দেশের শেয়ার বাজারে একটানা দরপতনের ফলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। বৃহস্পতিবার (১৫ মে) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকটি ৫৪.৫৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৪,৭৮১ পয়েন্টে, যা ২০২০ সালের ২৪ আগস্টের পর সর্বনিম্ন।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, এই ঢালাও দরপতনে বিনিয়োগকারীরা চরম হতাশার মধ্যে পড়েছেন। বাজারে ভালো ও মন্দ—সব ধরনের শেয়ারের দাম একসঙ্গে কমতে থাকলে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে বাজার সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের ডাকা হয়নি, অথচ তারাই সবচেয়ে ভালো জানেন বাজারের বাস্তব সমস্যা কোথায়। মূল সমস্যা সমাধানে আস্থাহীনতা এখন বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।
গত ৯ মাস ধরে বাজার সংস্কারের কথা বলা হলেও বাস্তবে তেমন কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার লেনদেনের চিত্র বিশ্লেষণ করে দেখা যায়, ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির মধ্যে মাত্র ৪২টির দাম বেড়েছে, ৩১৭টির দাম কমেছে এবং ৩৬টির দাম অপরিবর্তিত রয়েছে।
‘এ’ ক্যাটাগরির, অর্থাৎ ভালো লভ্যাংশ প্রদানকারী কোম্পানিগুলোর শেয়ারের মধ্যেও ছিল বড় ধরনের দরপতন। মাত্র ১৯টি ‘এ’ ক্যাটাগরির শেয়ারের দাম বেড়েছে, ১৮২টির কমেছে এবং ১৫টির কোনো পরিবর্তন হয়নি। ফলে প্রধান সূচকটি ৪,৭৮১ পয়েন্টে নেমে এসেছে, যা ২০২০ সালের ২৪ আগস্টের ৪,৭৬২ পয়েন্টের পর সর্বনিম্ন।
ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০৩৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০ পয়েন্ট কমে ১,৭৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। পাশাপাশি বাজারের দৈনন্দিন লেনদেনও কমে ৩০০ কোটির নিচে নেমে এসেছে। এদিন লেনদেন হয়েছে মাত্র ২৯৬ কোটি ৮৪ লাখ টাকার, আগের দিন যা ছিল ২৯৪ কোটি ১৭ লাখ টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর চিত্রও ছিল একই রকম। মোট ২০৫টি কোম্পানির মধ্যে ৩৭টির দর বেড়েছে, ১৫১টির কমেছে, ১৭টির অপরিবর্তিত ছিল। এই বাজারের সূচক সিএএসপিআই কমেছে ১৩৭ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ টাকা, আগের দিন যা ছিল ১১ কোটি ২২ লাখ টাকা।
এই পরিস্থিতি নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে বাজার খারাপ যাচ্ছে। বিনিয়োগকারীরা দিশেহারা ও ক্ষতির ভারে নিঃস্ব হয়ে পড়েছে। এখন সময় এসেছে সবাইকে নিয়ে বসে মূল সমস্যা চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ নেওয়ার।”
ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শাকিল রিজভী বলেন, “আমরা দীর্ঘ ৯ মাস ধরে সংস্কারের কথা শুনে আসছি। কিন্তু বাস্তবায়নে কোনো অগ্রগতি নেই, যা বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কেবল আলোচনা করছে, বাস্তব পদক্ষেপ নিচ্ছে না। বাজারে উন্নয়ন আনতে হলে কেবল আলোচনা নয়, ইনসেনটিভ দিয়ে বাস্তব উদ্যোগ নিতে হবে।”
বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নীতিনির্ধারকদের পাশাপাশি বাজার সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছেন বিশ্লেষকরা। তা না হলে আস্থার সংকট আরও দীর্ঘায়িত হবে এবং বাজার আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।

