বাংলাদেশের অর্থনীতিতে একের পর এক ধাক্কা লেগে চলেছে। কোভিড-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক চাপ, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, ডলার সংকট, মূল্যস্ফীতি এবং বৈদেশিক ঋণের বোঝা—সবকিছু মিলিয়ে এখন দেশের অর্থনীতি এক অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এরই মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটি সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব ফেলেছে তা হলো টাকার ক্রয়ক্ষমতা বা মান হ্রাস।
টাকার মান কমা মানেই ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন। যা স্বাভাবিকভাবে আমদানি নির্ভর বাংলাদেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হয়ে উঠেছে। এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে জীবনযাত্রার ব্যয় এবং সংকুচিত হচ্ছে মানুষের মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা।
টাকার অবমূল্যায়নের বাস্তবচিত্র: ২০২৪ ও ২০২৫ সালের আর্থিক প্রেক্ষাপটে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টাকার ক্রয়ক্ষমতা হ্রাস। গত দুই বছরে বাংলাদেশের মুদ্রা টাকার মান ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। ২০২৩ সালের জানুয়ারিতে প্রতি ডলারের গড় বিনিময় হার ছিল প্রায় ১০৪ দশমিক ৩৯ টাকা (বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক বাজারভিত্তিক গড় অনুযায়ী)। ২০২৫ সালের মে মাসে (সর্বশেষ) প্রতি ডলারের হার ১২১ দশমিক ৪৬ থেকে ১২১ দশমিক ৯৮ টাকা পর্যন্ত উঠেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী।
সুতরাং ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের মে মাস পর্যন্ত, ডলারের বিপরীতে টাকার মান প্রায় ১৭% কমেছে। এই অবমূল্যায়ন আমদানি ব্যয় বৃদ্ধি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে হয়েছে
টাকার এই অবমূল্যায়নের পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ:
প্রথমতঃ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আমদানি ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি রপ্তানি ও প্রবাসী আয় প্রত্যাশিত হারে না বাড়ায় রিজার্ভ চাপের মুখে পড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে দেশে পণ্যের গড় দাম বেড়েছে প্রায় ৯ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে খাদ্যপণ্যের দাম বেড়েছে আরও বেশি—প্রায় ১২ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ আগের চেয়ে একই পরিমাণ খাদ্য কিনতে এখন অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে। বর্তমানে রিজার্ভ নেমে এসেছে ২১ বিলিয়ন ডলারের নিচে, যা কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।
দ্বিতীয়ত: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অস্থিরতা এবং বৈশ্বিক বাজারে মূল্যস্ফীতির ফলে আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটেছে। যার প্রভাব পড়েছে আমাদের আমদানি নির্ভর অর্থনীতিতে। তেল, গ্যাস এবং খাদ্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয় অনেকগুণ বেড়েছে।
তৃতীয়ত: বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে সরকারের ওপর চাপ বেড়েছে, যা সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতায় বিঘ্ন সৃষ্টি করছে এবং বাজেট ঘাটতি আরও বাড়াচ্ছে।
এই পরিস্থিতির ফলে দেশে দ্রব্যমূল্য বেড়েছে দ্রুতগতিতে বিশেষ করে খাদ্য, জ্বালানি ও শিল্প কাঁচামালের ক্ষেত্রে। সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়ে গেছে অথচ আয় একই রয়ে গেছে। যার ফলে জনজীবনে দুর্ভোগ ক্রমেই তীব্রতর হচ্ছে। টাকার অবমূল্যায়ন এখন আর কেবল অর্থনীতির পরিসংখ্যানগত ইস্যু নয়, এটি সরাসরি মানুষের জীবনমানের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং তা কাটিয়ে উঠতে এখনই প্রয়োজন সুদূরপ্রসারী ও কার্যকর অর্থনৈতিক পদক্ষেপ।
