দীর্ঘদিনের আলোচনা ও মতপার্থক্যের অবসান ঘটিয়ে অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে নতুন কিস্তির ঋণ দিতে সম্মত হয়েছে। মূলত বিনিময় হার নিয়ে মতানৈক্যের জট কেটে যাওয়ার পর এই সিদ্ধান্ত আসে। ফলে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের অংশ হিসেবে জুন মাসেই বাংলাদেশ পাচ্ছে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে আইএমএফ-এর সঙ্গে একাধিক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। এসব আলোচনার ফলেই ঋণ ছাড়ের পথে সম্মতি এসেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
ঋণ ছাড়ের এই কিস্তি আটকে ছিল মূলত বিনিময় হার নির্ধারণ পদ্ধতি নিয়ে আইএমএফ-এর সঙ্গে মতপার্থক্যের কারণে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি যে পদ্ধতিতে টাকা ও ডলারের বিনিময় হার নির্ধারণ করেছে, তা ‘ক্রলিং পেগ’ নামে পরিচিত। এই ব্যবস্থায় বিনিময় হারে আংশিকভাবে বাজারের ওপর নির্ভরতা বাড়ানো হয় তবে কিছু নির্ধারিত সীমারেখাও থাকে। আইএমএফ চাচ্ছিল আরও বেশি নমনীয়তা আর বাংলাদেশ ব্যাংক চাইছিল নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা ধরে রাখতে। আলোচনার মাধ্যমে দুই পক্ষ এখন এক ধরনের সমঝোতায় পৌঁছেছে।
বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী বুধবার। ওই দিন বাংলাদেশ ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ঋণ ছাড় সংক্রান্ত চূড়ান্ত চুক্তির কথা জানানো হবে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ভার্চুয়ালি এই সংবাদ সম্মেলনে যুক্ত হবেন।
বাংলাদেশ ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সংবাদ সম্মেলনে আইএমএফ-এর সঙ্গে ঋণ ছাড়ের বিষয়ে সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত অবস্থান তুলে ধরা হবে। এতে স্পষ্ট হবে, বিনিময় হার ও আর্থিক নীতিতে কাঙ্ক্ষিত সংস্কার আনার বিষয়ে বাংলাদেশ যে প্রতিশ্রুতি দিয়েছিল তা বাস্তবায়নের পথে কতটা অগ্রসর হয়েছে।
বিশ্লেষকদের মতে, এই ঋণ কিস্তি ছাড় হওয়া বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি আনবে। পাশাপাশি এটি আর্থিক ব্যবস্থাপনার প্রতি আন্তর্জাতিক আস্থাও বাড়াবে।

