চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অন্তর্বর্তীকালীন সরকার উচ্চ পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বন্দরের সক্ষমতা বাড়াতে বিশ্বের খ্যাতনামা বন্দর ব্যবস্থাপনা সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।
চট্টগ্রাম সফরের প্রথম কর্মসূচিতে নিউ মুরিং কনটেইনার টার্মিনালে বন্দরের বর্তমান অবস্থা ও কর্মপরিকল্পনা সম্পর্কে ব্রিফিংকালে তিনি বলেন, “এটি আমাদের জন্য একটি বড় সুযোগ।” তাঁর মতে, সরকার গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।
চট্টগ্রাম বন্দরের গুরুত্ব তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের অর্থনীতি বদলাতে হলে চট্টগ্রাম বন্দরই আমাদের সবচেয়ে বড় আশা। এটি ছাড়া অন্য কোনো বিকল্প নেই। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। কিন্তু যদি এই হৃৎপিণ্ড দুর্বল থাকে কোনো ডাক্তারই তাকে আর সুস্থ করতে পারবে না। তাই একে অবশ্যই বিশ্বমানের করতে হবে।”
তিনি জানান, এর আগেও বৈশ্বিক মানের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী সংস্থাগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু কার্যকর কোনো অগ্রগতি হয়নি। তবে এবার তিনি এসব উদ্যোগকে ফলপ্রসূ করতে দৃঢ় প্রতিজ্ঞ।
বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্য ও সংযুক্ততার কেন্দ্রে পরিণত করতে প্রতিবেশী দেশগুলোকেও এই প্রক্রিয়ায় যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন ইউনূস। তিনি বলেন, “এই হৃৎপিণ্ডকে আমাদের প্রতিবেশীদের সঙ্গে সংযুক্ত করতে হবে। আমি নেপাল এবং ভারতের সাতটি উত্তর-পূর্ব রাজ্যের কথা বলেছি। যদি তারা এতে যুক্ত হয় তারা উপকৃত হবে আমরাও উপকৃত হবো। আর যারা যুক্ত হবে না তারা পিছিয়ে পড়বে।”
চট্টগ্রাম বন্দরের সঙ্গে নিজের শৈশবস্মৃতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই সফরের জন্য আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম। চট্টগ্রাম বন্দর আমার জন্য নতুন কিছু নয়। আমি শৈশব থেকেই এর সঙ্গে পরিচিত। এটি অনেক বদলেছে তবে দুঃখজনক হলো এই পরিবর্তনের গতি খুব ধীর। আমি যখন সুযোগ পেলাম তখন থেকেই ভাবছি কী করা যায়।”
তিনি বলেন, “বিশ্ব অনেক দূর এগিয়ে গেছে আর আমরা অনেক পিছিয়ে রয়েছি। কেউ আমাদের গুরুত্ব দেয় না। এজন্য আমি পরিবর্তনের জন্য চাপ দিচ্ছি। আমি বলেছি, বন্দরের পরিচালনার দায়িত্ব বিশ্বের শীর্ষ অপারেটরদের হাতে তুলে দিতে হবে। আশা করি একদিন সবাই এর যৌক্তিকতা বুঝবে।”
প্রধান উপদেষ্টার এই আগ্রহের প্রশংসা করে নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম বন্দরের আশেপাশে একাধিক নতুন টার্মিনাল নির্মাণ কনটেইনার জট কমাতে সহায়ক হবে। তিনি আশাবাদী যে, “আগামী ছয় মাসের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন।”
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, বন্দরের আধুনিকায়ন এখন সময়ের দাবি। তিনি জানান, বাংলাদেশের ৯২ শতাংশ বৈদেশিক বাণিজ্য এবং তার মধ্যে ৯৮ শতাংশ নিউ মুরিং কনটেইনার টার্মিনালের মাধ্যমে পরিচালিত হয়।
তবে প্রাকৃতিক প্রতিবন্ধকতার কারণে ২০০ মিটারের বেশি দৈর্ঘ্যের জাহাজ বন্দরে ভিড়তে পারে না বলে জানান তিনি। বিশ্বব্যাংকের এক সমীক্ষা উদ্ধৃত করে তিনি বলেন, এই সীমাবদ্ধতার কারণে বাংলাদেশ প্রতিদিন প্রায় ১০ লাখ ডলারের ক্ষতির মুখে পড়ছে।
চট্টগ্রাম বন্দরকে ঘিরে সরকারের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে।

