আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্ত পূরণের অংশ হিসেবে বাজারভিত্তিক ডলার বিনিময় হার চালুর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ ঘোষণা দেন। এতে দেশের অর্থনীতি নতুন এক মুদ্রানীতি বাস্তবায়নের পথে অগ্রসর হলো যা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক দাতাদের দাবি ছিল।
গভর্নর জানান, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে অপেক্ষা করছিল বাংলাদেশ ব্যাংক। এখন সময় এসেছে ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার। তবে তিনি স্পষ্ট করে বলেন, “এর মানে এই নয় যে, যেকোনো দামে ডলার কিনতে হবে। ডলারের বর্তমান রেটের আশেপাশেই এই বাজারভিত্তিক হার স্থির থাকবে।” তিনি আশ্বস্ত করে বলেন, “১৪০-১৫০ টাকা হওয়ার কোনো যুক্তি নেই। বাংলাদেশের ডলার রেট দেশের অভ্যন্তরীণ নিয়ম অনুযায়ী নির্ধারিত হবে বাইরের কোনো দেশের ইচ্ছায় নয়।”
এসময় তিনি আরও জানান, বর্তমানে দেশে ডলারের সরবরাহ পর্যাপ্ত এবং বাজারে তারল্যও রয়েছে। ফলে নতুন বাজারভিত্তিক বিনিময় হার বিদ্যমান হারের কাছাকাছিই থাকবে বলে আশা করা হচ্ছে। আজকের বৈঠকে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে।
তবে ড. আহসান মনসুর বলেন, বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে যদি দরকার হয় বাংলাদেশ ব্যাংক বাজারে হস্তক্ষেপ করবে এবং বিনিময় হার স্থিতিশীল রাখতে কার্যকর পদক্ষেপ নেবে।
গত ১৩ মে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকের পর বাংলাদেশ ব্যাংক এবং আইএমএফের মধ্যে বিনিময় হারে আরও নমনীয়তা আনয়নের বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়। গভর্নরের নেতৃত্বে অনুষ্ঠিত এই আলোচনার মাধ্যমেই সমঝোতার পথ সুগম হয়।
এরই ধারাবাহিকতায় আইএমএফ ঘোষণা দিয়েছে, আগামী জুন মাসেই বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের তৃতীয় কিস্তি হিসেবে ১.৩ বিলিয়ন ডলার ছাড় করা হবে। এর আগে ‘ক্রলিং পেগ’ ব্যবস্থার মাধ্যমে বিনিময় হারে নমনীয়তা বাস্তবায়ন নিয়ে মতবিরোধ থাকায় অর্থ ছাড়ের প্রক্রিয়া বিলম্বিত হয়েছিল।
ড. আহসান মনসুর জানান, আইএমএফের ঋণ নিশ্চিত হওয়ায় জুন মাসের মধ্যেই বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং আইএমএফসহ বিভিন্ন বহুপাক্ষিক দাতা সংস্থা থেকে বাংলাদেশ মোট ৩.৫ বিলিয়ন ডলার পাবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ কমবে এবং সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে।
উল্লেখ্য, ২০২৩ সালে আইএমএফ বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন দেয়। ইতোমধ্যে দেশটি তিন কিস্তিতে মোট ২.৩ বিলিয়ন ডলার পেয়েছে। বাজারভিত্তিক বিনিময় হার চালুর মাধ্যমে বাকী অর্থ ছাড়ের পথ সুগম হলো।
বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অর্থনৈতিক কাঠামোর সঙ্গে দেশের মুদ্রানীতিকে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই পরিবর্তন শুধু ঋণ ছাড়ে সহায়তা করবে না বরং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়াতেও ভূমিকা রাখবে।

