Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কর প্রশাসনে শতবর্ষের প্রাচীন ধারা ভেঙে আধুনিক কাঠামোর পথে বাংলাদেশ
    অর্থনীতি

    কর প্রশাসনে শতবর্ষের প্রাচীন ধারা ভেঙে আধুনিক কাঠামোর পথে বাংলাদেশ

    ইভান মাহমুদমে 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কর প্রশাসনে শতবর্ষের প্রাচীন ধারা ভেঙে আধুনিক কাঠামোর পথে বাংলাদেশ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের কর প্রশাসনে শতাব্দী পুরোনো একটি কাঠামোর অবসান ঘটেছে। ব্রিটিশ শাসনামলে ভূমি কর আদায়ে গঠিত রাজস্ব বোর্ড, যা ভারতীয় উপমহাদেশে ১৯২৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল অবশেষে তা ভেঙে নতুন কাঠামোয় ঢেলে সাজিয়েছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। প্রায় একশ এক বছর পর এই পরিবর্তন বাংলাদেশের করব্যবস্থায় এক যুগান্তকারী ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে।

    সোমবার রাতে জারি করা একটি অধ্যাদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-কে দুটি স্বতন্ত্র বিভাগে বিভক্ত করা হয়েছে একটি রাজস্ব নীতিনির্ধারণে এবং অপরটি বাস্তবায়নে। এর মধ্য দিয়ে একদিকে যেমন প্রশাসনিক আধুনিকায়নের পথ সুগম হলো তেমনি করদাতাদের হয়রানি কমানো ও স্বচ্ছতা বৃদ্ধির প্রত্যাশা জোরদার হলো।

    সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, এই কাঠামো সংস্কারের ফলে নীতি প্রণয়ন ও বাস্তবায়নকারী দুই বিভাগ নিজ নিজ কার্যক্রমে মনোযোগী হতে পারবে। এতে স্বার্থের দ্বন্দ্ব কমবে, প্রাতিষ্ঠানিক সততা বৃদ্ধি পাবে এবং করদাতাদের সেবার মান উন্নত হবে। পাশাপাশি দক্ষ পেশাজীবীদের মাধ্যমে প্রত্যক্ষ কর সংগ্রহকে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।

    প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়, এই সংস্কার করের আওতা বৃদ্ধি, পরোক্ষ কর নির্ভরতা কমানো এবং পেশাদার প্রশাসন গড়ে তুলে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির পথ তৈরি করবে। একইসঙ্গে কর নির্ধারণকারী কর্মকর্তারা যেন কর সংগ্রহে যুক্ত না থাকেন সেটাও নিশ্চিত করা হবে যাতে অপব্যবহারের সুযোগ কমে যায়।

    নতুন অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগের নেতৃত্বে থাকবেন ‘উপযুক্ত যোগ্যতাসম্পন্ন’ কোনো সরকারি কর্মকর্তা। এই বিভাগ কর আইন প্রণয়ন, করের হার নির্ধারণ এবং আন্তর্জাতিক চুক্তি ও আপিলাত ট্রাইব্যুনাল ব্যবস্থাপনার কাজ করবে। এ বিভাগে নিয়োগ পাবেন আয়কর, ভ্যাট, কাস্টমস, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, পরিসংখ্যান, নিরীক্ষা ও আইন বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তারা। এ ছাড়া একটি পরামর্শক কমিটি গঠনের কথাও বলা হয়েছে, যেখানে থাকবেন অর্থনীতিবিদ, রাজস্ব বিশেষজ্ঞ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা।

    অন্যদিকে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে থাকবেন রাজস্ব আহরণে অভিজ্ঞ কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা। এই বিভাগ সরাসরি রাজস্ব সংগ্রহ, এনফোর্সমেন্ট ও অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের দায়িত্বে থাকবে।

    অতীতে ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে গঠিত এনবিআর অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)-এর মাধ্যমে পরিচালিত হতো। নতুন অধ্যাদেশ অনুসারে আইআরডি বিলুপ্ত হবে। এর কর্মকর্তারা রাজস্ব নীতি বিভাগে এবং এনবিআরের বর্তমান কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে স্থানান্তরিত হবেন।

    এনবিআরের সাবেক চেয়ারম্যান এবং রাজস্ব সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ আবদুল মজিদ বলেন, “এই সংস্কার নিয়ে বহু বছর ধরে আলোচনা চলছিল কিন্তু রাজনৈতিক অদূরদর্শিতা ও অনাগ্রহের কারণে তা আলোর মুখ দেখেনি। এবার অন্তর্বর্তীকালীন সরকার সে ইচ্ছাশক্তি দেখিয়েছে।”

    তবে সংস্কার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবসায়ী নেতারা ও কিছু বিশেষজ্ঞ। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, “রাজস্ব নীতি ও বাস্তবায়ন পৃথক করার দাবি দীর্ঘদিনের। এবার তা বাস্তবায়ন হলেও প্রক্রিয়াটি ছিল খুবই গোপনীয়। গভীর রাতে অধ্যাদেশ জারি করা হয়েছে আর এতে ব্যবসায়ী সমাজের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে আমাদের মনে হচ্ছে।”

