে বাড়ছে। অর্থাৎ ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান যেন দিনে দিনে আরও চওড়া হচ্ছে। এই বৈষম্য শুধু আয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সুযোগ, শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি ব্যবহার—প্রায় সবক্ষেত্রেই এর প্রভাব স্পষ্ট।
বৈষম্য বাড়ার পেছনে মূলত চারটি বড় কারণ কাজ করছে—অর্থনৈতিক নীতি, সামাজিক বৈষম্য, রাজনৈতিক দুর্বলতা ও প্রযুক্তিগত পরিবর্তন। প্রথমেই আসে অর্থনৈতিক নীতির কথা। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আয়ের উৎস ও সম্পদের প্রবাহ এমনভাবে কেন্দ্রীভূত হচ্ছে যে ধনীরা আরও ধনী হচ্ছে, আর দরিদ্ররা আগের অবস্থানে আটকে আছে।
রাজস্ব নীতিও এখানে বড় ভূমিকা রাখে। যদি কর ব্যবস্থা ধনীদের সুবিধা দেয় এবং দরিদ্রদের বোঝা বাড়ায়, তাহলে বৈষম্য স্বাভাবিকভাবেই বাড়বে। একইভাবে সরকারি সামাজিক নিরাপত্তা কার্যক্রম যদি প্রকৃত উপকারভোগীদের কাছে না পৌঁছে, তাহলে তাদের উন্নতির পথও রুদ্ধ হয়। তাছাড়া রাজস্ব আদায়ের ৮০ শতাংশ পরোক্ষ কর যা সাধারণ মানুষের জন্য বোঝা। তবে ধনীদের কর কম হওয়ায় বৈষম্য বেড়েছে। এক্ষেত্রে পরিবর্তন আনতে হবে।
সামাজিক বৈষম্যও এই সংকটকে তীব্র করে তুলছে। দেশের নানা প্রান্তে জাতিগত, ধর্মীয় বা লিঙ্গভিত্তিক বৈষম্য এখনো বিদ্যমান। নারীরা অনেক ক্ষেত্রে শ্রমবাজারে সমান সুযোগ পাচ্ছেন না, সংখ্যালঘুরা প্রান্তিক অবস্থানে থাকছে এবং দরিদ্র পরিবারের সন্তানরা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানসম্মত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে সরকারি শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যয় কমে যাওয়ায় সমাজের নিম্ন আয়ের মানুষকে বেসরকারি ব্যয়বহুল বিকল্পে যেতে বাধ্য হতে হচ্ছে, যা বৈষম্য আরও বাড়িয়ে তোলে।
রাজনৈতিক দুর্বলতা বৈষম্য বৃদ্ধির আরেকটি বড় কারণ। দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশাসনিক অকার্যকারিতা অনেক সময় নীতির সুফল সঠিকভাবে পৌঁছাতে বাঁধা সৃষ্টি করে। এর ফলে যাদের প্রকৃত সহায়তা দরকার, তারা তা থেকে বঞ্চিত হয়। আর যাদের সঙ্গে ক্ষমতার সংযোগ আছে, তারা সহজেই সুযোগ পেয়ে যায়।
এছাড়াও প্রযুক্তিগত পরিবর্তনও এখন বৈষম্য বাড়ানোর এক নিরব মাধ্যম হয়ে উঠেছে। অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক প্রচলিত চাকরি হারিয়ে যাচ্ছে, আবার নতুন প্রযুক্তি-নির্ভর চাকরি সবার জন্য সহজলভ্য নয়। যাদের দক্ষতা ও প্রযুক্তি ব্যবহারের সুযোগ আছে, তারা দ্রুত এগিয়ে যাচ্ছে। অন্যদিকে যারা এখনো ইন্টারনেট বা আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে পারে না, তারা আরও পিছিয়ে পড়ছে। এভাবেই গড়ে উঠছে এক ধরনের “ডিজিটাল বিভাজন”, যা বৈষম্যকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে।
