চলতি বছরে দেশে লবণ উৎপাদন লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় পাঁচ লাখ টন কম হয়েছে। অথচ চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলে দাম বাড়ার কথা থাকলেও বাস্তবে ঘটেছে উল্টো। বাজারে দাম কমে যাওয়ায় উৎপাদকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর প্রধান কারণ হিসেবে উঠে এসেছে শিল্প খাতে ব্যবহারের জন্য আমদানি করা সোডিয়াম সালফেট এবং ভোজ্য লবণ (সোডিয়াম ক্লোরাইড) অবাধে সরবরাহের অভিযোগ। এতে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন উপকূলীয় অঞ্চলের প্রান্তিক লবণচাষীরা।
২০২৪ সালের ১ নভেম্বর শুরু হওয়া লবণ মৌসুম শেষ হবে ১৬ মে। বিসিক সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দেশে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৬ লাখ ১০ হাজার টন। কিন্তু গতকাল পর্যন্ত উৎপাদন হয়েছে ২১ লাখ ১ হাজার ৬০০ টন। মে মাসের শুরুতে বৃষ্টিপাতের কারণে উৎপাদনে ব্যাঘাত ঘটেছে। ফলে মৌসুম শেষে সাড়ে চার থেকে পাঁচ লাখ টনের ঘাটতি দেখা দিতে পারে। এ অবস্থায় চাষীরা বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন।
বিসিকের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে লবণ উৎপাদনে মণপ্রতি ব্যয় হয়েছে ৩৪০ থেকে ৩৫০ টাকা। অথচ মৌসুমের শুরু থেকেই প্রতি মণ লবণ বিক্রি হয়েছে ১৮০ থেকে ২০০ টাকায়। এভাবে টানা লোকসান গুনতে হয়েছে চাষীদের। সম্প্রতি সরবরাহ কমে যাওয়ায় দাম কিছুটা বেড়ে বর্তমানে প্রতি মণ ৩১০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে তাতেও অধিকাংশ চাষী উৎপাদন খরচ তুলতে পারছেন না। বড় উৎপাদকরা কোনোভাবে টিকে থাকলেও প্রান্তিক চাষীরা এখনও লোকসানের মধ্যেই রয়েছেন। অনেক চাষী বাধ্য হয়ে মিল মালিক ও ব্যাপারীদের কাছে কম দামে লবণ বিক্রি করছেন।
প্রশ্ন উঠেছে, যখন উৎপাদন ঘাটতি রয়েছে তখন বাজারে সরবরাহ কীভাবে বেড়েছে? সংশ্লিষ্ট চাষী ও মিল মালিকদের দাবি, শিল্প খাতে ব্যবহারের কথা বলে সোডিয়াম সালফেট আমদানির আড়ালে ভোজ্য লবণ আমদানি করা হচ্ছে। এতে স্থানীয় উৎপাদকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
লবণ শিল্প উন্নয়ন কেন্দ্রের প্রধান ও বিসিকের উপমহাব্যবস্থাপক মো. জাফর ইকবাল ভূঁইয়া বলেন, “এখন পর্যন্ত ২১ লাখ টনের বেশি লবণ উৎপাদন হয়েছে। মে মাসের শুরুতে কিছু বৃষ্টিপাত হওয়ায় উৎপাদন কমেছে। যদিও বর্তমানে উৎপাদন চলছে তবু মৌসুম শেষে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয়।” তিনি আরও জানান, মাঠ পর্যায়ে লবণের দাম কম থাকায় চাষীরা কষ্টে দিন পার করছেন।
২০২৩-২৪ অর্থবছরে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ২৫ লাখ ২৮ হাজার টন, যেখানে উৎপাদন হয়েছিল ২৭ লাখ ৪ হাজার ৮৯০ টন। ওই মৌসুমে রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন করেছিলেন চাষীরা। তবে এবারে মৌসুমের শুরু ও শেষের দিকে বৈরী আবহাওয়া এবং আমদানি লবণের কারণে লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এ বিষয়ে পরিশোধিত লবণ বিপণনকারী প্রতিষ্ঠান মালেক সল্টের স্বত্বাধিকারী এ খালেক পারভেজ বলেন, “শিল্প লবণের আড়ালে ভোজ্য লবণ আমদানির অভিযোগ দীর্ঘদিনের। যদিও সরকারি নজরদারির কারণে এ প্রবণতা কিছুটা কমেছে। তবে বিদেশ থেকে আমদানির সুযোগ সীমিত হওয়ায় গত দুই সপ্তাহে দাম বেড়েছে। মৌসুম শেষে উৎপাদন ঘাটতির কারণে দাম আরও বাড়তে পারে।”
খাতসংশ্লিষ্টদের মতে, চাষীরা মৌসুমেই লবণ বিক্রি করে দেন। তখন ব্যাপারী ও মিল মালিকরা লবণ কিনে মজুদ করেন। মৌসুম শেষে বাজারে সরবরাহ কমে গেলে দাম বাড়ে। তখন লাভের ভাগ পান মিল মালিক ও ব্যবসায়ীরা, চাষীরা নয়। তাদের অভিযোগ, বন্ড সুবিধার আওতায় আমদানিকৃত শিল্প লবণ ভোজ্য খাতে সরবরাহ করায় বাজারে সংকট তৈরি হয়েছে যার ফলে চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছেন না।
বিসিকের পরিসংখ্যান অনুযায়ী, গত মৌসুমে লবণ চাষ হয়েছিল ৬৮ হাজার ৩৫৭ একর জমিতে। চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৯৮ একরে। চাষীর সংখ্যাও বেড়েছে ৪০ হাজার ৬৯৫ থেকে হয়েছে ৪১ হাজার ৩৫৫ জন। দেশে ভোজ্য লবণের পাশাপাশি টেক্সটাইল ও অন্যান্য শিল্প খাতে লবণের চাহিদা ক্রমেই বাড়ছে।
চট্টগ্রামের একটি লবণ মিলের নাম প্রকাশে অনিচ্ছুক স্বত্বাধিকারী বলেন, “বড় মিলার ও শিল্প গ্রুপগুলো সোডিয়াম সালফেট ঘোষণা দিয়ে ভোজ্য লবণ আমদানি করছে। এতে ঘাটতি থাকা সত্ত্বেও বাজারে সরবরাহ কমছে না। ফলে দেশীয় প্রান্তিক চাষীরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।” তিনি মনে করেন, স্থানীয় লবণ উৎপাদন খাতকে টিকিয়ে রাখতে আমদানি প্রক্রিয়ায় কঠোর নজরদারি জরুরি।
সবমিলিয়ে দেখা যাচ্ছে, দেশে লবণ উৎপাদনে ঘাটতি থাকলেও বাজারে ভোজ্য লবণের সরবরাহ বাড়তি। এর পেছনে মূল ভূমিকা পালন করছে আমদানি লবণ যা চাষীদের জন্য একপ্রকার সংকট তৈরি করেছে। উৎপাদন খরচ তুলতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো চাষী। এই সংকট উত্তরণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে লবণ উৎপাদক ও খাতসংশ্লিষ্টদের পক্ষ থেকে।

