দেশে জেট ফুয়েলের দাম কমেছে। ফলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানের যাত্রী ভাড়া কমানোর জন্য এয়ারলাইন্সগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ—বেবিচক।
বৃহস্পতিবার বেবিচক সদরদপ্তরে আয়োজিত এক সভায় এই আহ্বান জানান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া। সভায় উপস্থিত ছিলেন দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের শীর্ষ কর্মকর্তারা।
বেবিচক চেয়ারম্যান জানান, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ১৫ শতাংশ কমানো হয়েছে। আন্তর্জাতিক রুটে কমানো হয়েছে ১২ শতাংশ। তিনি বলেন, “এই সুবিধা যেন যাত্রীরা ভাড়ায় টের পান, সে বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।”
সভায় উপস্থিত এয়ারলাইন্স প্রতিনিধিরাও বিষয়টির গুরুত্ব স্বীকার করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
এদিন সভায় নভোএয়ারকে বিশেষভাবে অভিনন্দন জানানো হয়। ২১ মে ২০২৫ থেকে তারা পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করছে। বেবিচক ও অন্যান্য এয়ারলাইন্স তাদের শুভকামনা জানায়।
সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নিয়েও কথা বলেন চেয়ারম্যান। জানান, ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই এর কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, “টার্মিনালের প্রতিটি সেবা হবে আন্তর্জাতিক মানের। যাত্রীরা উন্নত অভিজ্ঞতা পাবেন।”
এছাড়া কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ প্রায় শেষ বলেও জানান তিনি। কাস্টমস, ইমিগ্রেশন, নিরাপত্তা এবং অবকাঠামো উন্নয়নের কাজ দ্রুত এগোচ্ছে। আশা করা হচ্ছে, ২০২৫ সালের জুন-জুলাই নাগাদ আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হবে।
চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট বাড়ানোর ওপর গুরুত্ব দেন চেয়ারম্যান। রপ্তানি খাত চাঙা করতে এই উদ্যোগ জরুরি বলে তিনি মনে করেন।
তিনি বলেন, “সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বাড়াতে হবে। এয়ারলাইন্সগুলোকে উৎসাহ দিতে আমরা প্রস্তুত।”
সভায় এয়ারলাইন্সগুলোর পক্ষ থেকে গ্রাউন্ড হ্যান্ডলিং সংক্রান্ত কিছু সমস্যা তুলে ধরা হয়। বেবিচক চেয়ারম্যান তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।
তিনি বলেন, “বিমান চলাচলকে আরও সহজ ও সাশ্রয়ী করতে নিয়মিত আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতে সব প্রতিবন্ধকতা দূর করা হবে।”
সভায় বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগের সদস্যসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অংশ নেয়া এয়ারলাইন্স প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে মতামত দেন এবং সম্মিলিতভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

