আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানি তেল বা জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে করে বাংলাদেশের আকাশপথ ব্যবহার ও ট্রানজিট হাব হিসেবে আকর্ষণ বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন নির্ধারিত দামে আন্তর্জাতিক রুটে জেট ফুয়েলের প্রতি লিটার ৭৫ সেন্ট থেকে কমিয়ে ৬০ সেন্ট করা হয়েছে। অভ্যন্তরীণ রুটে লিটারপ্রতি মূল্য ১১১ টাকা থেকে কমিয়ে ৯৩ টাকা ৫৭ পয়সা নির্ধারণ করা হয়েছে। বিইআরসির এ সিদ্ধান্ত আজ মঙ্গলবার রাত ১২টা থেকে কার্যকর হবে।
এর আগে জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল বাংলাদেশে জেট ফুয়েলের দাম অতিমাত্রায় বেশি হওয়ায় আন্তর্জাতিক অনেক এয়ারলাইনস ট্রানজিট সুবিধা নিয়েও বাংলাদেশকে এড়িয়ে চলত। এতে করে সম্ভাব্য বৈদেশিক আয়ের সুযোগ হাতছাড়া হতো এবং বৈশ্বিক প্ল্যাটফর্মে দেশের অবস্থানও দুর্বল থাকত।
বিইআরসির নতুন মূল্য নির্ধারণের এই সিদ্ধান্তের ফলে বাজারদর এখন থেকে প্রতি মাসে আমদানি মূল্যের ভিত্তিতে সমন্বয় হবে। অর্থাৎ আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশেও বাড়বে, আবার কমলে দেশেও কমবে। এ বিষয়ে অন্যান্য কমিশন বা কর অপরিবর্তিত থাকবে।
আজ এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। এ সময় কমিশনের অন্যান্য সদস্য মিজানুর রহমান, সৈয়দা সুলতানা রাজিয়া, আব্দুর রাজ্জাক ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহিদ সারওয়ার উপস্থিত ছিলেন।
বিগত বছরের ১৫ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের ক্ষমতা বিইআরসিকে প্রদান করা হয়। এর আগে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্বাহী আদেশে নির্ধারণের প্রথা বাতিল করে। এরপর ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি আয়োজন করে বিইআরসি। সে সময় বিপিসি প্রস্তাব দিয়েছিল আন্তর্জাতিক রুটের ক্ষেত্রে লিটারপ্রতি ১ সেন্ট কমানো এবং অভ্যন্তরীণ রুটের ক্ষেত্রে ১ টাকা বাড়ানোর।
বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে দেশে জেট ফুয়েলের বিক্রয় পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ টন, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪১ হাজার ৩৩ টনে। এই প্রবৃদ্ধি দেশের এভিয়েশন খাতের সম্ভাবনার ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত ২০০৩ সালে এনার্জি রেগুলেটরি কমিশন আইন পাস করে গঠিত হয় বিইআরসি। আইনে সব ধরনের জ্বালানির দাম নির্ধারণের ক্ষমতা কমিশনকে দেওয়া হলেও প্রবিধানমালার অভাবে এতদিন তা বাস্তবায়ন করা যায়নি। ফলে কমিশন শুধু গ্যাস ও বিদ্যুতের দাম নির্ধারণে সীমাবদ্ধ ছিল।
২০২৩ সালে বিগত আওয়ামী লীগ সরকার আইন সংশোধন করে জ্বালানির দাম নির্বাহী আদেশে নির্ধারণের বিধান যুক্ত করে। এতে কার্যত বিইআরসি অকার্যকর হয়ে পড়ে। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার ওই ধারা বাতিল করায় আবার সক্রিয় হয়ে ওঠে প্রতিষ্ঠানটি।
তবে এখনো ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম আগের মতোই নির্বাহী আদেশে নির্ধারিত হচ্ছে। যে প্রবিধানমালার অজুহাতে এতদিন জ্বালানি তেলের দাম প্রশাসনিকভাবে নির্ধারণ করা হতো, সেগুলো ২০১২ সাল থেকে ঝুলে আছে। অন্তর্বর্তী সরকারের শুরুর দিকে এগুলোতে নড়চড় হলেও বর্তমানে আবার আগের মতোই তা গোপনেই পড়ে রয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, জ্বালানি তেলের নির্ধারণে স্বচ্ছতা ও স্থিতিশীলতা আনতে হলে দ্রুত এসব প্রবিধানমালা চূড়ান্ত করে বিইআরসিকে পূর্ণ ক্ষমতা দিয়ে কার্যকরভাবে কাজ করতে দেওয়া উচিত। তা না হলে বাজারে মূল্য নিয়ন্ত্রণ এবং জনগণের স্বার্থ রক্ষা দুই-ই বাধাগ্রস্ত হবে।

