চট্টগ্রাম বন্দরে প্রাইম মুভার চালকদের ঘনঘন কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন কার্যক্রম। এর ফলে চট্টগ্রামের ১৯টি বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপো বা আইসিডির কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। শুধু রপ্তানি নয়, আমদানি ও খালি কনটেইনার স্থানান্তরেও দেখা দিয়েছে জটিলতা।
সম্প্রতি, পূর্ব ঘোষণা ছাড়াই ভারটেক্স অফডক লজিস্টিক সার্ভিসেস লিমিটেডে ড্রাইভার ও সহকারীদের ছয় দিনের ধর্মঘটে কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। ৩ মে শুরু হওয়া এ কর্মবিরতি আংশিকভাবে স্বাভাবিক হয় ৯ মে। শ্রমিকদের দাবি অনুযায়ী, ডিপোর দুইজন ড্রাইভারের অবসরকালীন পাওনা নিয়ে তৈরি বিরোধ থেকে এই কর্মবিরতির সূত্রপাত। চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্ল্যাট-বেড শ্রমিক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়।
আইসিডি মালিকদের দাবি, এই ছয় দিনে প্রায় ৪০০ রপ্তানি কনটেইনার বন্দরে পৌঁছাতে পারেনি। পাশাপাশি শতাধিক আমদানি পণ্যবোঝাই কনটেইনার ও কয়েকশ খালি কনটেইনার ডিপোতে স্থানান্তর করা সম্ভব হয়নি। ফলে ট্রান্সশিপমেন্ট বন্দরে এবং ইউরোপ-আমেরিকাসহ অন্যান্য গন্তব্যে পণ্য যথাসময়ে পৌঁছানো নিয়ে সংশয় তৈরি হয়েছে। এতে রপ্তানিকারকদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
এ ঘটনা নতুন নয়। চলতি বছরের ৪ ফেব্রুয়ারিতেও পার্কিং নিয়ে শ্রমিকদের সঙ্গে উত্তেজনার জেরে তিনদিন পণ্য পরিবহন বন্ধ ছিল। ওই সময় চারটি কনটেইনারবাহী জাহাজ ১,৭৫৬ টিইইউ রপ্তানি পণ্য ও খালি কনটেইনার ছাড়াই ছেড়ে যায়। এতে প্রায় ৫,০০০ রপ্তানি কনটেইনারের সময়সূচি বিঘ্নিত হয় এবং বন্দরে আরও ৫,০০০ আমদানি কনটেইনার জমে যায়।
প্রসঙ্গত, চট্টগ্রামের ১৯টি আইসিডি দেশের মোট রপ্তানি পণ্যের ৯৫ শতাংশ এবং চাল, গম, সরিষার বীজ, ডাল, স্ক্র্যাপসহ প্রায় ৫০ ধরনের আমদানি পণ্যের পরিচালনাসংক্রান্ত কাজ সম্পাদন করে। এসব অফ-ডক ডিপোগুলো বন্দরের বাইরে আনলোডিং ও ডেলিভারির অনুমতি পেয়ে ফুল কনটেইনার লোড (এফসিএল) কার্গো দ্রুত ছাড় করতে পারে।
গত এক বছরে ইস্টার্ন লজিস্টিক, এসএপিএল, পোর্টলিংক, নেমসান, বিএম কনটেইনার ডিপো এবং কিউএনএস লজিস্টিকে প্রাইম মুভার শ্রমিকরা একাধিকবার কর্মবিরতি পালন করেছে। সাম্প্রতিককালে ইস্টার্ন লজিস্টিকে টানা চারদিন এবং এসএপিএলে দুইদিন কার্যক্রম বন্ধ থাকে।
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৭,০০০ প্রাইম মুভার চালিত হয় যার মধ্যে প্রায় ১,২০০ প্রাইম মুভার ডিপোতে কনটেইনার পরিবহনের সঙ্গে সরাসরি যুক্ত।
এই পরিস্থিতির জন্য শ্রমিকদের দায়ী করছেন আইসিডি মালিকরা। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোস অ্যাসোসিয়েশনের (বিকডা) সভাপতি নুরুল কাইয়ুম খান জানান, গত তিন বছর ধরে ডিপোগুলো শ্রমিকদের নানা দাবির মুখোমুখি হচ্ছে। এক দাবি আদায় করেই আবার নতুন দাবি তোলা হচ্ছে। তিনি অভিযোগ করেন, শ্রমিকরা পরিকল্পিতভাবে আইসিডি খাতকে লক্ষ্য করে আন্দোলন করছে।
