জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দুটি বিভাগ গঠনের সিদ্ধান্তে এনবিআরের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এতে রাজস্ব আদায়ে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি আশ্বস্ত করে বলেন, বিশ্বের অন্যান্য দেশেও রাজস্ব নীতি ও বাস্তবায়নের জন্য আলাদা বিভাগ থাকে। বাংলাদেশের ক্ষেত্রেও বিষয়টি ব্যতিক্রম নয়।
মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, এনবিআরের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে কর্মকর্তাদের দুশ্চিন্তার কারণ নেই।
সালেহউদ্দিন আহমেদ বলেন, “রাজস্ব আদায়ে এর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। বরং এ বছর এখন পর্যন্ত রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি গত বছরের তুলনায় ২ শতাংশ বেশি। তাই এটি হতাশাজনক নয়। আমরা আরও বেশি রাজস্ব আদায়ের প্রত্যাশা করছি। অন্তত গত বছরের চেয়ে কম হবে না।”
আসন্ন বাজেট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা জানান, বড় ধরনের ঘাটতি থাকছে না। প্রকল্প বাস্তবায়ন এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবতার ভিত্তিতেই নির্ধারিত হবে। তিনি বলেন, “ব্যাংক থেকে বেশি ঋণ নিয়ে বা টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়নের কোনো পরিকল্পনা নেই। কিছুটা ঘাটতি অবশ্য থাকবে, তবে তা পূরণে আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে এবং তাতে আমরা মোটামুটি সফল হয়েছি।”
রাজস্ব নীতি ও বাস্তবায়নকে পৃথক করার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, “বিশ্বের সব দেশেই নীতি প্রণয়ন ও বাস্তবায়ন বিভাগ আলাদা। যাঁরা রাজস্ব নীতি তৈরি করবেন, তাঁদের অর্থনীতি, জিডিপি, পরিসংখ্যান ও সামগ্রিক আর্থিক কাঠামো সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। একই ব্যক্তি নীতি প্রণয়ন এবং রাজস্ব সংগ্রহ—দু’টি কাজ একসঙ্গে করতে পারেন না।”
সোমবার রাতে সরকার এক অধ্যাদেশ জারি করে এনবিআর বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি বিভাগ’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ’ নামে দুটি নতুন বিভাগ গঠনের ঘোষণা দেয়। ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ নামে বহুল আলোচিত এই উদ্যোগ বাস্তবায়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে বিসিএস আয়কর ও কাস্টমস ক্যাডারের অনেক কর্মকর্তা এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। এনবিআর ভেঙে আলাদা বিভাগ গঠনের সিদ্ধান্ত তাঁদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। এসব প্রেক্ষাপটেই মঙ্গলবার অর্থ উপদেষ্টা সাংবাদিকদের কাছে সরকারের অবস্থান তুলে ধরেন।
সরকারের দাবি, এই সংস্কারের মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়বে। তবে সংশ্লিষ্টদের অভ্যন্তরীণ উদ্বেগ নিরসনে প্রশাসনের পক্ষ থেকে আরও বিস্তারিত ব্যাখ্যা ও অংশগ্রহণমূলক আলোচনার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

