দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে আজ সাধারণ মানুষের জীবনযাত্রা যেন চরম কষ্টের দিকে ধাবিত হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির ফলে মানুষের আয় বাস্তবে কমে এসেছে। ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করতেও হিমশিম খাচ্ছে তারা। বাংলাদেশে এখন বাজারে পা রাখলেই টের পাওয়া যায় একসময় যে টাকায় এক ব্যাগ বাজার হতো, এখন তা দিয়ে হয়তো একটি পণ্যও কেনা যায় না। প্রতিদিনের ব্যয় এমনভাবে বাড়ছে যেন এক নিষ্ঠুর প্রতিযোগিতা চলছে—কে কাকে হারিয়ে আরও বেশি দাম বাড়াতে পারে।
নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের কাঁধে যেন চাপা পড়ে আছে জীবনের সমস্ত ভার। তাদের মুখে নেই হাসি, চোখে শুধুই দুশ্চিন্তা, আর মনে এক অজানা আতঙ্ক। চাল, ডাল, তেল, ডিম, পেঁয়াজ—সব কিছুর দামই ছুঁয়েছে নাগালের বাইরে। আয় যেখানে স্থবির, সেখানে প্রতিদিনের বাজার যেন পরিণত হয়েছে এক ধরনের মানসিক যুদ্ধে। এই বাস্তবতা আমাদের সামনে তুলে ধরে—এই সংকট কেবল অর্থনৈতিক নয়, এটি মানবিক এক অচিন্তনীয় দুর্দশাও বটে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কারণ: বর্তমানে বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ক্রমাগত বেড়ে চলা। বাজারে পা রাখলেই সাধারণ মানুষ টের পাচ্ছে—একই আয়ে জীবনযাত্রা চালিয়ে নেওয়া কতটা কঠিন হয়ে পড়েছে। প্রতিটি পরিবারের মাসিক বাজেট এখন হুমকির মুখে। চাল, ডাল, তেল, ডিম, পেঁয়াজ, ওষুধ কিংবা গ্যাসের সিলিন্ডার—সবকিছুর দামেই আগুন।
শুধু খাদ্যদ্রব্য নয়, বিদ্যুৎ বিল থেকে শুরু করে গৃহস্থালি ব্যবহারের প্রায় সবকিছুর খরচও ঊর্ধ্বমুখী। রাজনৈতিক অস্থিরতা এবং মুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেটের ভূমিকা তো রয়েছেই, যারা কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেয়। অথচ মানুষের আয় একই রয়ে গেছে, উপরন্তু মুদ্রাস্ফীতির কারণে প্রকৃত আয়ের ক্ষমতাও অনেকটা কমে গেছে। এই পরিস্থিতি শুধু স্বল্প আয়ের মানুষের জন্য নয়, মধ্যবিত্ত শ্রেণির জন্যও মারাত্মক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
দাম বাড়ার পেছনের মূল কারণগুলো-
আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি: বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন: তেল, গম, ডাল, চিনি ইত্যাদি আমদানি করে থাকে। বৈশ্বিক বাজারে দাম বেড়ে গেলে দেশেও তা সরাসরি প্রভাব ফেলে। যেমন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ববাজারে গম ও জ্বালানির দাম বেড়েছে, যার প্রতিক্রিয়া বাংলাদেশেও অনুভূত হয়েছে।
পরিবহন খরচ বৃদ্ধি: জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ বেড়েছে। এর ফলে উৎপাদক পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত পণ্য পৌঁছাতে বাড়তি ব্যয় হয়, যা শেষ পর্যন্ত গ্রাহক পর্যায়ে সাধারণ মানুষের ঘাড়েই এসে পড়ছে।
কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের দৌরাত্ম্য: বাজারে কোনো সুনির্দিষ্ট ঘাটতি না থাকা সত্ত্বেও অনেক সময় কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন। এই ‘সিন্ডিকেট’ ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে পণ্য মজুত করে ঘাটতির ছাপ তৈরি করে দাম বাড়িয়ে দেন।