এসএপিএলের চিফ অপারেটিং অফিসার ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার বলেন, শ্রমিকরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কর্মসূচি দিয়ে ডিপোগুলোকে অচল করে দিচ্ছে। তারা শ্রম আইনের নিয়ম মেনে শিফটে কাজ করতে না চেয়ে টানা ২৪ ঘণ্টা কাজ করতে চায় এবং ইচ্ছামতো মজুরি ও ভাতা দাবি করে। তিনি জানান, চলতি বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে ডিপোতে মোট ৬টি কর্মবিরতি হয়েছে যাতে ২৩৬ ঘণ্টা কার্যক্রম বন্ধ থাকে। এসব কর্মসূচি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তিনি মনে করেন।
এ বিষয়ে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সাব্বির ভূঁইয়া জানান, নিয়োগপত্র ও মজুরি নিয়ে শ্রমিকদের একের পর এক কর্মসূচি হচ্ছে। মালিক ও শ্রমিক পক্ষ একে অপরের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ করছে। জেলা প্রশাসনের উদ্যোগে এই বিষয়ে একটি বৈঠক হয়েছে এবং শ্রমিকদের জন্য একটি খসড়া নিয়োগপত্র তৈরি করা হয়েছে।
অন্যদিকে, শ্রমিক সংগঠনগুলো মালিকদের দোষারোপ করছে। চট্টগ্রাম জেলা প্রাইম মুভার, ট্রেইলার, কনক্রিট মিক্সার, ফ্ল্যাট-বেড, ড্রামট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান বলেন, আইসিডি মালিকরা শ্রমিকদের ন্যায্য মজুরি দেয় না। মজুরি বাড়ানো না হলে আরও বড় ধরনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। একই সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের বলেন, নিয়োগপত্র ও মজুরি নিয়ে মালিকরা তালবাহানা করছে। মালিকপক্ষ বারবার বৈঠকের আহ্বান উপেক্ষা করায় তারা বাধ্য হয়েই ধর্মঘট ও কর্মবিরতির পথ বেছে নিচ্ছেন।
এই পরিস্থিতিতে বিকডা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছে। বন্দরের চেয়ারম্যান বরাবর পাঠানো এক চিঠিতে সংগঠনটি জানায়, প্রাইম মুভার শ্রমিকদের স্বেচ্ছাচারী কর্মসূচির ফলে রপ্তানি কনটেইনার সময়মতো জাহাজীকরণ সম্ভব হচ্ছে না। এতে করে রপ্তানি পণ্য নির্ধারিত সময়ে ইউরোপ, আমেরিকা ও অন্যান্য গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হচ্ছে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দরের উৎপাদনশীলতা যেন ব্যাহত না হয়, সেজন্য সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিয়মিত সভার মাধ্যমে সতর্ক করা হচ্ছে। তিনি মনে করেন, আইসিডির অভ্যন্তরীণ সমস্যাগুলো সংশ্লিষ্টদের উদ্যোগেই সমাধান করা উচিত।
চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে ঘন ঘন শ্রমিক অসন্তোষ এবং অনির্ধারিত কর্মসূচি যে দেশের রপ্তানি খাতের জন্য একটি বড় হুমকি হয়ে উঠছে, তা নিয়ে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে ভবিষ্যতে ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।


