চলতি অর্থবছরে বাংলাদেশের ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণে ধার নিচ্ছে, যা অর্থনৈতিক ব্যবস্থাপনায় গভীর তারল্য সংকটের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন ‘মানি মার্কেট ডাইনামিকস’-এ দেখা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে প্রতি মাসে ব্যাংক খাত গড়ে ১ লাখ ৮১ হাজার কোটি টাকা ধার নিয়েছে। এর মধ্যে ৮৫ হাজার ৯০ কোটি টাকা রেপোর মাধ্যমে এবং ৯৬ হাজার ১৪ কোটি টাকা বিশেষ তারল্য সহায়তা (স্পেশাল লিকুইডিটি সাপোর্ট) হিসেবে নেয়া হয়েছে।
বিশেষ লক্ষণীয় যে, ব্যাংকগুলো রেপোর চেয়ে বেশি অর্থ ধার করছে স্পেশাল লিকুইডিটি সাপোর্টের মাধ্যমে। যদিও রেপোর সুদহার ১০ শতাংশ এবং বিশেষ সহায়তার সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ। তবুও তারল্য ঘাটতির কারণে বাধ্য হয়ে ব্যাংকগুলো উচ্চ সুদে অর্থ ধার করছে। কোনো ব্যাংক দিনের শেষে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখার বাধ্যতামূলক সিআরআর ঘাটতিতে পড়লে তখনই এই বিশেষ সহায়তা নিতে পারে।
তারল্য সংকট সামাল দিতে ব্যাংকগুলো প্রথমে আন্তঃব্যাংক মুদ্রাবাজারে অর্থ জোগাড়ের চেষ্টা করে, যা পরিচিত কলমানি বাজার হিসেবে। সেখানে চাহিদামতো অর্থ না পেলে তারা রেপোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সিকিউরিটি বন্ধক রেখে ঋণ নেয়। এই রেপোর মেয়াদ একদিন, সাতদিন, ১৪ দিন ও ২৮ দিনের মধ্যে হয়ে থাকে। আর সিআরআর ঘাটতির পর স্পেশাল লিকুইডিটি সাপোর্টের জন্যও একইভাবে সরকারি ট্রেজারি বিল ও বন্ড বন্ধক দিতে হয়।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেপোর মাধ্যমে ব্যাংকগুলো ৯৬ হাজার ৩৮৭ কোটি টাকা ধার নিয়েছে। এর মধ্যে একদিন মেয়াদে ১ হাজার ৬৫১ কোটি, সাতদিনে ২৩ হাজার ৯৭৮ কোটি, ১৪ দিনে ২৯ হাজার ১৬৫ কোটি এবং ২৮ দিনে ৪১ হাজার ৫৯৩ কোটি টাকা ছিল। পরবর্তী মাসগুলোতেও এই প্রবণতা অব্যাহত ছিল। আগস্টে নেয়া হয় ৮১ হাজার ৬৬৮ কোটি, সেপ্টেম্বরে ৯৫ হাজার ৪০৫ কোটি এবং অক্টোবরে ৯৬ হাজার ৯৫০ কোটি টাকা। তবে নভেম্বর থেকে রেপোতে ধার কিছুটা কমতে শুরু করে। চলতি বছরের মার্চে এই পরিমাণ ছিল ৮৩ হাজার ৭৫৭ কোটি টাকা।
অন্যদিকে, বিশেষ তারল্য সহায়তার চিত্র আরও উদ্বেগজনক। জুলাইয়ে এই ধার ছিল ৯৩ হাজার ৬৭৪ কোটি টাকা আগস্টে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ২ হাজার ৮৬৬ কোটি টাকায়। সেপ্টেম্বরে এ সংখ্যা বেড়ে ১ লাখ ১০ হাজার ৫৪৫ কোটি টাকায় পৌঁছায়। নভেম্বরে আবার তা দাঁড়ায় ১ লাখ ১৪ হাজার ৭৯১ কোটি টাকায়। যদিও ডিসেম্বর ও জানুয়ারিতে এ পরিমাণ ৮০ হাজার কোটির নিচে নেমে আসে তবে ফেব্রুয়ারিতে ফের বাড়ে এবং মার্চে পৌঁছায় ৯৪ হাজার ২১৬ কোটিতে। সব মিলিয়ে চলতি অর্থবছরে গড়ে প্রতি মাসে ৯৬ হাজার ১৪ কোটি টাকা স্পেশাল লিকুইডিটি সাপোর্ট দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, তারল্য সংকটে পড়া ব্যাংকগুলোই মূলত এই বিশেষ ধার নিচ্ছে। বিশেষ করে ইসলামী ধারার অধিকাংশ ব্যাংক এবং অনিয়মে জর্জরিত কিছু ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের এই সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তবে মেয়াদ স্বল্প হওয়ায় এই অর্থ আবার ফিরে এসেছে। বর্তমানে এই ধার ব্যবস্থার স্থিতি প্রায় ৩ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, কোনো ব্যাংক যদি প্রকৃতপক্ষে তারল্য সংকটে না থেকেও রেপো নেয় এবং সেই অর্থে সরকারি ট্রেজারি বিল-বন্ড কিনে মুনাফা করে তাহলে সেটি যদিও আইনগতভাবে বৈধ কিন্তু নৈতিকভাবে অনুচিত। তিনি বলেন, ‘আমাদের প্রত্যাশা থাকবে ব্যাংকগুলো এ ধরনের অনৈতিক চর্চা থেকে বিরত থাকবে।’
