বিভিন্ন সংবাদমাধ্যমে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. মোহসিন চৌধুরীর বিরুদ্ধে শেয়ার ব্যবসায় জড়িত থাকার যে অভিযোগ প্রকাশিত হয়েছে, তাকে পুরোপুরি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে অভিযোগগুলো খণ্ডন করে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১১ মে দৈনিক যুগান্তরসহ কয়েকটি সংবাদমাধ্যমে মো. মোহসিন চৌধুরী সম্পর্কে প্রকাশিত প্রতিবেদনগুলো বাস্তবভিত্তিক নয়। এতে দাবি করা হয়, কমিশনার আইন লঙ্ঘন করে নিজ নামে শেয়ার ব্যবসা করছেন। তবে বিএসইসি জানিয়েছে, মোহসিন চৌধুরী ২০২১ সালে, অর্থাৎ কমিশনে যোগদানের অনেক আগেই, ব্যক্তিগত বিনিয়োগের জন্য একটি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট খুলেছিলেন।
২০২৪ সালের জুন মাসে বিএসইসিতে কমিশনার হিসেবে যোগদানের পর তিনি সেই বিও অ্যাকাউন্টে আর কোনো শেয়ার বা সিকিউরিটিজ ক্রয় করেননি। বরং যোগদানের পরপরই তিনি অ্যাকাউন্টটি বন্ধের উদ্যোগ গ্রহণ করেন এবং তাতে থাকা সব শেয়ার দ্রুত বিক্রি করার জন্য সংশ্লিষ্ট ব্রোকারকে নির্দেশনা দেন। সেই অনুযায়ী, ফ্লোরপ্রাইসের বাইরে থাকা শেয়ারগুলো বিক্রি করা হলেও ‘বেক্সিমকো লিমিটেড’-এর শেয়ার ফ্লোরপ্রাইস কার্যকর থাকায় বিক্রি সম্ভব হয়নি। এ কারণে অ্যাকাউন্টটি পুরোপুরি শূন্য করা সম্ভব হয়নি এবং তা এখনো বন্ধ হয়নি।
সংশ্লিষ্ট ব্রোকারের তথ্য অনুযায়ী, বর্তমানে উক্ত অ্যাকাউন্টে ‘বেক্সিমকো লিমিটেড’-এর মোট ২,২৩১টি শেয়ার রয়েছে যার বাজারমূল্য ২ লাখ ৪৫ হাজার ৬৩৩ টাকা। তবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে উক্ত ব্রোকারেজ হাউজ ‘জিরো ওয়ান লিমিটেড’-এর সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
বিএসইসি স্পষ্টভাবে জানিয়েছে, কমিশনার মো. মোহসিন চৌধুরী বিএসইসিতে যোগদানের পর কোনো শেয়ার কেনাবেচায় অংশ নেননি এবং বর্তমানে কোনো ধরনের শেয়ার ব্যবসার সঙ্গেও যুক্ত নন। যেসব অভিযোগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা মনগড়া, বিভ্রান্তিকর এবং প্রকৃত তথ্যের বিপরীত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমন বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশ করে কমিশনার মো. মোহসিন চৌধুরীর ব্যক্তিগত ও সামাজিক সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। পাশাপাশি এসব সংবাদ শেয়ারবাজারের স্থিতিশীলতা ও বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বিএসইসি আশা করে, ভবিষ্যতে গণমাধ্যমগুলো শেয়ারবাজার–সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