উৎপাদন খরচ বৃদ্ধি: সারের দাম, কৃষি উপকরণ, শ্রম, বিদ্যুৎ ও জ্বালানি—সবকিছুর দাম বাড়লে উৎপাদন খরচও বেড়ে যায়। কৃষক বেশি খরচ করে উৎপাদন করলে সেটার প্রভাব পণ্যের মূল্যেও পড়ে। ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায়।
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন: বন্যা, খরা, ঘূর্ণিঝড় ইত্যাদি কারণে কৃষিপণ্য উৎপাদন বিঘ্নিত হয়। জলবায়ুর পরিবর্তনের নেতিবাচক প্রভাব দিন দিন বাড়ছে, যা কৃষিনির্ভর অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলছে।
চাহিদা ও সরবরাহের অসামঞ্জস্য: কোনো একটি পণ্যের চাহিদা হঠাৎ বেড়ে গেলে এবং সরবরাহ সেই অনুপাতে না থাকলে দাম বেড়ে যায়। যেকোন উৎসব, রমজান মাস বা বিশেষ মৌসুমে এই ধরনের পরিস্থিতি প্রায়ই দেখা যায়।
অর্থনীতিতে মূল্যবৃদ্ধির নেতিবাচক প্রভাব: মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়া শুধু সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কষ্টই বাড়ায় না, বরং দেশের অর্থনীতিকেও দুর্বল করে দেয়। বাজারে দ্রব্যের দাম বাড়লে মানুষের ব্যয় বেড়ে যায় অথচ আয় বাড়ে না। এর ফলে পুরো অর্থনৈতিক প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে।
ভোক্তা ব্যয় কমে যাওয়ায় বাজারে স্থবিরতা: যখন মানুষের আয় থেকে অধিকাংশ অর্থ খরচ হয়ে যায় চাল, ডাল, তেল, সবজি কেনার পেছনে তখন তারা আর অন্য খাতে ব্যয় করতে পারে না। জামাকাপড়, শিক্ষা, চিকিৎসা, বিনোদনসহ নানা খাতে ব্যয় কমে যায়। এতে অভ্যন্তরীণ বাজারে চাহিদা হ্রাস পায়, ব্যবসার গতি কমে যায় এবং অর্থনৈতিক স্থবিরতা দেখা দেয়।
সঞ্চয় ও বিনিয়োগে ধাক্কা: মূল্যবৃদ্ধির কারণে মানুষ সঞ্চয় করতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষার্ধে দেশের সঞ্চয়ের হার ছিল ২০ দশমিক ৫ শতাংশ, যা বিগত কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন। সঞ্চয় কমে গেলে ব্যক্তিগত ও পারিবারিকভাবে দীর্ঘমেয়াদি বিনিয়োগ যেমন: ব্যবসা শুরু করা, বাড়ি তৈরি বা সন্তানের উচ্চশিক্ষায় ব্যয় করা সম্ভব হয় না। এর ফলে দেশের উন্নয়ন কর্মকাণ্ডও ব্যাহত হয়।
ব্যাংকিং খাতে চাপ বৃদ্ধি: যেহেতু অনেকেই চলতি খরচ মেটাতে ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে, তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণের চাহিদা বাড়ছে। কিন্তু ঋণ গ্রহীতারা সময়মতো ঋণ পরিশোধ করতে না পারায় ঋণ খেলাপি বাড়ছে। আবার ইচ্ছাকৃত ঋণ খেলাপির সংখ্যাও কম নয়। যার ফলে আর্থিক খাতেও সংকট তৈরি হচ্ছে।
দেশীয় শিল্পের জন্য হুমকি: দেশে উৎপাদিত পণ্যের চাহিদা যখন কমে যায়, তখন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হন। পণ্য বিক্রি না হলে তারা উৎপাদন কমিয়ে দেন বা কর্মী ছাঁটাই করেন। এতে বেকারত্ব বেড়ে যায় এবং শিল্প খাতের স্থিতিশীলতা নষ্ট হয় । খেলা পিক
করণীয়: সরকার ও জনগণের সম্মিলনেই হতে পারে কি সমস্যার সমাধান। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও মুদ্রাস্ফীতির এই সংকট থেকে বের হতে হলে এককভাবে কোনো পদক্ষেপ যথেষ্ট নয়। দরকার সরকারের সুপরিকল্পিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতন ভূমিকা। এই সংকট মোকাবিলায় বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি কিছু পদক্ষেপ জরুরি।
সরকার কী করতে পারে?
