আগামী অর্থবছরের উন্নয়ন বাজেটে বড় রকমের কাটছাঁট আসছে। পরিকল্পনা কমিশন প্রস্তাবিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করেছে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা, যা চলতি বছরের তুলনায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা কম।
সরকারি তহবিল থেকে আসবে ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা। বৈদেশিক সহায়তা থাকবে ৮৬ হাজার কোটি। সংস্থার নিজস্ব অর্থায়নে যোগ হবে আরও ৮ হাজার ৫৯৯ কোটি টাকা। সব মিলিয়ে মোট এডিপির আকার দাঁড়াচ্ছে ২ লাখ ৩৮ হাজার ৫৯৯ কোটি টাকা।
এই বাজেটের প্রায় ৭০ শতাংশ অর্থ যাচ্ছে পরিবহণ, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য এবং গৃহায়ন—এই পাঁচটি খাতে। এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। আর সবচেয়ে কম বরাদ্দ সংসদবিষয়ক সচিবালয়ে—মাত্র ২০ হাজার টাকা।
আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য এডিপির খসড়া তোলা হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতে সভাপতিত্ব করবেন।
বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলছেন, বরাদ্দের আকার বড় বা ছোট নয়, মূল বিষয় হলো বাস্তবায়ন। সাধারণত বছরের শুরুতে প্রকল্পের গতি কম থাকে। আবার শেষ সময়ে হঠাৎ খরচ বেড়ে যায়। এবার সরকার সেই চক্র ভাঙতে পারে কি না, সেটাই দেখার বিষয়।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, চলতি বছরের এডিপির আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। নতুন বাজেট আগের তুলনায় ১৩ শতাংশ কম। আর সংশোধিত এডিপির তুলনায় কমছে প্রায় ১৪ হাজার কোটি টাকা।
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলছেন, এবার উচ্চাভিলাষী নয়, বাস্তবভিত্তিক একটি বাজেট করার চেষ্টা চলছে। যাতে অর্থ সংস্থান ও বাস্তবায়ন—দুই দিকেই ভারসাম্য থাকে।
নতুন এডিপিতে মোট প্রকল্প থাকছে ১ হাজার ১৪৩টি। এর মধ্যে ৯৬৯টি বিনিয়োগ প্রকল্প, ১৯টি সমীক্ষা এবং ৯৭টি কারিগরি সহায়তা প্রকল্প। সংস্থার নিজস্ব অর্থায়নে চলবে ৫৮টি প্রকল্প।
এছাড়া নতুন অর্থবছরে অনুমোদন ছাড়াই অন্তর্ভুক্ত হচ্ছে আরও ৯৯০টি প্রকল্প। এর মধ্যে ৭৫৪টি থাকবে সরকারি অর্থায়নে, ২০০টি বৈদেশিক ঋণে এবং ৩৬টি বাস্তবায়ন করবে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো।
পিপিপি ভিত্তিক প্রকল্প থাকছে ৭৯টি। জলবায়ু পরিবর্তন ট্রাস্টের আওতায় অন্তর্ভুক্ত হবে ২২৮টি প্রকল্প।
সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে যেসব খাত:
- পরিবহণ ও যোগাযোগ: ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা (২৫.৬৪%)
- বিদ্যুৎ ও জ্বালানি: ৩২ হাজার ৩৯২ কোটি টাকা (১৪.৮%)
- শিক্ষা: ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা
- গৃহায়ন ও কমিউনিটি সুবিধা: ২২ হাজার ৭৭৬ কোটি টাকা
- স্বাস্থ্য: ১৮ হাজার ১৪৮ কোটি টাকা
বেশি বরাদ্দপ্রাপ্ত ১০টি মন্ত্রণালয় ও বিভাগ:
- স্থানীয় সরকার বিভাগ: ৩৬ হাজার ৯৮ কোটি টাকা
- সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ: ৩২ হাজার ৩২৯ কোটি
- বিদ্যুৎ বিভাগ: ২০ হাজার ২৮৩ কোটি
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ: ১৩ হাজার ৬২৫ কোটি
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ১২ হাজার ১৫৪ কোটি
- স্বাস্থ্যসেবা বিভাগ: ১১ হাজার ৬১৭ কোটি
- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়: ১১ হাজার ৩৯৮ কোটি
- নৌপরিবহণ মন্ত্রণালয়: ৯ হাজার ৩৮৭ কোটি
- পানিসম্পদ মন্ত্রণালয়: ৮ হাজার ৪৮৯ কোটি
- রেলপথ মন্ত্রণালয়: ৭ হাজার ৭১৪ কোটি

