বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, কোনো দুর্বল ব্যাংক যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে রাষ্ট্র তার নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এ ক্ষেত্রে আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন তিনি।
গতকাল ১৪ মে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, সদ্য অনুমোদিত ‘ব্যাংক রেজোল্যুশন অ্যাক্ট’-এর আওতায় এখন বাংলাদেশ ব্যাংকের হাতে রয়েছে দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ, অধিগ্রহণ এবং প্রয়োজনে লিকুইডেশনের (লাভ-ক্ষতির হিসাব মিটিয়ে বন্ধ) মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা।
গভর্নর বলেন, “ব্যাংক রেজোল্যুশন আইন ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে, যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের হাতে ব্যাপক ক্ষমতা এসেছে। যদি কোনো ব্যাংকে ঘাটতি থাকে, আমরা একীভূত করব, অধিগ্রহণ করব, এমনকি প্রয়োজনে ব্যাংক বন্ধ করে দেব। প্রয়োজনে রাষ্ট্রও সাময়িকভাবে এসব ব্যাংক নিজের নিয়ন্ত্রণে নিতে পারে।”
তিনি আরও বলেন, “আমানতকারীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ ব্যাংক সব সময় তাদের পাশে রয়েছে। কেউ নিজের আমানতের টাকা হারাবেন না। যেই ব্যাংকে টাকা আছে, সেই ব্যাংকেই রাখুন। আমাদের প্রধান লক্ষ্যই হলো আমানতকারীদের অর্থ রক্ষা করা।”
শেয়ারবাজারে তালিকাভুক্ত কিছু ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত না হওয়ায় সৃষ্ট অস্থিরতা নিয়ে এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, “আমরা কেবল নীতিমালা প্রয়োগ করেছি। বাস্তবায়নের প্রক্রিয়ায় কিছু ব্যাংক সমস্যায় পড়েছে। তারা সময় চেয়েছে। আমরা তাদের এক মাস সময় দিচ্ছি। এর মধ্যে তাদের অবশ্যই আর্থিক প্রতিবেদন সম্পূর্ণ করতে হবে।”
ব্যাংক রেজোল্যুশন অ্যাক্টের আওতায় ব্যাংক অধিগ্রহণ হলে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কী হবে সেই প্রশ্নে গভর্নর আশ্বস্ত করে বলেন, “আমরা বিনিয়োগকারীদের বিষয়টি অবশ্যই বিবেচনায় নেব। তবে দুর্বল ব্যাংকে যারা বিনিয়োগ করেছেন, তারা তা জেনেশুনেই করেছেন।”
তিনি স্পষ্ট করে বলেন, “আমাদের পদক্ষেপ হয়তো এস. আলম, সাইফুজ্জামানদের জন্য ভালো হবে না। তারা তো ব্যাংক ধ্বংস করেছে তাদের জন্য আমাদের করুণা দেখানোর কিছু নেই।”
বাংলাদেশ ব্যাংকের এই অবস্থান স্পষ্টতই ইঙ্গিত দেয়, অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এবং আমানতকারীদের স্বার্থে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত। বিশেষ করে ব্যাংক খাতে জবাবদিহিতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধিতে নতুন এই আইন একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

