বহুদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের হাজারো কর্মকর্তা। অবশেষে তাঁদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে। একসঙ্গে পদোন্নতি পেয়েছেন ৭ হাজার ২১৫ জন। তবে এই ‘সুপার নিউমারারি’ পদ্ধতিতে দেওয়া পদোন্নতি নিয়ে এখন উঠেছে প্রশ্ন। বিষয়টি তদন্তে নেমেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা বর্তমানে নতুন পদে দায়িত্ব পালন করছেন। অনেকে পেয়েছেন গাড়ির সুবিধাও। সোনালী ব্যাংক ইতিমধ্যে প্রায় ২০০ কর্মকর্তাকে গাড়ি বরাদ্দ দিয়েছে। অগ্রণী, রূপালী ও জনতা ব্যাংকেও এ সুবিধা চালু হচ্ছে।
তবে এই পদোন্নতির পেছনে অনিয়মের অভিযোগ উঠতেই সরকারের নজরে আসে বিষয়টি। এফআইডি জানায়, এসব পদোন্নতির আগে তাদের অনুমতি নেওয়া হয়নি। নিয়ম লঙ্ঘন করে এত বড় সিদ্ধান্ত নেওয়ায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্তে অনিয়ম ধরা পড়লে পদোন্নতি বাতিল হওয়ার আশঙ্কায় আছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেকে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন।
ব্যাংক সূত্র জানায়, সোনালী ব্যাংকে পদোন্নতি পেয়েছেন ২ হাজার ২০০ জন, অগ্রণীতে ৩ হাজার ৮৪ জন, রূপালীতে ৩ হাজার ২০৯ জন এবং জনতা ব্যাংকে ৫৭৯ জন। পদোন্নতি দেওয়া হয়েছে ডিজিএম, এজিএম, এসপিও, পিও ও এসও পদে।
তদন্ত কমিটি ইতিমধ্যে ব্যাংকগুলো থেকে তালিকা সংগ্রহ করেছে। গত মঙ্গলবার চার ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা প্রয়োজনীয় নথিপত্রসহ তদন্ত কমিটির সামনে হাজির হন।
এফআইডির এক কর্মকর্তা জানান, এভাবে একসঙ্গে এত বড় পদোন্নতিতে অনিয়মের সুযোগ তৈরি হয়। তাই যাচাই-বাছাই করা হচ্ছে। চিঠি দিয়ে ১৩ মে’র মধ্যে সব তথ্য জমা দিতে বলা হয়েছিল।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এই পদোন্নতিতে অতিরিক্ত ব্যয় হয়নি। বরং কর্মকর্তারা উৎসাহিত হয়েছেন, যা ব্যাংকের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলছে।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান বলেন, আগে যারা অবহেলিত ছিলেন, তাঁদেরই স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের আগ্রহ বেড়েছে।
পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মুসলিম চৌধুরী বলেন, নিয়ম মেনেই পদোন্নতি দেওয়া হয়েছে। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের বৈষম্য দূর করা।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জানান, আগের সরকারের সময় যাঁরা পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন, তাঁদেরই বিবেচনায় নেওয়া হয়েছে। তবে তিনি বলেন, ঢালাওভাবে নয়, প্রতিটি পদোন্নতির পেছনে নিয়ম-নীতি মেনে কাজ করা উচিত।
প্রসঙ্গত, এর আগে প্রশাসন, পুলিশ এবং স্বাস্থ্য খাতেও একই পদ্ধতিতে অতিরিক্ত পদ সৃষ্টি করে সুপার নিউমারারি ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছিল। তবে একসঙ্গে ৭ হাজারের বেশি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়ার নজির এই প্রথম।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কিছু বলা না গেলেও সংশ্লিষ্টদের মধ্যে এখন চরম অনিশ্চয়তা।

