মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে স্বপ্রণোদিত এক সংকটের দিকে ঠেলে দিয়েছিলেন বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা। চীনকে লক্ষ্য করে আনা অতিরিক্ত শুল্ক আরোপ এবং সরবরাহ ব্যবস্থায় গুরুতর বিঘ্ন তৈরি করে তিনি দেশটির বাজার ও অর্থনীতিকে এক অনিশ্চিত মোড়ের দিকে নিয়ে গিয়েছিলেন। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলে কিছুটা স্বস্তি ফিরিয়েছেন তিনি।
সোমবার যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে একটি অন্তর্বর্তী সমঝোতা হয় যার ফলে চলমান বাণিজ্যযুদ্ধে ৯০ দিনের জন্য বিরতি এসেছে। উভয় দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা উচ্চ হারে শুল্ক আরোপ থেকে সরে আসবে। বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতির মধ্যে চলা পাল্টাপাল্টি শুল্কের কারণে বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছিল যা সামগ্রিকভাবে বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকিতে পরিণত হয়েছিল।
এই সাময়িক বিরতি ওয়াল স্ট্রিটে স্বস্তি এনেছে। বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আশাবাদ জন্মেছে যে শুল্ককেন্দ্রিক অস্থিরতা হয়তো কিছুটা প্রশমিত হবে। তা সত্ত্বেও অর্থনীতিবিদরা সতর্ক করে বলছেন, যুক্তরাষ্ট্র এখনো পুরোপুরি বিপদমুক্ত হয়নি। মন্দার আশঙ্কা এখনও রয়ে গেছে যদিও তা কিছুটা কমেছে। শুল্কের হার এখনও অতীতের তুলনায় অনেক বেশি এবং তার ফলে ব্যবসায় আস্থা ও বাণিজ্য প্রবাহে যে ক্ষতি হয়েছে তা একদিনে পূরণ হওয়ার নয়।
বর্তমানে শুল্কের হার শতবর্ষের মধ্যে সর্বোচ্চ এবং ভবিষ্যতের গতিপথও এখনো অস্পষ্ট। একের পর এক অর্থনৈতিক ধাক্কার পর আধুনিক কোনো দেশ কীভাবে তা সামাল দেবে তার নজির ইতিহাসে নেই। রিপাবলিকানদের সাবেক অর্থনৈতিক উপদেষ্টা ও আমেরিকান অ্যাকশন ফোরামের প্রেসিডেন্ট ডগলাস হোল্টজ-ইকিন বলেন, “আমরা এখনো ঝুঁকির মধ্যেই আছি।”
বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছিল যা বাস্তবিক অর্থে এক ধরনের নিষেধাজ্ঞা বলেই বিবেচিত হয়। সরবরাহব্যবস্থার বিশ্লেষকেরা তখন সতর্ক করেছিলেন, এর ফলে খুচরা দোকানগুলোর তাক ফাঁকা হয়ে যাওয়ার মতো বিপর্যয় দেখা দিতে পারে।
ট্রাম্পের এই পিছু হটা অনেকের মতে যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে বড় ধরনের এক বিপর্যয় থেকে আপাতত বাঁচিয়েছে। বোঝা যাচ্ছে, ১৪৫ শতাংশ শুল্ক রাখলে তা কেবল চীনের জন্য নয় বরং আমেরিকান বাজার ও ভোক্তাদের জন্যও ভয়াবহ পরিণতি ডেকে আনত।
যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বিভিন্ন ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন “শিশুদের সত্যিই কতগুলো পুতুল দরকার?” তবু বাজারে নেতিবাচক প্রতিক্রিয়ার ঝুঁকি, দোকানের তাক খালি হওয়ার আশঙ্কা এবং শেয়ারবাজারে অস্থিরতা নিয়ে তিনি যথেষ্ট সচেতন ছিলেন বলে জানিয়েছেন তাঁর প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
ব্লিকলি ফিন্যান্সিয়াল গ্রুপের প্রধান বিনিয়োগ কর্মকর্তা পিটার বুকভার মনে করেন, “শেষ পর্যন্ত উভয় পক্ষই সৌভাগ্যক্রমে বড়দিনটা বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও বলেন, “ট্রাম্পের পাল্টা শুল্কে যুক্তরাষ্ট্রের ছোট ব্যবসাগুলো চরম ঝুঁকিতে পড়ছিল। শেষমেশ ট্রাম্প তা বুঝেছেন এবং গুরুত্ব দিয়েছেন।”
সোমবার শুল্ক কমানোর সিদ্ধান্ত বাস্তবায়নের পরেও এখনো চীনা পণ্যে ৩০ শতাংশ হারে শুল্ক রয়েছে যা ৯০ দিনের জন্য সাময়িকভাবে বহাল থাকবে। যদিও এ হার এখনকার তুলনায় কম, তা বছরের শুরুতে যেটা ছিল তার চেয়ে অনেক বেশি।
চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তির কাঠামো বিশ্লেষণ করে মুডিজ অ্যানালিটিকস জানিয়েছে, দেশটির কার্যকর শুল্কহার ২১ দশমিক ৩ শতাংশ থেকে কমে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭ শতাংশে। তবুও, এটি ১৯১০ সালের পর সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডির মতে, এই হারে শুল্ক বহাল থাকলে এক বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির হার ১ শতাংশের বেশি বেড়ে যেতে পারে এবং জিডিপি প্রবৃদ্ধিও একই হারে কমে যেতে পারে।
মুডিজের মতে, বাণিজ্যযুদ্ধ কিছুটা প্রশমিত হওয়ায় মন্দার আশঙ্কাও খানিকটা কমেছে। চলতি বছরে যুক্তরাষ্ট্রে মন্দার সম্ভাবনা ৪৫ শতাংশ, যা আগে ৬০ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। জান্ডি আরও বলেন, “এ বছর অর্থনীতির জন্য কঠিন হবে, তবে হয়তো মন্দা এড়ানো সম্ভব। কিন্তু এটাও ঠিক, নতুন কোনো ধাক্কা এলেই অর্থনীতি ভয়াবহ ক্ষতির সম্মুখীন হতে পারে।” তাঁর মতে, ট্রাম্পের বাণিজ্যনীতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে এমন এক পর্যায়ে ঠেলে দিয়েছে যেখানে ‘ভুল করার সুযোগ’ আর খুব বেশি নেই।
অন্যদিকে মিশিগান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক জাস্টিন উলফার্স মনে করেন, “যুক্তরাষ্ট্রের অর্থনীতির সম্ভাবনা আজকের দিনে আগের চেয়ে ভালো দেখালেও পরিস্থিতি এখনো ট্রাম্পের অভিষেকের সময়কার চেয়ে খারাপ।” এই নীতিগত দ্বন্দ্ব, হঠাৎ হঠাৎ পলিসি পরিবর্তন এবং অস্থিরতা সব মিলিয়ে এটিই ট্রাম্প ২.০ যুগের প্রধান বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে।
তবে অনিশ্চয়তা এখনও কাটেনি। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই বলেছেন, যদি ৯০ দিনের মধ্যে চীনের সঙ্গে চুক্তি না হয় তাহলে শুল্ক আবার বাড়তে পারে। যদিও তিনি স্পষ্ট করে বলেননি, তা ১৪৫ শতাংশে ফিরে যাবে কি না। তাঁর ভাষায়, “না তবে অনেকটাই বেড়ে যাবে। আমি মনে করি শেষ পর্যন্ত একটি চুক্তি হবেই।”
বিশ্লেষকেরা মনে করেন, যদিও উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে, তবুও বাণিজ্যযুদ্ধ পুরোপুরি শেষ হয়নি। কাঠ, সেমিকন্ডাক্টর, ওষুধ এবং খনিজ খাতভিত্তিক শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বিমান ও যন্ত্রাংশ আমদানিতে সাম্প্রতিক নিরাপত্তা তদন্ত ভবিষ্যতে আরও শুল্ক বৃদ্ধির ইঙ্গিত দেয়।
এসব পরিস্থিতি মাথায় রেখে অর্থনীতিবিদ জো ব্রুসুয়েলাস মনে করছেন, আগামী এক বছরে মন্দার সম্ভাবনা ৫৫ শতাংশ। তবে ডয়েচে ব্যাংক বলছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যনীতি কিছুটা নমনীয় হওয়ায় বৈশ্বিক প্রবৃদ্ধির সম্ভাবনা বাড়ছে এবং বাণিজ্যযুদ্ধজনিত অনিশ্চয়তা কিছুটা কমেছে।
তবু দীর্ঘমেয়াদে স্বস্তির কোনো নিশ্চয়তা নেই। যুক্তরাষ্ট্রে বাণিজ্য নীতিগত অনিশ্চয়তা ১৯৬০-এর দশকের পর রেকর্ড পরিমাণ বেড়েছে। অর্থনীতিবিদদের ভাষায়, এটি ‘অচল করে দেওয়ার মতো অনিশ্চয়তা’। অনেকে বলছেন, এটি একটি কৃত্রিম সংকট যা ট্রাম্প প্রশাসনের আচরণ থেকেই জন্ম নিয়েছে। ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা এখনো আতঙ্কে আছেন পরবর্তী ধাক্কা কবে আসবে তা কেউ জানে না। বাজারে আস্থার যে ঘাটতি তৈরি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়।
এখন প্রশ্ন উঠেছে, এই অস্থিরতা কি শুধু সাময়িক? নাকি সামনে অপেক্ষা করছে আরও কোনো অপ্রত্যাশিত সিদ্ধান্ত? যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি নির্ভর করছে ঠিক এই প্রশ্নের জবাবের ওপর।

