আসন্ন বাজেটে দেশের মৎস্য ও পোলট্রি খাতের ওপর বিদ্যমান আয়কর অব্যাহতি বাতিলের পরিকল্পনা করছে সরকার। দীর্ঘদিন ধরে চলা কর ছাড়ের এই সুবিধা প্রত্যাহারের মাধ্যমে স্বাভাবিক করহার প্রবর্তনের পথে হাঁটতে চায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে করে এ খাতের আয়ের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ হারে কর আরোপ করা হতে পারে যেখানে বর্তমানে ৩ থেকে ১৫ শতাংশ করহার কার্যকর রয়েছে।
এনবিআরের সূত্র মতে, নতুন প্রস্তাবে শুধু মাছ বা মুরগির খামার নয়, বরং হাঁস-মুরগি ও চিংড়ি হ্যাচারি, পোলট্রির পেলেটেড ফিড উৎপাদন, গবাদিপশু, চিংড়ি ও মাছের ফিড উৎপাদন, বীজ উৎপাদন ও বিপণন, গবাদিপশুর খামার, দুগ্ধ ও দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, হর্টিকালচার, তুঁত ও মৌমাছি চাষ, রেশম গুটিপোকা ও মাশরুম খামার এমনকি ফ্লোরিকালচার আয়ের ওপরও কর বসতে পারে।

বর্তমানে এসব খাত থেকে বছরে ১০ লাখ টাকার বেশি আয় হলে প্রথম ১০ লাখে ৫ শতাংশ, পরবর্তী ১০ লাখে ১০ শতাংশ এবং বাকি অংশে ১৫ শতাংশ হারে কর দিতে হয়। অথচ সাধারণ ব্যক্তি করদাতার সর্বোচ্চ করহার ৩০ শতাংশ এবং অধিকাংশ কোম্পানির জন্য তা ২৭.৫ শতাংশ। এই ভিন্নতাই অনেককে কালো টাকা বৈধ করার সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
এনবিআরের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারের কর অব্যাহতির নীতিমালা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার কৌশলের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, এই পরিবর্তনের ফলে প্রায় ৩ হাজার কোটি টাকা অতিরিক্ত রাজস্ব আদায়ের সম্ভাবনা রয়েছে। এনবিআর এই প্রস্তাব বৃহস্পতিবার (১৫ মে) অর্থ উপদেষ্টার কাছে উপস্থাপন করেছে, যা প্রধান উপদেষ্টার অনুমোদনের পর চূড়ান্ত হবে। সরকার আগামী ২ জুন এসব পরিবর্তন অধ্যাদেশ আকারে অনুমোদন দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ নীতিগতভাবে ইতিবাচক হলেও কিছু বাস্তবিক ঝুঁকিও রয়েছে। সাবেক এনবিআর সদস্য (আয়কর নীতি) ড. সাইদ মো. আমিনুল করিম মনে করেন, দীর্ঘদিন ধরে কম করহার সুবিধা নেওয়ায় মৎস্য খাতের আড়ালে অনেকে বিপুল পরিমাণ কালো টাকা বৈধ করেছেন। স্বাভাবিক করহার চালু হলে এ প্রবণতা রোধ করা যাবে।
অন্যদিকে কর বিশেষজ্ঞ স্নেহাশীষ বড়ুয়া বলেন, এনবিআরের ট্যাক্স এক্সপেনডিচার পলিসি অনুসারে, কর অব্যাহতির যৌক্তিকতা প্রমাণ করতে হবে। প্রকৃত খামারিদের জন্য কিছু সুবিধা রাখা যেতে পারে তবে খাদ্য উৎপাদনের ওপর অতিরিক্ত কর চাপানো হলে বাজারে মাছ, মাংস ও দুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার ঝুঁকি আছে।
এনবিআরের একাধিক সূত্র জানায়, বর্তমানে ট্যাক্স ইন্টেলিজেন্স ইউনিট শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের তথ্য পর্যালোচনা করছে, যারা মৎস্য খাতের আড়ালে শত শত কোটি টাকার আয় দেখিয়ে কম কর দিয়েছেন। এতে সরকার যেমন রাজস্ব হারিয়েছে, তেমনি প্রভাবশালী রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীরা আইনের ফাঁক গলে কালো টাকা বৈধ করার সুযোগ পেয়েছেন।
একটি চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস তিন বছরে মৎস্য খাত থেকে ৯৫ কোটি টাকার বেশি আয় দেখিয়েছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় যিনি গত আগস্টে গণআন্দোলনের মুখে ক্ষমতা হারান।
এর আগে একাধিকবার এনবিআর কর ছাড় সুবিধা বাতিলের চেষ্টা করলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। সরকার একদিকে অতিরিক্ত রাজস্ব আদায় করতে চায় অন্যদিকে কর নীতির স্বচ্ছতা বজায় রাখতে চায়। তবে বাজারে এর প্রভাব, খামারিদের স্বার্থ এবং কালো টাকার অপব্যবহার ঠেকাতে কার্যকর তদারকি ছাড়া এই উদ্যোগ কতটা সফল হবে তা এখন সময়ই বলে দেবে।

