যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ ৯০ দিনের জন্য স্থগিত হওয়ায় বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে এক ধরনের স্বস্তি এলেও ভারতের জন্য এতে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। উভয় দেশই এই সময়সীমায় উল্লেখযোগ্য হারে পারস্পরিক শুল্ক কমাতে সম্মত হওয়ায় ভারতের বিনিয়োগ সম্ভাবনা কিছুটা অনিশ্চয়তার মুখে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বিশ্ববাজারে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যযুদ্ধের ঘোষণার পর আশা করা হচ্ছিল কিছু বহুজাতিক কোম্পানি চীন থেকে সরিয়ে তাদের উৎপাদন ভারতের মতো দেশগুলোতে স্থানান্তর করবে। শুরুতেও তার কিছুটা ইঙ্গিত মিলেছিল। যেমন, আইফোন নির্মাতা অ্যাপল জানিয়েছিল, তারা ভারতে উৎপাদন বাড়াবে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে বিনিয়োগের সেই সম্ভাবনা ম্লান হতে পারে।
ভারতের গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব মনে করেন, শুল্ক হ্রাসের ফলে ভারত ও চীনের শুল্কহার এখন প্রায় কাছাকাছি। এতে করে ‘চায়না প্লাস ওয়ান’ কৌশল দুর্বল হয়ে যেতে পারে। এই কৌশল অনুযায়ী, বহু কোম্পানি চীনের বাইরে বিকল্প উৎপাদন কেন্দ্র খুঁজছিল। ভারত, ভিয়েতনাম, মেক্সিকোর মতো দেশগুলোকে তারা সম্ভাব্য গন্তব্য হিসেবে বিবেচনায় আনছিল। তবে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা কমে আসায় সেই কৌশল এখন চাপের মুখে পড়েছে।
শ্রীবাস্তব বলেন, “এই শুল্ক সমঝোতার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে একটি বার্তা স্পষ্ট হয়েছে ওয়াশিংটন আবার বেইজিংয়ের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে।” দুই দেশ সিদ্ধান্ত নিয়েছে ৯০ দিনের জন্য ঘোষিত পাল্টা শুল্ক প্রত্যাহার করা হবে। চীন তার আমদানিকৃত মার্কিন পণ্যে শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নামাবে অপরদিকে যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে ৩০ শতাংশে নামিয়ে আনবে। অথচ কয়েক সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র হুমকি দিয়েছিল তারা চীনা পণ্যে ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করবে।
এই পরিবর্তনকে শ্রীবাস্তব ‘চায়না প্লাস ওয়ান’ কৌশলের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন। তাঁর মতে, ছোট পরিসরে কিছু সংযোজন-ভিত্তিক কারখানা হয়তো ভারতে টিকে থাকবে তবে বড় পরিসরে গভীর শিল্পভিত্তিক উৎপাদন কর্মকাণ্ড আবার চীনে ফিরে যেতে পারে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ভারত যদি প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করতে না পারে তাহলে অনেকেই এখান থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন।
২০২০ সালের কোভিড-১৯ মহামারির সময় বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে ভূরাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তা-নীতিভিত্তিক বাণিজ্য কৌশল গ্রহণের ফলে অনেক প্রতিষ্ঠান তাদের উৎপাদন বৈচিত্র্য আনার উদ্যোগ নেয়। তখন ভারত, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে বিনিয়োগের পরিকল্পনা করা হয়। ভারতের বিশাল অভ্যন্তরীণ বাজার ও তরুণ শ্রমশক্তি সেই প্রেক্ষাপটে দেশটিকে বিনিয়োগের বিকল্প কেন্দ্র হিসেবে আকর্ষণীয় করে তোলে।
তবে বর্তমান বাস্তবতায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত বাণিজ্য আলোচনায় ভারতের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন শ্রীবাস্তব। তাঁর মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে ভারতের ১০ শতাংশ শুল্ক সুবিধা যদি ধরে রাখা যায় অর্থাৎ প্রস্তাবিত ২৬ শতাংশে না ওঠে তাহলে তা হবে একটি কৌশলগত সাফল্য। পাশাপাশি ভারতকে এখনই উৎপাদন ব্যয় কমানো, অবকাঠামো উন্নয়ন, পরিবহন ও সরবরাহব্যবস্থার সংস্কার এবং নীতিগত ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দিতে হবে।
তিনি সতর্ক করেন, ভবিষ্যতে মুক্তবাণিজ্য চুক্তির (এফটিএ) আলোচনায় ভারতের উচিত অত্যন্ত সতর্ক থাকা বিশেষত গাড়ি ও ওষুধশিল্পের মতো সংবেদনশীল খাতগুলো যেন অযথা উন্মুক্ত না হয়ে পড়ে। প্রকৃত পারস্পরিক লাভ ছাড়া এসব খাতে ছাড় দেয়া উচিত হবে না।
প্রসঙ্গত যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি রয়েছে, তাদের বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে পরে বহু দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্যচুক্তির আলোচনায় এলে, ট্রাম্প তা ৯০ দিনের জন্য স্থগিত করেন। এই সময়সীমা শুরু হয়েছে ৯ এপ্রিল থেকে। যদিও শুরুতে এই সিদ্ধান্ত চীনের জন্য প্রযোজ্য ছিল না তবে সম্প্রতি উভয় দেশ নতুন এক সমঝোতায় পৌঁছেছে।
যুক্তরাষ্ট্র সম্প্রতি ব্রিটেনের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি চূড়ান্ত করেছে। তবে বিশেষজ্ঞদের মতে, সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র যেমন সুবিধা আদায় করতে পেরেছে, ব্রিটেন তার ভগ্নাংশও পায়নি। এই অভিজ্ঞতা ভারতের সামনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে উপস্থাপিত হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা করতে গিয়ে ভারতকে অবশ্যই সাবধান হতে হবে এবং নিশ্চিত করতে হবে যে একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক চুক্তি হয়।
এ অবস্থায় যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের শীতলতা কমার ফলে ভারতের জন্য নতুন করে বাণিজ্য কৌশল পুনর্বিন্যাসের সময় এসেছে। বিনিয়োগ আকর্ষণে কেবল শুল্ক ছাড় নয় প্রয়োজন পরিবেশবান্ধব, স্থিতিশীল এবং দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কার যার ওপর ভিত্তি করে সত্যিকার অর্থে ভারতকে বিশ্ববাণিজ্যে আকর্ষণীয় বিকল্প হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।

