প্রতি বছর কোরবানির ঈদ ঘিরে দেশের মসলার বাজারে দেখা দেয় চড়া দাম ও অস্থিরতা। তবে এবার রাজধানীর বড় দুই পাইকারি বাজার—চকবাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে ভিন্ন এক চিত্র। এখনো বেশিরভাগ মসলার দাম স্থিতিশীল। অনেক মসলার দাম গত বছরের চেয়েও কম। শুধু এলাচের দাম বেড়ে হয়েছে রেকর্ড চূড়ায়।
দেশজুড়ে ঈদের আগে প্রায় ২০ ধরনের মসলার কেনাবেচা হয়ে থাকে। এবার এর মধ্যে ১৮টি মসলার দাম কমেছে। ব্যতিক্রম এলাচ। সরবরাহ কম থাকায় এই একটি মসলার দাম নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
বাংলাদেশ গরম মসলা ব্যবসায়ী সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি অমর কান্তি দাশ জানিয়েছেন, এবার প্রায় সব ধরনের মসলার দামই তুলনামূলক কম। শুধু এলাচের দাম বেড়েছে। কারণ গুয়েতেমালায় উৎপাদন কম হওয়ায় সরবরাহ কমেছে। তবে ভারতসহ অন্যান্য দেশ থেকে মসলা আসা অব্যাহত আছে। তাই বাজারে ঘাটতি নেই।
পুরান ঢাকার চকবাজারে ভারতীয় জিরা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬২০ টাকায়। গত বছর ছিল ৬৫০ থেকে ৬৮০ টাকা। দারুচিনি এখন ৪৯০ টাকা, যা গত বছর ছিল ৫৫০ টাকা। জয়ফল বিক্রি হচ্ছে ৭২০ টাকায়, যা গত বছর ছিল ৬৭০ টাকা। তবে লবঙ্গের দাম বেড়েছে কিছুটা। এখন বিক্রি হচ্ছে ১ হাজার ৩৩০ টাকা কেজি, যা গত বছর ছিল ১ হাজার ২০০ টাকা।
এছাড়া পাইকারি বাজারে ধনিয়া বিক্রি হচ্ছে ১৯০ টাকা, তেজপাতা ২২০ টাকা এবং সরিষা ১১০ টাকায়।
খুচরা বাজারে দেশি রসুন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৬০ টাকায়। চীনা রসুন ২০০ থেকে ২৪০ টাকায়। দেশি শুকনো মরিচ মিলছে ২৮০ থেকে ৩০০ টাকায়, আর আমদানি করা মরিচ ৩৫০ থেকে ৩৭০ টাকায়। আদা ১৫০ টাকা কেজিতে, হলুদ ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে বাজারে সবচেয়ে বেশি আলোচনায় এলাচ। পাইকারি বাজারে এলাচের দাম কেজি প্রতি ৫ হাজার থেকে ৫ হাজার ১০০ টাকা। গত বছর ছিল ৪ হাজার টাকার আশপাশে। এক বছরে দাম বেড়েছে প্রায় এক হাজার টাকা।
চকবাজারের এক ব্যবসায়ী জানান, এখন যে এলাচ বিক্রি হচ্ছে, তা পুরনো মজুদ। নতুন এলাচ আসছে উচ্চ দামে। কারণ কেজি প্রতি আমদানি খরচই সাড়ে ৪ হাজার টাকা। সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ হয়ে পাইকারি দাম দাঁড়ায় প্রায় ৬ হাজার টাকা। তাই পুরনো এলাচই বিক্রি হচ্ছে প্রায় ৫ হাজারে।
এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জ মসলার বাজারেও এলাচের দাম চড়া। সেখানে ছোট আকারের ভালোমানের এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ থেকে ৪ হাজার ৮০০ টাকায়। জিরা বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। লবঙ্গ ১ হাজার ২৫০, দারুচিনি ৩৭০ থেকে ৪৭০, গোলমরিচ ১ হাজার ১৮০ এবং জয়ত্রি বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৯০০ টাকায়।
খাতুনগঞ্জের পাইকারি বিক্রেতা রাইসুল ইসলাম বলেন, আমাদের গুদামে যা মজুদ ছিল, সব বিক্রি হয়ে গেছে। এবার কম লাভে মসলা দিতে হচ্ছে।
সব মিলিয়ে, কোরবানির ঈদের আগে মসলার বাজারে স্বস্তির হাওয়া। বেশিরভাগ মসলার দাম স্থিতিশীল বা কম। তবে এলাচের উচ্চমূল্য ভোক্তাদের চিন্তায় ফেলেছে।