পণ্যের সরবরাহ নিশ্চিত করা: বাজারে যেন চাহিদার তুলনায় ঘাটতি না হয়, সেজন্য দেশীয় উৎপাদন বাড়াতে হবে এবং প্রয়োজনে সঠিক সময়ে পণ্য আমদানি করতে হবে এবং সরবরাহ নিশ্চিত করতে হবে। এর দ্বারা কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমে যাবে।
টিসিবি ও ওএমএস কার্যক্রম জোরদার করা: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ও খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে, যাতে নিম্ন আয়ের মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারে। এসব কার্যক্রম যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করা জরুরি ।
সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা: বাজারে একচেটিয়া দখল দারিত্ব রোধে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটদের বিরুদ্ধে নজরদারি জোরদার করতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রয়োগ করতে হবে যেন কেউ ইচ্ছাকৃতভাবে দাম বাড়াতে না পারে। এই জন্য ভোক্তা অধিকারকে সক্রিয় হতে হবে।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা: বাংলাদেশ ব্যাংককে কার্যকর মুদ্রানীতি গ্রহণ করতে হবে যাতে বাজারে টাকার সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় থাকে। সুদের হার, রিজার্ভ ব্যবস্থাপনা ও বিনিময় হার নির্ধারণে আরও কৌশলী হতে হবে।
দায়িত্বশীল হোক ব্যবসায়ীরা: দেশে দ্রব্যমূল্যের যে চাপ চলছে, তা কমাতে ব্যবসায়ীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র পণ্যের মুনাফার পেছনে না ছুটে মানব সেবার উদ্দেশ্যে তাদের কিছু দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।
নৈতিকতা মেনে ব্যবসা: সঠিক ও ন্যায্য পথে ব্যবসা চালানো উচিত। ক্রেতাদের ক্ষতির কথা মাথায় রেখে মূল্য নির্ধারণে সততা বজায় রাখতে হবে।
কৃত্রিম সংকট তৈরি করা যাবে না: ইচ্ছাকৃতভাবে পণ্য গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের ঘাটতির ছবি তুলে ধরা খুবই অনৈতিক কাজ। এই ধরনের কাজ থেকে ব্যবসায়ীদেরকে অবশ্যই বিরত থাকতে হবে।
চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা: যেসব পণ্যের চাহিদা বেশি, সেগুলোর সঠিক সরবরাহ নিশ্চিত করতে হবে। পণ্যের ঘাটতি রোধে ব্যবসায়ীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
সাধারণ মানুষের সচেতন ভূমিকা প্রয়োজন: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে শুধু সরকার বা ব্যবসায়ীরা নয়, সাধারণ মানুষকেও দায়িত্বশীল হতে হবে। প্রতিটি দায়িত্বশীল সচেতন সিদ্ধান্তই বাজার স্থিতিশীল রাখতে সহায়ক হবে।
অতিরিক্ত চাহিদা না তৈরি করা: যেকোনো পণ্য দ্রব্যাদি অপ্রয়োজনে বেশি কেনার প্রবণতা বন্ধ করতে হবে। এতে কৃত্রিম সংকট তৈরি হয়, যা দাম বাড়ার অন্যতম কারণ।
বাজারের অনিয়ম তুলে ধরা: যদি কোথাও দাম বেশি নেওয়া হয় বা পণ্য মজুত করে রাখা হয়, তাহলে তা স্থানীয় প্রশাসন বা গণমাধ্যমকে জানানো উচিত। সচেতন নাগরিক হিসেবে এটি আমাদের দায়িত্ব এবং কর্তব্য
ভোক্তা অধিকার রক্ষায় সক্রিয় থাকা: পণ্যের গুণমান, দাম ও সঠিক পরিমাপে নজর রাখা উচিত। প্রয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানাতে হবে।
দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আজ শুধু পরিসংখ্যানের বিষয় নয়, এটি প্রতিটি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বাস্তবতা। আয় অপরিবর্তিত থাকলেও খরচ বেড়েই চলেছে। ফলে খাদ্য, শিক্ষা, চিকিৎসা—সব খাতে ব্যয় সামলানো দিন দিন কঠিন হয়ে উঠছে। এই সংকট থেকে মুক্তি পেতে হলে সরকারের নীতি ও নজরদারির পাশাপাশি ব্যবসায়ীদের মানবিকতা ও সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ জরুরি। বাজারে স্বচ্ছতা, ন্যায্যতা ও সুশাসন নিশ্চিত না হলে এই সংকট আরও গভীর হবে। তাই এখনই সময় সবাই মিলে মুনাফার নয়, মানুষের পাশে দাঁড়ানোর। তবেই সম্ভব হবে একটি স্থিতিশীল ও মানবিক অর্থনীতি গড়ে তোলা।

