রাফাল যুদ্ধবিমানের নির্মাতা হিসেবে পরিচিত ফরাসি প্রতিরক্ষা ও বিমান নির্মাতা প্রতিষ্ঠান দাসোঁ এভিয়েশন বড় ধরনের শেয়ারদাম পতনের মুখে পড়েছে। সোমবার ১২ মে ইউরোপের শেয়ারবাজারে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৭ শতাংশেরও বেশি কমে যায়। প্যারিস স্টক এক্সচেঞ্জে দিনের একপর্যায়ে এই শেয়ারদাম নেমে আসে ২৯২ ইউরোতে। ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম মিন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এই পতনের পেছনে রয়েছে ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনা। পাকিস্তান দাবি করেছে, চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান ব্যবহার করে তারা ভারতের তিনটি রাফালসহ মোট পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দাসোঁ এভিয়েশনের শেয়ারদামে অস্থিরতা দেখা দেয়। শুধু গত পাঁচ কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার ১০ শতাংশের বেশি কমে গেছে।
তবে দাসোঁ এভিয়েশনের শেয়ার দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের জন্য উল্লেখযোগ্য মুনাফা এনে দিয়েছে। গত পাঁচ বছরে এই কোম্পানির শেয়ারদাম ৩৪৭ শতাংশের বেশি বেড়েছে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ৬ দশমিক ২৪ বিলিয়ন ইউরো বিক্রি করে এবং নিট মুনাফা অর্জন করে ৯২৪ মিলিয়ন ইউরো। একই সময়ে ফ্রান্সের বিমান ও প্রতিরক্ষা খাতে সামগ্রিক প্রবৃদ্ধি ছিল ১৭ দশমিক ৭ শতাংশ।
বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন লক্ষ্মীশ্রী ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ-এর গবেষণা প্রধান অঞ্জুল জৈন। তিনি বলেন, দাসোঁ এভিয়েশনের শেয়ার বর্তমানে ২৯২ থেকে ২৯১ ইউরোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনে অবস্থান করছে। এই সাপোর্ট ভেঙে গেলে দাম দ্রুত ২৬০ ইউরো পর্যন্ত পড়ে যেতে পারে।
জৈন আরও বলেন, “এই মুহূর্তে দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের জন্য ঝুঁকি বেড়েছে। যাঁরা নতুন করে বিক্রির পরিকল্পনা করছেন, তাঁদের শেয়ারদামে আরও স্পষ্ট পতনের সংকেত না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কারণ বর্তমান পরিস্থিতিতে বাজারে বড় ধরনের ওঠানামা হওয়ার আশঙ্কা রয়েছে।”
তার মতে, বিনিয়োগকারীদের এখন আত্মরক্ষামূলক অবস্থানে যাওয়া এবং ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা জরুরি। রাজনৈতিক ও সামরিক অস্থিরতা যতদিন থাকবে ততদিন দাসোঁ এভিয়েশনের মতো প্রতিরক্ষা-নির্ভর কোম্পানির শেয়ারবাজারেও অনিশ্চয়তা অব্যাহত থাকতে পারে।

