চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহন কার্যক্রম বৃহস্পতিবার সকাল থেকে কার্যত অচল হয়ে পড়েছে প্রাইম মুভার চালকদের কর্মবিরতির কারণে। সংগঠনের সভাপতি ও দুই সদস্যকে মারধরের অভিযোগের প্রতিবাদে এ কর্মসূচি ডেকেছে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়ন। শ্রমিকরা জানিয়েছেন, নির্যাতনের বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি থেকে সরে আসবেন না।
চট্টগ্রাম প্রাইম মুভার টেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের জানিয়েছেন, ভোর থেকেই কর্মবিরতি শুরু হয়েছে। তিনি বলেন, “আমাদের সভাপতি সেলিম খান এবং দুই চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে মারধরের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ইতোমধ্যে চট্টগ্রাম বন্দর ও আইসিডি থেকে কোনো প্রাইম মুভার কনটেইনার পরিবহন করছে না। এমনকি সারাদেশেই প্রাইম মুভার চলাচল বন্ধ আছে।”
এ কর্মবিরতির সরাসরি প্রভাব পড়েছে রপ্তানি কার্যক্রমে। বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা)-এর সেক্রেটারি জেনারেল রুহুল আমিন শিকদার জানান, প্রতিদিন চট্টগ্রামের ১৯টি আইসিডি থেকে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টিইইউ রপ্তানি পণ্যবাহী কনটেইনার বন্দরে পৌঁছানো হয়। এই কর্মসূচির কারণে নির্ধারিত সময়ে এসব কনটেইনার জাহাজে তোলা অনিশ্চিত হয়ে পড়েছে।
প্রাইম মুভার অ্যাসোসিয়েশনের তথ্যমতে, চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন প্রায় সাত হাজার প্রাইম মুভার চলাচল করে যার মধ্যে প্রায় এক হাজার ২০০ ইউনিট ডিপোগুলোতে কনটেইনার আনা-নেওয়ায় নিয়োজিত। এছাড়া সারাদেশে প্রায় ১৫ হাজার প্রাইম মুভার চালু রয়েছে। শ্রমিকদের আন্দোলনের ফলে বর্তমানে এই বিশাল যানবাহন বহর অচল অবস্থায় রয়েছে।
মঙ্গলবার রাতে সংঘটিত ঘটনার সূত্রপাত থেকে এ আন্দোলন। প্রাইম মুভার চালকরা জানান, সেদিন রাতে একটি লাশ বহনে রাজি না হওয়ায় চট্টগ্রামের পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ ও পুলিশের অন্য সদস্যরা প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম খান এবং চালক দেলোয়ার হোসেন ও মোহাম্মদ ফয়সালকে বেধড়ক মারধর করেন। বর্তমানে তারা তিনজনই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেখান থেকেই লাগাতার কর্মবিরতির ডাক দেওয়া হয়।
তবে অভিযুক্ত ওসি বাবুল আজাদ এসব অভিযোগ অস্বীকার করেছেন। টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রাইম মুভার চালকদের মারধরের অভিযোগ মিথ্যা। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।”
চালক ও শ্রমিকদের ওপর পুলিশের এ ধরনের আচরণ এবং তা ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের প্রধান বন্দর ও রপ্তানি কার্যক্রমে যে বিঘ্ন সৃষ্টি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে। শ্রমিকদের দাবির প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া না হলে পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

