বাংলাদেশের ব্যাংক খাত সংস্কারের পথে এক বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সদ্য জারিকৃত ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স ২০২৫-কে। গত শুক্রবার অন্তবর্তীকালীন সরকার গেজেট আকারে এই অধ্যাদেশ প্রকাশ করে। এর ফলে বাংলাদেশ ব্যাংক এখন থেকে প্রয়োজন অনুযায়ী যেকোনো তফসিলি ব্যাংকের মালিকানা হস্তান্তর, মার্জার কিংবা অবসায়নের মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারবে। দেশের আর্থিক খাতের দীর্ঘদিনের বিশৃঙ্খলা ও অনিয়ম ঠেকাতে এটিকে একটি যুগান্তকারী ও বহুল কাঙ্ক্ষিত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এই অধ্যাদেশ অনুযায়ী, কেন্দ্রীয় ব্যাংক বেসরকারি, রাষ্ট্রায়ত্ত কিংবা বিদেশি—যেকোনো ব্যাংকের কার্যক্রমে হস্তক্ষেপ করতে পারবে। এতে সংকটাপন্ন ব্যাংকগুলো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের অধীনে এনে সুশাসনের আওতায় আনা সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংক যদি দেখে, কোনো ব্যাংক তহবিল অপব্যবহার করছে কিংবা দুর্নীতির আশ্রয় নিচ্ছে, তাহলে প্রতিষ্ঠানটি তৎক্ষণাৎ হস্তক্ষেপ করতে পারবে এবং প্রয়োজনে ব্যাংকটির মালিকানা অন্য রাষ্ট্রীয় সংস্থার কাছে হস্তান্তর করতে পারবে।
অধ্যাদেশে ‘ব্রিজ ব্যাংক’ গঠনের বিধান রাখা হয়েছে, যার মাধ্যমে একটি ব্যর্থ ব্যাংকের সম্পদ সাময়িকভাবে পরিচালনার জন্য নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে। তবে এই ব্রিজ ব্যাংক দুই বছরের বেশি কার্যক্রম চালাতে পারবে না। নির্ধারিত সময়সীমার মধ্যে বাংলাদেশ ব্যাংক ওই ব্রিজ ব্যাংককে বিলুপ্ত করে অন্য কোনো ব্যাংকের সঙ্গে একীভূত করবে কিংবা তার সম্পদ ও দায়দায়িত্ব তৃতীয় পক্ষের কাছে হস্তান্তর করতে পারবে।
অর্থনীতিবিদ ও ব্যাংকিং বিশ্লেষকেরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ব্যাংক সংখ্যা কমানোর এবং দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ বা অবসায়নের আহ্বান জানিয়ে আসছিলেন। কিন্তু বিগত সরকার এই সুপারিশ কার্যত অগ্রাহ্য করে এসেছে। তাদের যুক্তি ছিল, মূলধনের চরম ঘাটতি বা দুর্বল ব্যবস্থাপনার কারণে ব্যাংক বন্ধ করে দিলে তা দেশের আর্থিক ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলবে। ফলে ব্যাংক অবসায়নের পথে না গিয়ে, কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ধার বা জরুরি তারল্য সহায়তার মাধ্যমে এসব ব্যাংককে টিকিয়ে রাখা হয়েছে। এই অনিয়ম বছরের পর বছর চলতে থাকায় টাকা ছাপিয়ে ব্যাংক বাঁচানো হয়েছে, যা মূল্যস্ফীতি বাড়িয়েছে এবং কাঙ্ক্ষিত আর্থিক সংস্কারকে বাধাগ্রস্ত করেছে।
বর্তমানে দেশের অন্তত এক ডজন ব্যাংকের অবস্থা অত্যন্ত নাজুক। এসব ব্যাংক শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের সহায়তার ওপর নির্ভর করে চলেছে। ফলে একদিকে যেমন ব্যাংক খাত দুর্বল হয়েছে, তেমনি অর্থনীতির অন্যান্য খাতও পড়েছে দীর্ঘমেয়াদি চাপে।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর বহুদিন ধরেই বলে আসছেন, সংকটাপন্ন ব্যাংকগুলোকে সময়মতো একীভূত বা বন্ধ করতে না পারলে অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে। নতুন এই অধ্যাদেশ জারির পর তিনি নির্বাচিত সরকারকে আহ্বান জানিয়েছেন, যেন এই কাঠামোগত সংস্কার অব্যাহত রাখা হয় এবং কার্যকরভাবে বাস্তবায়ন করা হয়।
তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—এই অধ্যাদেশ বাস্তব চর্চায় আসবে কি না? কারণ অতীতের অভিজ্ঞতা বলছে, আইন যতই শক্তিশালী হোক না কেন, তার বাস্তবায়ন নির্ভর করে মূলত কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি রাজনৈতিক প্রভাব বা ব্যক্তিগত স্বার্থে আইন প্রয়োগে পিছপা হয়, তবে এর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়বে।
অধ্যাদেশটি নিয়ে বিশ্লেষকরা মিশ্র প্রতিক্রিয়া দেখালেও অনেকেই এটিকে একটি সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁদের মতে, এই আইন বাস্তবায়ন হলে তা ব্যাংকিং খাতে দীর্ঘদিনের অনিয়ম দূর করতে সহায়ক হবে। তবে এই উদ্যোগ ব্যাংক খাতকে প্রকৃত অর্থে শৃঙ্খলায় আনবে, নাকি সরকারের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করবে—তা নির্ভর করবে আসন্ন পদক্ষেপ ও প্রয়োগের দৃঢ়তার ওপর।