টাকার অবমূল্যায়নের পেছনের কারণসমূহ: বর্তমানে টাকার অবমূল্যায়নের পেছনে একাধিক কারণ কাজ করছে, যার প্রভাব সরাসরি দেশের অর্থনীতি এবং জনজীবনে পড়ছে। এর মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে দেশে মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়া। যখন পণ্যের দাম বাড়তে থাকে, তখন টাকার ক্রয়ক্ষমতা কমে যায়। অর্থাৎ আগে যেটা একশ টাকায় কেনা যেত, এখন সেটার জন্য খরচ করতে হচ্ছে আরও বেশি টাকা। এর ফলে টাকার প্রকৃত মূল্য কমে যাচ্ছে।
অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়াও একটি বড় কারণ। যখন দেশের কাছে বিদেশি মুদ্রা বিশেষ করে ডলার কম থাকে, তখন আমদানি খরচ মেটাতে বেশি দামে ডলার কিনতে হয়। এতে করে টাকার দাম আরও পড়ে যায়। বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২১ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে, যা কয়েক বছর আগের তুলনায় অনেক কম।
বিশ্ব অর্থনীতির অস্থিরতাও এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপসহ বিভিন্ন দেশের সুদের হার বাড়ানো, তেলের দাম ওঠানামা এবং বৈশ্বিক মন্দার আশঙ্কা আন্তর্জাতিক আর্থিক বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। এর প্রভাব উন্নয়নশীল দেশগুলোর মুদ্রার উপর পড়ছে, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
এছাড়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি ও খাদ্যবাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়েছে এবং পরিবহন খরচও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশকে অধিকাংশ খাদ্য ও জ্বালানি পণ্য বিদেশ থেকে আমদানি করতে হয়। ফলে ডলারের প্রয়োজন বেড়ে গেছে এবং টাকার মান কমেছে।
আরও একটি গুরুত্বপূর্ণ কারণ হলো দেশের আমদানি ব্যয় অতিমাত্রায় বেড়ে যাওয়া। রপ্তানির তুলনায় আমদানি অনেক বেশি হওয়ায় বৈদেশিক মুদ্রার ওপর চাপ পড়ছে। এই অবস্থায় ডলারের চাহিদা বেশি থাকলেও সরবরাহ কম, ফলে ডলারের দাম বাড়ছে আর টাকার মান পড়ছে। এইসব কারণ মিলেই দেশের মুদ্রাবাজারে টাকার অবমূল্যায়ন ঘটছে। যা নিয়ন্ত্রণে আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।
জনজীবনের সংকট, ব্যয়ের ভারে নুয়ে পড়ছে পরিবার:বর্তমানে টাকার অবমূল্যায়ন এবং মূল্যস্ফীতির কারণে দেশের সাধারণ মানুষ এক কঠিন সময় পার করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় পরিবারের মাসিক খরচ অনেক গুণ বেড়ে গেছে, অথচ আয়ের পরিমাণ তেমন বাড়েনি। এর ফলে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষ চরম অর্থনৈতিক চাপে রয়েছে।
একদিকে চাল, ডাল, তেল, পেঁয়াজের মতো ভোগ্যপণ্যের দাম বেড়েছে। অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ, পরিবহনসহ দৈনন্দিন সব খাতে ব্যয় বেড়ে গেছে। নিচে কিছু পণ্যের দাম তুলনামূলকভাবে দেখলেই বোঝা যায়, পরিস্থিতি কতটা ভয়াবহ। পণ্যদ্রব্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ২০২৪ সালের মে মাসের তুলনায় ২০২৫ সালের মে মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেমন: মাঝারি মানের চালের দাম কেজিপ্রতি ৫০ টাকা থেকে বেড়ে ৭৫ টাকায় দাঁড়িয়েছে, যা ৫০ শতাংশ বৃদ্ধি। মসুর ডালের দাম ৯০ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা অর্থাৎ ৩৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
পেঁয়াজের দাম সবচেয়ে বেশি বেড়েছে—৪৫ টাকা থেকে এক লাফে ৬৫ টাকা হয়েছে, যা প্রায় ৬৯ শতাংশ বৃদ্ধি। সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৬০ টাকা থেকে বেড়ে ১৯০ টাকায় পৌঁছেছে, ২০ শতাংশ বৃদ্ধি। ডিমের দামও একেকটি ১০ টাকা থেকে ১৫ টাকায় পৌঁছেছে, যা ৫০ শতাংশেরও বেশি বৃদ্ধি নির্দেশ করে।
এই বাস্তবতা সবচেয়ে বেশি আঘাত হেনেছে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত শ্রেণির ওপর। একজন স্কুলশিক্ষক, অফিসকর্মচারী কিংবা দিনমজুর—যাঁদের মাসিক আয় আগের মতোই রয়ে গেছে—তাঁদের জন্য আজ বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। মাসের শুরুতে যা আয় হয় তার সিংহভাগ খরচ হয়ে যায় খাবার, গ্যাস, বিদ্যুৎ ও পরিবহনে। ফলে মাস শেষে সঞ্চয়ের তো প্রশ্নই ওঠে না, বরং ঋণ করে চলাই অনেকের জন্য এখন একমাত্র উপায়।
