২০২৪ সালের ২৫ মে, যুক্তরাষ্ট্রের মেমফিসে ৪১ হাজার ফুট উচ্চতায় একটি উড়ন্ত বিমান থেকে লাফ দেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। বাংলাদেশের পতাকা হাতে নিয়ে করা তার এই স্কাইডাইভ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় গিনেস বুকে রেকর্ড হিসেবে অন্তর্ভুক্ত হয় ২০২৪ সালের ১ জুলাই। কিছুদিন পর, সেই বছরই ১২ সেপ্টেম্বর তিনি নিয়োগ পান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান হিসেবে।
পদ গ্রহণের পর আশিক চৌধুরী বিডা ও বেজার কার্যক্রমে নতুন গতি আনতে চেষ্টা করেন। গত সাত মাসে বিনিয়োগে আগ্রহ তৈরিতে বিভিন্ন প্রচারণা, সম্মেলন ও পরিকল্পনার রূপরেখা উপস্থাপন করেন তিনি। তবে এসব উদ্যোগের ফলাফল এখনো বিনিয়োগের পরিসংখ্যানে প্রতিফলিত হয়নি। বাস্তব বিনিয়োগ পরিস্থিতি এখনো নিম্নমুখী। বিদেশী বিনিয়োগে আগ্রহ যেমন কমেছে তেমনি দেশের শিল্প খাতে মূলধনি যন্ত্রপাতি আমদানির হারও কমেছে। এর বিপরীতে আশিক চৌধুরীর তৎপরতা ও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেলেও কার্যকর বিনিয়োগ প্রবাহে তার প্রতিফলন এখনো অনুপস্থিত।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই-মার্চ) দেশে নিট এফডিআই এসেছে ৮৬ কোটি ১০ লাখ ডলার। অথচ আগের অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১১৬ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ নিট এফডিআই প্রবাহ কমেছে প্রায় ২৬ শতাংশ। একইভাবে মূলধনি যন্ত্রপাতি আমদানির পরিমাণও কমেছে ২৮ দশমিক ৬৮ শতাংশ। চলতি অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে ১৫২ কোটি ১৫ লাখ ডলারের যন্ত্রপাতি আমদানি হয়েছে যেখানে আগের বছর ছিল ২১৩ কোটি ৩৩ লাখ ডলার।
এসব বাস্তবতা জানতে চাইলে গত রোববার থেকে একাধিকবার চেষ্টা করেও চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গতকাল তার দপ্তরে লিখিত প্রশ্ন পাঠানো হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি কোনো জবাব দেননি।
বিনিয়োগ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় অর্থ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, “বিনিয়োগ একটি চলমান প্রক্রিয়া এবং এটি সময়সাপেক্ষ। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতি সবসময়ই কিছুটা দুর্বল ছিল। এখন যেসব প্রতিশ্রুতি এসেছে তা বাস্তবায়নে সময় লাগবে। রাজনৈতিক অস্থিরতা, রোহিঙ্গা সংকট, এমনকি কয়েক দিনের যুদ্ধ পরিস্থিতিও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। এখনো সময় দিতে হবে পরিস্থিতির উন্নয়ন দেখতে।”
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার মাত্র চারদিন পরই চৌধুরী আশিক ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফআইসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিদেশি বিনিয়োগের চ্যালেঞ্জ দ্রুত সমাধানের আশ্বাস দেন। এরপর ৩০ অক্টোবর বিডার আয়োজিত একটি ওয়েবিনারে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দিয়ে তিনি একটি রোডম্যাপ উপস্থাপন করেন। সেখানে ব্যবসার সহজীকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি ছিল।
বিনিয়োগ প্রচারে তথ্যভিত্তিক কৌশলের অংশ হিসেবে ১৮ নভেম্বর বিডা ঘোষণা দেয় এফডিআই হিটম্যাপ তৈরির। এরপর ১৯ জানুয়ারি হিটম্যাপ প্রকাশ করে বলা হয়, এটি একটি ভবিষ্যৎ রূপরেখা যা বিনিয়োগ সংক্রান্ত সব সিদ্ধান্তে প্রাসঙ্গিক বিশ্লেষণ হিসেবে কাজ করবে।