সব মিলিয়ে বৈষম্য শুধু একটি আর্থিক বা সামাজিক ইস্যু নয় বরং এটি একটি গভীর কাঠামোগত সমস্যা, যার সমাধান শুধুমাত্র দারিদ্র্য কমিয়ে সম্ভব নয়। প্রয়োজন বৈষম্য হ্রাসের লক্ষ্যে কার্যকর, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক নীতি গ্রহণ ও বাস্তবায়ন।
সরকারের উদ্যোগ ও বাস্তব সীমাবদ্ধতা: বাংলাদেশ সরকার বৈষম্য কমাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে, যার লক্ষ্য সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলস্রোতে আনা। এর মধ্যে অন্যতম হলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধীদের জন্য আর্থিক সহায়তা, দরিদ্রদের জন্য খাদ্য সহায়তা এবং রেশনিং ব্যবস্থা—এসবই সরকারের সরাসরি সহায়তা কার্যক্রমের অংশ। এসব উদ্যোগ বহু মানুষের জীবনধারায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
এছাড়া সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গরিব শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ও শিক্ষাবৃত্তি চালু রয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় গড়ে তোলা হয়েছে কমিউনিটি ক্লিনিক, যেখানে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে প্রায় বিনামূল্যে। দরিদ্র পরিবারগুলোর জন্য “স্বাস্থ্য সহায়তা কার্ড” চালুর মাধ্যমে কিছু এলাকায় সীমিত পরিসরে হলেও বিনামূল্যে ওষুধ এবং চিকিৎসা পাওয়া যাচ্ছে।
তরুণদের জন্য কর্মসংস্থানের লক্ষ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। যুব ঋণ কর্মসূচি, কারিগরি প্রশিক্ষণ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (SME) উন্নয়নে নানা প্রকল্প চালু রয়েছে। অনেকেই এসব উদ্যোগের মাধ্যমে স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছেন।
তবে বাস্তবতার নিরিখে দেখা যায়, এসব উদ্যোগ কার্যকর হলেও সবক্ষেত্রে কাঙ্ক্ষিত ফল দিচ্ছে না। একদিকে প্রকল্প বাস্তবায়নে সমন্বয়ের অভাব, অন্যদিকে প্রকৃত উপকারভোগী শনাক্তে তথ্যভিত্তিক ও আধুনিক ব্যবস্থাপনার ঘাটতি অনেক সময় সুযোগপ্রাপ্তির ক্ষেত্রে বড় বাঁধা হয়ে দাঁড়ায়। বিশেষ করে স্থানীয় পর্যায়ে দুর্নীতি, রাজনৈতিক প্রভাব এবং স্বজনপ্রীতির কারণে প্রকৃত দরিদ্র অনেকেই সহায়তা থেকে বঞ্চিত হন।
বর্তমানে সরকারের ডিজিটাল বাংলাদেশ উদ্যোগের মাধ্যমে এসব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার চেষ্টা চলছে। জাতীয় পরিচয়পত্র, ডিজিটাল ডাটাবেইস এবং একাধিক প্রকল্পে ই-গভর্নেন্স ব্যবহারের ফলে কিছু উন্নতি হলেও, সার্বিকভাবে এখনো একটি শক্তিশালী এবং তথ্যভিত্তিক সামাজিক সুরক্ষা কাঠামোর অভাব রয়ে গেছে।
সুতরাং সরকারের পক্ষ থেকে উদ্যোগের ঘাটতি নেই কিন্তু বাস্তবায়নে দক্ষতা, সমন্বয় এবং জবাবদিহিতার অভাবই বৈষম্য হ্রাসের পথে বড় বাঁধা হয়ে আছে। ভবিষ্যতের জন্য এসব সমস্যার সমাধান জরুরি, যেন উন্নয়নের সুফল দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছাতে পারে।