    তিনি আরও প্রশ্ন তোলেন, “নতুন সরকার এই বিভাজন মেনে নেবে তো? সব পক্ষের সম্মতি ছাড়া এমন বড় পরিবর্তন কতটা কার্যকর হবে?” একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। তাঁর ভাষায়, “এই সংস্কার দীর্ঘদিনের দাবি হলেও প্রক্রিয়ার স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় এর বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে।”

    অধ্যাদেশ প্রকাশের পর এনবিআরের দুই প্রধান ক্যাডার কাস্টমস ও আয়কর এর কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তাঁদের আশঙ্কা, এই প্রক্রিয়ার মাধ্যমে প্রশাসন ক্যাডারের কর্তৃত্ব বেড়ে যাবে এবং এনবিআরের নিজস্ব কর্মকর্তারা কোণঠাসা হয়ে পড়বেন।

    নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক কাস্টমস কর্মকর্তা বলেন, “এই সংস্কারে আমাদের মতামত উপেক্ষা করা হয়েছে। এডমিন ক্যাডার এখন আধিপত্য বিস্তার করবে।”

    অন্যদিকে, সরকারের অন্যান্য সংস্কার কমিশনের প্রতিবেদন ওয়েবসাইটে প্রকাশ পেলেও রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ গোপন রাখা হয়েছে। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।

    এনবিআর বিলুপ্ত করে পৃথক বিভাগ গঠনের প্রতিবাদে কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তারা গতকাল কলম বিরতির ঘোষণা দিয়েছেন। তাঁরা পূর্ণ কমিশন রিপোর্ট প্রকাশেরও দাবি তুলেছেন।

    রাজস্ব সংস্কার কমিশনের সদস্য মো. আমিনুর রহমান জানান, তাঁদের প্রস্তাব ছিল দুটি বিভাগের প্রধান ও মাঠপর্যায়ের দায়িত্বশীলরা হবেন এনবিআরের দুই ক্যাডারের অভিজ্ঞ কর্মকর্তা। কারণ রাজস্ব ব্যবস্থাপনা অত্যন্ত কারিগরি ও স্পেশালাইজড জ্ঞানসম্পন্ন বিষয়। তাঁর মতে, “অধ্যাদেশ দেখে মনে হয়েছে, আমাদের প্রস্তাবের পুরোটা বাস্তবায়িত হয়নি।”

    সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, “রুলস অব বিজনেস অনুযায়ী, কোনো ‘ডিভিশন’ এনফোর্সমেন্টের কাজ করতে পারে না, এটি করতে পারে ‘এজেন্সি’। অথচ অধ্যাদেশে ‘ডিভিশন’ কথাই বলা আছে যা আইনগতভাবে অসামঞ্জস্যপূর্ণ।”

    তবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আশ্বস্ত করেছেন, এই পরিবর্তন রাজস্ব আহরণে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না এবং এনবিআরের কর্মকর্তাদের ক্যারিয়ারেও সমস্যা তৈরি হবে না।

    বিশেষজ্ঞরা বলছেন, এই সংস্কার টেকসই করতে হলে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত ও সম্মতিকে গুরুত্ব দিতে হবে। আমিনুর রহমানের মতে, “এখনো সুযোগ শেষ হয়ে যায়নি। চাইলে সরকার সংশোধন করে এই অধ্যাদেশ বাস্তবায়ন করতে পারে।”

    সিপিডির তৌফিকুল ইসলাম খানও একই মত দিয়েছেন। তিনি বলেন, “বিস্তৃত ঐকমত্য ছাড়া এই সংস্কার কার্যকর ও টেকসই হবে না।”

    জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান খান ৪ মে এক অনুষ্ঠানে বলেন, “এটি যেহেতু অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়িত হবে তাই সকল অংশীজনকে নিয়ে ব্যাপক প্রস্তুতির প্রয়োজন হবে। এটি সময়সাপেক্ষ প্রক্রিয়া এবং একমাত্র সম্মতির ভিত্তিতেই সফলভাবে এগোনো সম্ভব।”

    এই সংস্কার বাংলাদেশের রাজস্ব প্রশাসনে এক নতুন যুগের সূচনা করতে পারে যদি তা দক্ষতার সঙ্গে, স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ায় বাস্তবায়ন করা যায়। অন্যথায় এটি কেবল এক বিতর্কিত অধ্যায় হয়েই থেকে যেতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, ফসলি জমিও গেল: ভুলের দায় কার?

    নভেম্বর 29, 2026
    কর্পোরেট

    বার্ষিক প্রতিবেদনে উৎকর্ষতার স্বীকৃতি, আইসিএবির পুরস্কার পেল ৩৫ প্রতিষ্ঠান

    নভেম্বর 29, 2026
    অর্থনীতি

    জিয়াউল আহসানের মামলায় আজ আসামিপক্ষের যুক্তিতর্ক

    নভেম্বর 29, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.