২৩ মার্চ বিনিয়োগ সম্মেলনের ঘোষণা দেন আশিক চৌধুরী, যা অনুষ্ঠিত হয় এপ্রিল মাসে। সম্মেলনে ৫০টি দেশের ৪১৫ প্রতিনিধি অংশ নেন এবং ৩ হাজার ১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব আসে বলে জানান তিনি। তার সাবলীল উপস্থাপনা অনেকের দৃষ্টি কাড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার ঝড় ওঠে এবং একাধিক গণমাধ্যমে ‘আশিক ম্যাজিক’-এর প্রসঙ্গও উঠে আসে। কিন্তু সরকারি বিনিয়োগ পরিসংখ্যান বলছে, এসব প্রচারণার বাস্তব প্রতিফলন এখনো শুরু হয়নি।
স্থানীয় বিনিয়োগকারীরা জানিয়েছেন, বিদেশি রাষ্ট্রদূতদের প্রতিক্রিয়াও আশাব্যঞ্জক নয়। এক বিনিয়োগকারী এক রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছিলেন তাদের দেশের বিনিয়োগকারীরা কখন বাংলাদেশে কার্যকর বিনিয়োগ শুরু করতে পারেন। জবাবে রাষ্ট্রদূত বলেন, “রাজনৈতিক সরকার ছাড়া কোনো বিনিয়োগকারী বাংলাদেশে আসবে না।” আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়া এবং ‘মব হচ্ছে’ মন্তব্য দিয়ে তিনি বিনিয়োগের ঝুঁকি তুলে ধরেন।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, “বিদেশী বিনিয়োগকারীরা এখনো রাজনৈতিক সরকারের প্রতীক্ষায়। বর্তমানে দেশের বিনিয়োগ পরিবেশে স্থানীয় বিনিয়োগকারীরাই উদ্যোগ নিচ্ছেন না বিদেশীরা কেন নেবেন? ১৫ শতাংশের বেশি সুদে ঋণ, জ্বালানি ও পরিবহন ব্যয়ের চাপ, আমলাতান্ত্রিক জটিলতা এসব প্রতিবন্ধকতা বিনিয়োগকে নিরুৎসাহিত করছে।”
অন্যদিকে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান মনে করেন, আশিক চৌধুরীর উদ্যম ও আন্তর্জাতিক অভিজ্ঞতা সত্ত্বেও কেবল তার একার পক্ষে বিনিয়োগে পরিবর্তন আনা সম্ভব নয়। তার মতে, এটি একটি প্রাতিষ্ঠানিক প্রয়াস হওয়া উচিত। তিনি বলেন, “বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে এখনো সমন্বয়ের ঘাটতি রয়েছে। করনীতি অনুমানযোগ্য নয় অর্থ পাঠানোর জটিলতা আছে আর অবকাঠামো সমস্যাও রয়ে গেছে। প্রতিযোগিতামূলক দেশগুলো অনেক দিক থেকে এগিয়ে সেখানে বিদেশী বিনিয়োগকারীরা যেতে আগ্রহী হবেন বাংলাদেশে আসতে হলে একাধিক বিষয়ে নিশ্চিততা দরকার বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা।”
সবশেষে ৮ মে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চর পরিদর্শনে গিয়ে আশিক চৌধুরী আবারও বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, ডেনমার্কভিত্তিক শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান মায়ের্স্ক চট্টগ্রাম বন্দরে ৮০ কোটি ডলার বিনিয়োগ করবে। তবে সংশ্লিষ্টরা বলছেন, আশিক চৌধুরী বিনিয়োগ আকৃষ্ট করতে উদ্যোগ নিয়েছেন ঠিকই কিন্তু তার প্রতিফলন এখনো বাস্তবে দৃশ্যমান নয়।
সার্বিক বিবেচনায়, চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের প্রচেষ্টা ও প্রচারণা অনস্বীকার্য হলেও, বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে যে কাঠামোগত সমস্যা ও অনিশ্চয়তা রয়েছে তা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। ফলে ‘আশিক ম্যাজিক’ বাস্তব বিনিয়োগে রূপ নিতে হলে কেবল নেতৃত্ব নয় প্রয়োজন বহুমুখী প্রাতিষ্ঠানিক সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা।