তবে তিনি এটিও জানান যে, আগের তুলনায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেয়ার প্রবণতা কিছুটা কমেছে এবং বাজারে তারল্য পরিস্থিতিও আগের চেয়ে ভালো হয়েছে। এর ফলে বিল-বন্ডের সুদহারও নিম্নমুখী। আগামী মাসগুলোতে এই হার রেপোর কাছাকাছি চলে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কেন্দ্রীয় ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইস্তেকমাল হোসেন বলেন, বাজারে সংকট থাকায় বাংলাদেশ ব্যাংক রেপো ও স্পেশাল লিকুইডিটি সাপোর্ট দিয়ে ব্যাংকগুলোর পাশে দাঁড়িয়েছে। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ফলে ধার কমেছে। বর্তমানে শুধুমাত্র সাত ও ১৪ দিনের রেপো চালু আছে এবং আগামী ১ জুলাই থেকে ১৪ দিন মেয়াদি রেপো বন্ধ করে কেবল সাত দিন মেয়াদিই চালু রাখা হবে।
বাংলাদেশ ব্যাংক মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে গত দুই অর্থবছর ধরে সংকোচনমূলক মুদ্রানীতি গ্রহণ করেছে। এর আওতায় রেপো রেট পাঁচ দফায় বাড়িয়ে ৫ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত করা হয়েছে। একই সময়ে সরকার ট্রেজারি বিল ও বন্ডের মাধ্যমে ব্যাংক খাত থেকে ১১ থেকে ১৩ শতাংশ হারে ঋণ নিচ্ছে। ফলে কিছু ব্যাংক ১ থেকে দেড় শতাংশ পর্যন্ত অতিরিক্ত মুনাফা করছে যা তারা বেসরকারি খাতে না দিয়ে সরকারের কাছে ঋণ দিয়ে অর্জন করছে।
এই প্রবণতা বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। বর্তমানে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে ৭ দশমিক ৫৭ শতাংশে, যেখানে সরকারের ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১৬ দশমিক ৩২ শতাংশে। মার্চ পর্যন্ত সরকার ব্যাংক খাত থেকে মোট ৪ লাখ ৫৪ হাজার ১৩৩ কোটি টাকা ঋণ নিয়েছে।
এ বিষয়টি স্বীকার করে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, ‘বেসরকারি খাতের পাশাপাশি সরকারকেও ঋণ দেয়ার দায় আছে ব্যাংকের। আমরা উদ্বৃত্ত তারল্য দিয়ে সরকারি ট্রেজারি বিল-বন্ড কিনছি আবার প্রয়োজন হলে রেপোতে ধারও নিচ্ছি। এটি বাজারের স্বাভাবিক কর্মকাণ্ড।’
তিনি আরও বলেন, গত বছরের তুলনায় এখন তারল্যের অবস্থা ভালো এবং বিল-বন্ডের সুদহার রেপোর কাছাকাছি চলে এসেছে। মূল্যস্ফীতি কমলে নীতি সুদহারও হ্রাস পাবে এবং তখন বিল-বন্ডের সুদহার কমার পাশাপাশি রেপো থেকে ধার নেয়ার প্রবণতাও হ্রাস পাবে।
সার্বিকভাবে, ব্যাংক খাতের তারল্য সংকট মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, এই ধারনির্ভরতা এবং সরকারি ঋণ নীতির প্রভাব দেশের আর্থিক ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদে উদ্বেগ তৈরি করতে পারে। বিশেষ করে বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাওয়া এবং ব্যাংকগুলোর মুনাফাকেন্দ্রিক ধার-চর্চা অর্থনীতিতে ভারসাম্যহীনতা তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।


