বোরো মৌসুমের চাল বাজারে আসায় রাজধানীর খুচরা বাজারে চালের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। তিন সপ্তাহের ব্যবধানে চালের কেজিতে ৪ থেকে ১২ টাকা পর্যন্ত কমে এসেছে। বিশেষ করে মিনিকেট চালের দাম মাসখানেক আগের তুলনায় ১০-১৫ টাকা কমে এসেছে, যা এখন ৭২-৭৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে; অথচ এক মাস আগে তা ৮২-৯০ টাকায় ছিল।
শুক্রবার (১৬ মে) রাজধানীর শাহজাদপুর, নতুনবাজার ও বাড্ডার বাজার ঘুরে দেখা যায়, মোটা চালের মধ্যে স্বর্ণা বিক্রি হচ্ছে ৫২-৫৫ টাকায়, মাঝারি চালের মধ্যে ব্রি-২৮, ব্রি-২৯ ও পাইজাম বিক্রি হচ্ছে ৫৮-৬০ টাকায়। অন্যদিকে নাজিরশাইল চাল মানভেদে ৮০-৯০ টাকায় এবং বাসমতি চাল ৯৫ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে বাজারে ডিম ও গরুর মাংসের দাম বেড়েছে। এক সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৪০-১৪৫ টাকায়, যেখানে গত সপ্তাহে তা ছিল ১৩০-১৩৫ টাকা। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহের কারণে ডিম উৎপাদন ব্যাহত হয়েছে, ফলে বাজারে সরবরাহ কমে গেছে এবং মূল্য বেড়েছে।
গরুর মাংসের ক্ষেত্রেও একই ধারা দেখা যাচ্ছে। কোরবানির ঈদকে সামনে রেখে খামারিরা গরু বাজারে ছাড়ছেন না। ফলে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে গেছে। বর্তমানে গরুর মাংস কেজিতে বিক্রি হচ্ছে ৭৮০-৮০০ টাকায়, যা গত সপ্তাহের তুলনায় প্রায় ৩০ টাকা বেশি। শাহজাদপুরের এক মাংস বিক্রেতা জালাল উদ্দিন বলেন, “খামারিরা কোরবানির হাটের জন্য গরু ধরে রাখছেন। তাই এখন বেশি দামে কিনে আনতে হচ্ছে।”
তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। কেজিপ্রতি দাম ১০-২০ টাকা হ্রাস পেয়ে বর্তমানে তা ১৬০-১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর।
সবজির বাজারে স্থিতিশীলতা থাকলেও দাম এখনো তুলনামূলকভাবে কিছুটা বেশি। পটল, ঢ্যাঁড়স, ঝিঙে, চিচিঙ্গা, বরবটি, পেঁপে, টমেটো, ধুন্দল ও লাউ ৪০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। কাঁকরোল ও বেগুনের কেজি দাম ৭০-৮০ টাকা। সবজি বিক্রেতা ইমাম হোসেন বলেন, “এই সময়টায় সবজির আবাদ কম হয়, তাই দাম একটু বেশি থাকেই।”
চাল কমলেও অন্যান্য নিত্যপণ্যের দাম বৃদ্ধির ফলে ভোক্তাদের সামগ্রিক বাজার খরচে খুব বেশি স্বস্তি আসছে না। ঈদ সামনে থাকায় মাংস ও ডিমের বাজারে চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

