জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে দেশের রাজস্ব প্রশাসনে বড় ধরনের সংস্কার আনলো অন্তর্বর্তী সরকার। এ পরিবর্তনের অংশ হিসেবে এনবিআরের স্থানে দুটি নতুন বিভাগ গঠন করা হয়েছে রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। এই নতুন কাঠামো চালুর উদ্দেশ্য, পটভূমি ও সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
১৩ মে (মঙ্গলবার) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, কর নীতিনির্ধারণ ও কর প্রশাসনকে আলাদা করে দক্ষতা বাড়ানো, স্বার্থের সংঘাত কমানো এবং দেশের করভিত্তি বিস্তৃত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
প্রেস সচিব জানান, প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে প্রতিষ্ঠিত এনবিআর কখনোই রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণে সফল হয়নি। বর্তমানে বাংলাদেশের কর-জিডিপি অনুপাত মাত্র ৭ দশমিক ৪ শতাংশ, যা এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। তুলনামূলকভাবে বৈশ্বিক গড় ১৬ দশমিক ৬ শতাংশ এবং মালয়েশিয়ার কর-জিডিপি অনুপাত ১১ দশমিক ৬ শতাংশ। অথচ টেকসই উন্নয়ন অর্জনে বাংলাদেশকে অন্তত ১০ শতাংশ কর-জিডিপি অনুপাতে পৌঁছাতে হবে। এ লক্ষ্য অর্জনে এনবিআরের কাঠামোগত সংস্কার একান্ত প্রয়োজন বলে মনে করে সরকার।
তিনি আরও বলেন, কর নীতি প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব একটি একক প্রতিষ্ঠানের হাতে থাকা স্বার্থের দ্বন্দ্ব ও প্রশাসনিক অদক্ষতা সৃষ্টি করে। এর ফলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের অভিযোগ নীতিমালাগুলো ন্যায্যতা, প্রবৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার চেয়ে রাজস্ব আদায়কেই বেশি গুরুত্ব দেয় বিচ্ছিন্ন নয়। বর্তমান সংস্কার কেবল আমলাতান্ত্রিক পুনর্বিন্যাস নয় বরং এটি একটি ন্যায্য ও কার্যকর রাজস্ব ব্যবস্থার ভিত্তি রচনার চেষ্টার অংশ।
এনবিআর যে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল, তা পোস্টে স্পষ্টভাবে তুলে ধরা হয়। নীতিনির্ধারণ ও বাস্তবায়নের কাজ একই ছাতার নিচে রাখার ফলে কর নীতিতে আপস ও ব্যাপক অনিয়ম ঘটেছে। রাজস্ব কর্মকর্তারা প্রায়ই কোনো কার্যকর জবাবদিহির আওতার বাইরে থেকে কর খেলাপিদের সঙ্গে আপস করে রাজস্ব আদায়ে সমঝোতায় যান। কর আদায়কারীদের কর্মদক্ষতা পরিমাপ বা মূল্যায়নের কোনো নিরপেক্ষ পদ্ধতি নেই এবং তাদের পদোন্নতি কার্যত ব্যক্তিগত পছন্দনির্ভর।
এর ফলে করজাল সংকীর্ণ রয়ে গেছে এবং রাজস্ব আদায়ের সম্ভাবনার তুলনায় বাস্তব আয় অনেক পিছিয়ে। এনবিআর বিনিয়োগবান্ধব নীতিতে ঘাটতি, আইন প্রয়োগে অসামঞ্জস্যতা ও দুর্বল শাসনব্যবস্থার কারণে ব্যবসায়ীদের আস্থা হারিয়েছে এবং আইনের শাসন দুর্বল হয়েছে।
বর্তমান কাঠামোতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব একই সঙ্গে এনবিআরের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন যা সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি ও দ্বৈত কর্তৃত্ব তৈরি করেছিল। অন্যদিকে এনবিআরের সংস্কার উদ্যোগ অভিজ্ঞ কর ও শুল্ক কর্মকর্তাদের মধ্যে উৎকণ্ঠা সৃষ্টি করেছে। তাদের মধ্যে অনেকেই মনে করছেন, এই সংস্কারে তাঁদের উপেক্ষা করা হতে পারে বা প্রান্তিক করে রাখা হতে পারে।
এই প্রেক্ষাপটে নতুন গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগগুলোর আলাদা দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রণয়ন, হার নির্ধারণ এবং আন্তর্জাতিক কর চুক্তি পরিচালনার কাজ করবে। অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ কর আদায়, নিরীক্ষা এবং করদাতার সম্মতি তদারক করবে। এর ফলে কর নীতি ও তার প্রয়োগ আলাদা হাতের মধ্যে থাকায় যোগসাজশের ঝুঁকি কমবে এবং জবাবদিহি বাড়বে।
সংস্কারের ফলে প্রতিটি বিভাগ তাদের নির্ধারিত কাজের ওপর আরও দক্ষ ও নিবেদিতভাবে মনোনিবেশ করতে পারবে। এর মাধ্যমে স্বার্থের সংঘাত হ্রাস পাবে, প্রাতিষ্ঠানিক সততা বাড়বে এবং পরোক্ষ করের ওপর নির্ভরতা কমিয়ে প্রত্যক্ষ করের ভিত্তি সম্প্রসারিত হবে। এতে করজালের আওতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দক্ষ পেশাজীবীদের উপযুক্ত দায়িত্বে নিয়োগ দিয়ে রাজস্ব প্রশাসনে পেশাদারিত্ব নিশ্চিত করা যাবে।
সরকার আশা করছে, এই পরিবর্তনের মাধ্যমে প্রমাণভিত্তিক, দীর্ঘমেয়াদি করনীতি তৈরি সম্ভব হবে যা বারবার পরিবর্তন না করে ভবিষ্যতমুখী পরিকল্পনা অনুসরণে সক্ষম হবে। একই সঙ্গে পেশাদার, স্বচ্ছ ও পূর্বাভাসযোগ্য কর প্রশাসন ব্যবসা পরিবেশে স্থিতিশীলতা আনবে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন করবে।
এর আগে সোমবার (১২ মে) দিবাগত রাতে সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে। বহুল আলোচিত এই পদক্ষেপ রাজস্ব খাত সংস্কারের অংশ হিসেবে নেওয়া হয়। সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণ করতেই সরকার এই কাঠামো পরিবর্তনের উদ্যোগ নেয়। তবে এতে আয়কর ও কাস্টমস ক্যাডারের অনেক কর্মকর্তার মতামত উপেক্ষিত হয়েছে বলে জানা গেছে।
রাজস্ব প্রশাসনের এই আমূল সংস্কার দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ মোড়বদলের ইঙ্গিত দিচ্ছে যার কার্যকারিতা সময়ই বলে দেবে। তবে সরকারের পক্ষ থেকে এটি একটি সাহসী ও কাঠামোগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা টেকসই অর্থনৈতিক লক্ষ্য অর্জনে বড় ভূমিকা রাখতে পারে।