এছাড়া ওষুধ ও চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা গ্রহণ করাও অনেকের জন্য দুঃসাধ্য হয়ে উঠেছে। শিক্ষাখাতে ব্যয় বাড়লেও আয় অপরিবর্তিত থাকায় অনেক পরিবার সন্তানদের ভালো শিক্ষা নিশ্চিত করতেও হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে দেশে গড় মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৭%, আর খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ১২ দশমিক ৩%—যা গত এক দশকের মধ্যে অন্যতম সর্বোচ্চ। এই পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্রীয় নীতিনির্ধারকদের কার্যকর উদ্যোগ প্রয়োজন। ন্যূনতম আয় বাড়ানো, বাজার নিয়ন্ত্রণে রাখা এবং জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখার জন্য টেকসই ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি।
সম্ভাব্য সমাধান ও করণীয়: টাকার অবমূল্যায়ন রোধ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একসঙ্গে বিভিন্ন খাতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। সবচেয়ে আগে প্রয়োজন রপ্তানি খাতকে শক্তিশালী করা। দেশে উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো গেলে, টাকার উপর চাপ কমবে এবং বিনিময় হার স্থিতিশীল থাকবে। একই সঙ্গে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য আকৃষ্ট করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। এর জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, সহজ ব্যবসায়িক নীতি এবং কর অবকাঠামোতে স্বচ্ছতা প্রয়োজন।
অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ করাও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশে উৎপাদনযোগ্য পণ্য বিদেশ থেকে আনা বন্ধ করলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, যা রিজার্ভ বাড়াতে সহায়তা করবে। পাশাপাশি অভ্যন্তরীণ শিল্পখাতকে উৎসাহিত করলে কর্মসংস্থান বাড়বে এবং স্থানীয় চাহিদা মেটাতে সক্ষমতা তৈরি হবে।
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজন সুদৃঢ় আর্থিক নীতি। কেন্দ্রীয় ব্যাংকের উচিত প্রয়োজন অনুযায়ী সুদের হার সমন্বয় করা, যাতে অর্থের সরবরাহ নিয়ন্ত্রিত থাকে। একইসঙ্গে সরকারকে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে রাজস্ব আদায়ে জোর দিতে হবে। এই অর্থ দেশের উৎপাদন খাত, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যয় করলে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব পড়বে। অর্থনৈতিক নীতিতে স্থিরতা বজায় রাখা এবং জনগণের আস্থা তৈরি করাও জরুরি। আকস্মিক নীতিগত পরিবর্তন বা অস্বচ্ছ সিদ্ধান্ত সাধারণ মানুষের মাঝে অনিশ্চয়তা সৃষ্টি করে, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলে।
এই পরিস্থিতিতে সরকার, ব্যাংক ও ব্যবসায়ী সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। সরকার ও বাণিজ্যিক ব্যাংকগুলোর উচিত জনগণকে মুদ্রা ব্যবস্থাপনা ও বিনিময় হারের বিষয়ে সচেতন করা। ব্যবসায়ীদের দায়িত্ব হলো পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অপ্রয়োজনে দাম বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরি না করা। একই সঙ্গে জনগণের মাঝেও বৈদেশিক মুদ্রা ব্যবহারে সচেতনতা বাড়াতে হবে, যেন অপচয় না হয় এবং দেশের রিজার্ভে চাপ না পড়ে।
সব মিলিয়ে এই সংকটের সমাধান সম্ভব—শুধু প্রয়োজন সময়োপযোগী সিদ্ধান্ত, সঠিক বাস্তবায়ন এবং সব শ্রেণির মানুষের সম্মিলিত প্রচেষ্টা।
টাকার অবমূল্যায়ন শুধু অর্থনীতির পরিসংখ্যানগত একটি ইস্যু নয়—এটি সরাসরি সাধারণ মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া এবং সঞ্চয়হীন বাস্তবতায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষেরা দিন দিন দিশেহারা হয়ে পড়ছে। এই সংকট থেকে উত্তরণের জন্য প্রয়োজন সময়োপযোগী ও কার্যকর অর্থনৈতিক নীতি, আন্তঃপ্রতিষ্ঠানিক সমন্বয় এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা। একই সঙ্গে প্রয়োজন জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং একটি স্থিতিশীল, স্বচ্ছ অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করা। নীতিনির্ধারক, ব্যবসায়ী সমাজ এবং জনগণ—সবার সম্মিলিত চেষ্টাই পারে দেশের টাকার মান স্থিতিশীল করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনতে।

