বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সার্বিক মূল্যস্ফীতির হার ৯ শতাংশের ওপরে থাকলেও পূর্বের তুলনায় কিছুটা কমেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে মূল্যস্ফীতি ও মজুরির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে এর পেছনের মূল কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই সময় দেশে যেসব পণ্যে মূল্যস্ফীতির চাপ বেশি ছিল তার মধ্যে অর্ধেকেরও বেশি দায় ছিল কয়েকটি প্রধান পণ্যের দামের ওপর। যদিও এই সময় খাদ্যপণ্যের দাম তুলনামূলকভাবে সহনীয় ছিল কিন্তু জ্বালানির উচ্চমূল্য পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। ফলে সামগ্রিক মূল্যস্ফীতিতে কাঙ্ক্ষিত মাত্রায় হ্রাস আসেনি।
বিশেষ করে, শাকসবজি, মাছ, ডিম এবং কাঁচা মাংসের মতো পচনশীল পণ্যের দামে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত বড় কোনো পরিবর্তন না থাকায় মূল্যস্ফীতি এই খাতে তুলনামূলক স্থিতিশীল ছিল। বিপরীতে, অপচনশীল খাদ্যপণ্য যেমন- তেল, আটা, ডাল ও চিনি এর দাম কিছুটা কমেছে। একই সময়ে আমদানিনির্ভর বেশ কিছু খাদ্যপণ্যের দামও হ্রাস পেয়েছে। কিন্তু এ খাতে সাময়িক স্বস্তি থাকলেও আমদানিনির্ভর খাদ্যবহির্ভূত পণ্য ও সেবা খাতে ব্যয় বেড়েছে যা দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতির ওপর প্রভাব ফেলছে।
এই খাদ্যবহির্ভূত খাতে বেড়ে যাওয়া ব্যয়ের মধ্যে রয়েছে গ্যাস, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি, মোবাইল ও ল্যাপটপের মতো ইলেকট্রনিকস পণ্য এবং ভোগ্যপণ্য। একই সঙ্গে সেবা খাত যেমন- বাসাভাড়া, শিক্ষা ও চিকিৎসার ব্যয় তুলনামূলকভাবে বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, সেবা খাতে একবার ব্যয় বাড়লে তা সহজে কমে না যার ফলে দীর্ঘমেয়াদে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের শুরুতে অর্থাৎ ২০২৩ সালের জুলাই মাস নাগাদ দেশে মূল্যস্ফীতি বেড়ে এক যুগের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছায়। প্রধানত খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিই এর পেছনে বড় ভূমিকা রেখেছে। তবে জানুয়ারি-মার্চ সময়কালে শীতকালীন শাকসবজির ভালো সরবরাহ এবং রমজান উপলক্ষে সরকার কর্তৃক তেল, পেঁয়াজ ও মসলাসহ কিছু আমদানি পণ্যে শুল্ক ছাড় দেওয়ার ফলে কিছুটা মূল্যস্ফীতির ভার লাঘব হয়। যদিও রমজান শেষে এসব পণ্যের দাম আবার বাড়তে শুরু করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশে খাদ্য মূল্যস্ফীতির পেছনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে তিন ধরনের পণ্য প্রথমত প্রোটিনজাত খাবার যেমন- মাছ, মাংস ও ডিম; দ্বিতীয়ত চাল ও আটা জাতীয় খাদ্যশস্য এবং তৃতীয়ত শাকসবজি। মার্চ মাসে শাকসবজির দাম কিছুটা কম থাকলেও, প্রোটিনজাত খাদ্যের দাম ছিল তুলনামূলক বেশি, যার সরাসরি প্রতিফলন দেখা গেছে খাদ্য মূল্যস্ফীতির সূচকে। ২০২৪ সালের প্রথম ভাগে ভোজ্যতেলের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও, বছরের শুরুতে তা আবার বাড়তে শুরু করে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দেয়।
তবে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতির ক্ষেত্রে একটি পরিবর্তন এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের মাঝামাঝি সময় থেকে এই খাতে জ্বালানির দাম ছিল প্রধান চালক। ২০২৩ সালের মার্চে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতিতে জ্বালানির অবদান ছিল ২৬ শতাংশ যা ২০২৪ সালের মার্চে এসে নেমে এসেছে মাত্র ১ শতাংশে।
ভবিষ্যতের মূল্যস্ফীতি পরিস্থিতি নিয়ে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) চলতি বছরের এপ্রিল মাসে তাদের পূর্বাভাস প্রকাশ করে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে এই পূর্বাভাসগুলোও অন্তর্ভুক্ত করা হয়েছে। এডিবি জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ থাকবে এবং বছরের শেষ নাগাদ তা কিছুটা কমতে পারে। পরবর্তী অর্থবছরে এটি আরও কমবে বলেও তারা আশাবাদ প্রকাশ করেছে। এই পূর্বাভাসের ভিত্তি হিসেবে ধরা হয়েছে অনুকূল আবহাওয়া, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে আসা এবং দেশের কঠোর আর্থিক নীতি। আইএমএফও একই রকম পূর্বাভাস দিয়েছে। যেখানে বলা হয়েছে, চলতি অর্থবছরে গড় মূল্যস্ফীতি ১০ শতাংশের কাছাকাছি থাকবে তবে পরবর্তীতে তা নেমে আসবে প্রায় ৫ শতাংশে।
মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতির সঙ্গে সাধারণ মানুষের মজুরির যে অসামঞ্জস্য রয়েছে, তাও উঠে এসেছে প্রতিবেদনে। ২০২২ সালের এপ্রিল থেকে শুরু করে ধারাবাহিকভাবে মজুরি বৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতির হার বেশি থাকায় মানুষের প্রকৃত আয় কমেছে এবং ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। এর ফলে দিন দিন সাধারণ মানুষের জীবিকা নির্বাহে চাপ বাড়ছে।
সবশেষে বাংলাদেশ ব্যাংক বলছে, যদিও সাম্প্রতিক মাসগুলোতে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে বলে মনে হচ্ছে তবুও এর আড়ালে রয়েছে দীর্ঘমেয়াদি কিছু ঝুঁকি। বিশেষ করে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি এখনো সাধারণ জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তাই সামগ্রিক অর্থনীতি স্থিতিশীল রাখতে শুধু খাদ্যদ্রব্য নয় সেবা ও আমদানিনির্ভর খাতেও মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।