সামনের দিক নির্দেশনা ও সমাধানের পথ: বাংলাদেশ দারিদ্র্য মোকাবেলায় যে সফলতা দেখিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে এখন সময় এসেছে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার—আর সেটি হলো বৈষম্য হ্রাসের দিকে দৃঢ়ভাবে অগ্রসর হওয়া। সমাজে যখন একদিকে কিছু মানুষ অসাধারণ সুযোগ ও সম্পদ ভোগ করছে, অন্যদিকে অনেকে ন্যূনতম চাহিদা পূরণেও হিমশিম খাচ্ছে। তখন বৈষম্য দূর করা আর শুধু নৈতিক দায় নয়—এটা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য শর্ত।
এই বৈষম্য হ্রাসের পথ তৈরি করতে হলে প্রথমেই প্রয়োজন একটি শক্তিশালী ও কার্যকর বৈষম্য-বিরোধী নীতি। ধনীদের কাছ থেকে যথাযথ কর আদায় এবং সেই অর্থ দরিদ্র ও প্রান্তিক মানুষের কল্যাণে ব্যয় করা—এটিই হতে পারে সাম্যের দিকে এগোনোর মূল কৌশল। বর্তমানে দেশে কর ফাঁকি ও কর ন্যায্যভাবে না তোলার প্রবণতা বহু পুরোনো সমস্যা, যা সমাধান না হলে সামাজিক ভারসাম্য আনা সম্ভব নয়।
এর পাশাপাশি সবার জন্য গুণগত মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও জরুরি। শুধু প্রাথমিক সুযোগ তৈরি করলেই হবে না- শহর ও গ্রামে, ধনী ও গরিব সবার জন্য সমান মানের শিক্ষা ও চিকিৎসা সেবা পাওয়া নিশ্চিত করতে হবে। বিশেষ করে করোনার পর দেখা গেছে দরিদ্র জনগোষ্ঠী স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়ে, যা এই খাতে রাষ্ট্রের বিনিয়োগ আরও বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে।
বাংলাদেশের বৈষম্য দূর করতে আরেকটি গুরুত্বপূর্ণ খাত হলো গ্রামীণ অর্থনীতি। দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী এখনো গ্রামে বাস করে এবং কৃষি, তাঁতশিল্প কিংবা ক্ষুদ্র ব্যবসার উপর নির্ভরশীল। এই খাতে বিনিয়োগ বাড়ানো, প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং কৃষকদের ন্যায্য দাম নিশ্চিত করা হলে শুধু গ্রামীণ জীবনমানই উন্নত হবে না, একই সঙ্গে নগর-কেন্দ্রিক বৈষম্যও হ্রাস পাবে।
সব মিলিয়ে এখন দরকার একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ধারণা, যেখানে উন্নয়নের সুফল কেবল একটি শ্রেণির মধ্যে সীমাবদ্ধ না থেকে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছাবে। এই দৃষ্টিভঙ্গিই হতে পারে আগামীর বাংলাদেশ গঠনের মূল ভিত্তি।
বাংলাদেশ দারিদ্র্য হ্রাসে প্রশংসনীয় অগ্রগতি দেখালেও, বৈষম্য আজ উন্নয়নের এক অদৃশ্য বাঁধা হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল যখন সমাজের একটি ক্ষুদ্র অংশের মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন উন্নয়নের আসল লক্ষ্য—সমতা ও অন্তর্ভুক্তি—বিমূর্ত হয়ে পড়ে। তাই এখন সময় শুধু দারিদ্র্য নয়, বৈষম্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার। দরকার এমন নীতি ও উদ্যোগ যেখানে প্রতিটি নাগরিক উন্নয়নের অংশীদার হবে—শুধু সংখ্যায় নয়, বাস্তব সুযোগ ও মর্যাদায়ও। সমতা-নির্ভর সমাজ নির্মাণই হতে পারে একটি টেকসই, মানবিক ও স্থিতিশীল বাংলাদেশের ভিত্তি।

