Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বড় বিনিয়োগের লক্ষ্যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর
    অর্থনীতি

    বড় বিনিয়োগের লক্ষ্যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর

    ইভান মাহমুদমে 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বড় বিনিয়োগের লক্ষ্যে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আজ মঙ্গলবার তাঁর প্রথম গন্তব্য সৌদি আরবের রাজধানী রিয়াদ। এই সফরের মূল লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রে বড় অঙ্কের উপসাগরীয় বিনিয়োগ নিশ্চিত করা যা তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতির আওতায় অর্থনৈতিক পুনর্জাগরণের অংশ।

    ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা মিডল ইস্ট ইনস্টিটিউট-এর জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ক্যারেন ইয়ং জানিয়েছেন, ট্রাম্প এই সফরে যুক্তরাষ্ট্রের জন্য নতুন উপসাগরীয় বিনিয়োগের ঘোষণা প্রত্যাশা করছেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, রিয়াদের বৈঠকে একটি বড় পোস্টারের মাধ্যমে উপস্থাপন করা হবে, এসব বিনিয়োগ কোথায় কীভাবে বাস্তবায়িত হবে এবং সেগুলো কীভাবে কর্মসংস্থান ও শিল্পখাতে প্রভাব ফেলবে।

    আজই ট্রাম্প রিয়াদে বৈঠক করবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। আগামীকাল বুধবার তিনি উপসাগরীয় দেশগুলোর নেতাদের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং সেদিনই কাতার সফরে যাবেন। সফরের শেষ দিন বৃহস্পতিবার তিনি সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাবেন। এর মধ্য দিয়ে তাঁর তিন দিনের মধ্যপ্রাচ্য সফর সম্পন্ন হবে।

    ট্রাম্পের এই সফর স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে, তাঁর প্রশাসনের কাছে উপসাগরীয় অঞ্চল এক অগ্রাধিকারপ্রাপ্ত অর্থনৈতিক অংশীদার। সম্প্রতি পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশ নিতে রোম সফরটি অনির্ধারিত হলেও সৌদি আরব থেকেই শুরু হলো দ্বিতীয় মেয়াদে তাঁর প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।

    উল্লেখযোগ্যভাবে, প্রথম মেয়াদের শুরুতেও ট্রাম্প সৌদি আরব সফর দিয়েই আন্তর্জাতিক সফর শুরু করেছিলেন যা আধুনিক মার্কিন প্রেসিডেন্টদের সাধারণ প্রথার ব্যতিক্রম। প্রচলিত রীতি অনুযায়ী প্রথম সফর হতো যুক্তরাজ্য, কানাডা কিংবা মেক্সিকোর মতো ঐতিহ্যগত মিত্রদের কাছে।

    এই সফর ঘিরে রিয়াদে আয়োজিত সৌদি-মার্কিন বিনিয়োগ সম্মেলনে উপস্থিত হয়েছেন ওয়াল স্ট্রিট ও সিলিকন ভ্যালির শীর্ষ নির্বাহীরা। এতে অংশ নিচ্ছেন ব্ল্যাকরক, প্যালান্টির, সিটিগ্রুপ, আইবিএম, কোয়ালকম, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট এবং ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের সিইওরা। এসব প্রতিষ্ঠান ট্রাম্পের অর্থনৈতিক কৌশলের অংশীদার হিসেবে নতুন বিনিয়োগে আগ্রহী।

    যুক্তরাষ্ট্রের অর্থনীতি বর্তমানে নানা চাপে রয়েছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের নতুন আমদানি শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনৈতিক উৎপাদন হ্রাস পেয়েছে যা গত তিন বছরে প্রথম।

    সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানুয়ারি মাসে ঘোষণা করেছিলেন, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে তাঁর দেশ। তবে ট্রাম্প চান, এই বিনিয়োগের অঙ্ক বেড়ে ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাক। তিনি আরও প্রত্যাশা করছেন, সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক সরঞ্জাম কিনবে।

    সৌদি সরকারের ঘনিষ্ঠ বিশ্লেষক ও লেখক আলি শিহাবি জানিয়েছেন, এই সফরে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তাঁর মতে, এসব চুক্তির মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হবে যৌথ উদ্যোগ গড়ে উঠবে এবং মার্কিন অস্ত্র ও পণ্যের চাহিদা বাড়বে।

    বর্তমানে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ-এর অধীনে রয়েছে প্রায় ৯২৫ বিলিয়ন ডলারের সম্পদ। এই তহবিল উবার, ইলেকট্রনিক আর্টস ও লুসিড মোটরসসহ যুক্তরাষ্ট্রে একাধিক বড় বিনিয়োগ করেছে।

    অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতও যুক্তরাষ্ট্রে আগামী ১০ বছরে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এই বিনিয়োগ মূলত এআই, সেমিকন্ডাক্টর, জ্বালানি ও উৎপাদন খাতে ব্যবহার করা হবে। গত মার্চে আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এসব পরিকল্পনার কথা জানায় হোয়াইট হাউস।

    তবে অর্থনীতিবিদ ক্যারেন ইয়ং মনে করেন, স্বল্প মেয়াদে এই বিপুল বিনিয়োগ বাস্তবসম্মত নয়। তাঁর মতে, এগুলো দীর্ঘমেয়াদি কৌশলগত উদ্যোগ এবং এখনই এগুলোর সফল বাস্তবায়ন নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়া উচিত হবে না।

    এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তি। ধারণা করা হচ্ছে, সৌদি আরব ১০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জাম কিনতে যাচ্ছে যার মধ্যে থাকবে ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম ও পরিবহন বিমান।

    সৌদি আরব দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অস্ত্রের বড় ক্রেতা। তবে ২০২১ সালে প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন সৌদি জোটের ইয়েমেন যুদ্ধ ও সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের কারণে হামলায় ব্যবহারযোগ্য অস্ত্র বিক্রি স্থগিত করেছিল। যদিও গত বছর পরিস্থিতি কিছুটা পাল্টে যায়। যুক্তরাষ্ট্র জানায়, সৌদি আরব ইয়েমেনে বোমাবর্ষণ বন্ধ করায় অস্ত্র বিক্রি আবার শুরু করা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, গাজা সংকট ও মধ্যপ্রাচ্য পুনর্গঠনে সৌদি আরবের ভূমিকা বিবেচনায় নিয়ে যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্ত নিয়েছে।

    বিশ্লেষক আলি শিহাবি বলেন, রিয়াদ এখন হোয়াইট হাউসের কাছে একটি কার্যকর ও দ্রুত অস্ত্র সরবরাহ ব্যবস্থার নিশ্চয়তা চাইছে যাতে দ্রুত মার্কিন গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম পাওয়া যায়। ট্রাম্প প্রশাসন ইতিমধ্যেই এসব চুক্তি বাস্তবায়নে কাজ শুরু করেছে এবং আশা করা হচ্ছে এই প্রক্রিয়া আরও সহজ হবে।

    এই সফরে আরেকটি আলোচ্য বিষয় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর খাতে উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগ। বিশেষত আমিরাত ও সৌদি আরব নিজেদের অর্থনীতিকে তেলনির্ভরতা থেকে সরিয়ে প্রযুক্তিভিত্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে বিপুল বিনিয়োগ করছে। আমিরাত আন্তর্জাতিক এআই কেন্দ্র হিসেবে গড়ে উঠতে চায়।

    সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাইডেন আমলের চিপ রপ্তানিনিরোধ আইন বাতিল করেছে, যা ১২০টির বেশি দেশের ওপর কড়াকড়ি আরোপ করেছিল। এখন হোয়াইট হাউস নতুন রপ্তানি নীতিমালা তৈরি করছে এবং আমিরাতের মতো দেশের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা করছে।

    অর্থনীতিবিদ ক্যারেন ইয়ং বলেন, “আমিরাতের জন্য মার্কিন প্রযুক্তিতে প্রবেশাধিকার পাওয়া অত্যন্ত জরুরি। কারণ, তারা আক্রমণাত্মকভাবে নিজেদের এআই সক্ষমতা গড়ে তুলছে এবং প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায়।”

    ট্রাম্পের সফর মূলত উপসাগরীয় দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ আকর্ষণের দিকে কেন্দ্রীভূত হলেও এই সফর সৌদি আরবের ভিশন ২০৩০-এর জন্যও সমানভাবে গুরুত্বপূর্ণ। এই পরিকল্পনার মাধ্যমে সৌদি সরকার নিজেদের অর্থনৈতিক কাঠামো নতুন করে সাজাতে চাইছে। এর অংশ হিসেবে ‘দ্য লাইন’ নামে একটি লিনিয়ার শহর, পর্যটন, বিনোদন, খনি ও খেলাধুলা খাতে বিশাল বিনিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

    তবে সৌদি আরবে টানা তৃতীয় বছরের মতো বিদেশি বিনিয়োগ কমেছে। বিশ্ববাজারে তেলের দাম হ্রাস পাওয়ায় দেশটির অর্থনীতি চাপের মুখে পড়েছে যা উন্নয়ন লক্ষ্য অর্জনে ঝুঁকি তৈরি করছে।

    বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ, বাণিজ্যযুদ্ধের হুমকি এবং ওপেক প্লাসের তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত তেলের দামকে চার বছরের মধ্যে সর্বনিম্নে নামিয়ে এনেছে। কিছু বিশ্লেষকের মতে, ট্রাম্পের তেলের দাম কমানোর আহ্বান মেনেই ওপেক প্লাস এমন সিদ্ধান্ত নিয়েছে। আবার কেউ মনে করেন, বিশ্ব অর্থনীতির প্রতি আস্থা থেকেই উৎপাদন বাড়ানো হয়েছে।

    এদিকে ইউএস-সৌদি বিজনেস কাউন্সিল আশা করছে, ট্রাম্পের সফরের ফলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সৌদি আরবে বিনিয়োগে আরও আগ্রহী হবে। বিশেষ করে এআই, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে বলে মনে করছে তারা। কাউন্সিলের রিয়াদ কার্যালয়ের প্রধান হুথাম আল জালাল জানিয়েছেন, সৌদি সরকার এসব খাতে বিনিয়োগে আগ্রহী এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে চায়।

    ট্রাম্পের সফর সৌদি আরবের জন্য পুরোনো পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের সুযোগ এনে দিয়েছে। অন্যদিকে ট্রাম্পের জন্য এই সফর বড় বিনিয়োগ চুক্তি এনে দিতে পারে যা তিনি দেশে ফিরে নিজের অর্থনৈতিক কৌশলের সাফল্য হিসেবে তুলে ধরতে পারবেন।

    বিশ্লেষক আলি শিহাবি বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প চাচ্ছেন এমন একটি শিরোনাম যা যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগের বার্তা দেবে। আর এই সফর থেকে তিনি সেটা পেয়ে যাবেন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.